ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

তৃণমূলের প্রতিভা খুঁজতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন ১ জুলাই


তৃণমূলের প্রতিভা খুঁজতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন ১ জুলাই

দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের (২০২৬-২৭) অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই ঘোষণা দেন।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত দুই মাসব্যাপী এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাদের যুক্ত করতে স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী সবাইকে অবগত করেন। প্রতিযোগিতা আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে।

আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে

প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় আসরের পরিধি তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পেলেও, এবারের আসরে দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।

এছাড়া তরুণদের চাহিদার কথা বিবেচনা করে প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সাথে এবার নতুন করে টেবিল টেনিস এবং ভলিবল যুক্ত করা হয়েছে। ফলে মোট ১০টি ইভেন্টে দেশের বিপুল সংখ্যক তরুণ ক্রীড়াবিদ তাদের মেধা বিকাশের প্ল্যাটফর্ম পাবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ (প্রথম আসর)-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা উঠবে। ১০টি অঞ্চলের বাছাই করা দেশসেরা কিশোর ও তরুণ অ্যাথলেটদের নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসব চলবে ২৭ জুলাই পর্যন্ত। ২৭ জুলাই বিকেল ৩ টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিমন্ত্রী আরও জানান, শুধুমাত্র একটি টুর্নামেন্ট আয়োজন করাই সরকারের লক্ষ্য নয়। বরং এই নতুন কুঁড়িদের পরিচর্যা করে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

প্রথম আসরে ১০টি অঞ্চল থেকে মোট অংশগ্রহণকারীর খেলোয়াড়ের সংখ্যা ছিল এক লাখ ৬৮ হাজার ৬৫৬ জন, এর মধ্যে বালক এক লাখ ২১ হাজার ৪৯৯ এবং বালিকা ৪৭ হাজার ১৫৭ জন। জাতীয় পর্যায়ে খেলোয়াড় ও কর্মকর্তার সংখ্যা হবে মোট এক হাজার ৭০০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজদিখানে অনৈতিক কাজে আটক জমির মুন্সি বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


সিরাজদিখানে অনৈতিক কাজে আটক জমির মুন্সি বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সি অনৈতিক কাজে হাতেনাতে ধরা পড়ার কারণে দল থেকে বহিষ্কারের মুখে পড়তে হচ্ছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামে এক নারীর সঙ্গে একান্তে অবস্থানকালে উত্তেজিত জনতা তাকে আটক করে। জমির মুন্সি মোল্লাকান্দি গ্রামের মরহুম তাহের আলী মুন্সির মেজো ছেলে।

স্থানীয়দের দাবি, জমির মুন্সির বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা রয়েছে। পরে এলাকাবাসী তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, "জমির মুন্সি বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরে জানাতে পারব।"

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, "বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী বলেন, "নারী কেলেঙ্কারির বিষয়টি আমরা শুনেছি। সংশ্লিষ্ট বালুচর ইউনিয়ন কমিটির সদস্য সচিবকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কারও প্রতি যাতে অন্যায় না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস' স্বীকৃতি দিল কুবি

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সাথে, দিনটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১১ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে। পুলিশের গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জে প্রায় ১৫ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন।

এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই প্রতিরোধ দেশব্যাপী চলমান আন্দোলনে নতুন গতি সঞ্চার করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়ে।

এর আগে, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস ১১ জুলাই’ শীর্ষক স্মরণসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১১ জুলাইকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম বলেন, "শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ১১ জুলাইকে প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে সিন্ডিকেট। ওইদিন কোন কোন ধরনের কর্মসূচী হবে কীভাবে সম্পন্ন হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুশ্রম বন্ধ করতে হবে নিজ ঘর থেকে: শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


শিশুশ্রম বন্ধ করতে হবে নিজ ঘর থেকে: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে হবে, শুধু সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না থেকে। তার মতে, শিশুশ্রম নির্মূলের কাজ শুরু হতে হবে নিজের ঘর থেকে।

মন্ত্রী এ কথা সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি’ এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা।

মন্ত্রী আরো বলেন, বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সচেতনতা এবং স্বাস্থ্য সুরক্ষায় আমাদের আরও কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, যে একটি শিশু সুস্থভাবে বেড়ে উঠছে কিনা, তা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়বদ্ধতা।

তিনি বলেন, মানবসম্পদ দেশের সবচেয়ে বড় নিয়ামত এবং এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

তিনি আগামী এক বছরের মধ্যে টেকসই ও ফলপ্রসূ পাইলট প্রোগ্রাম ডিজাইন করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন। মন্ত্রী বলেন, পরের বছর তিনি দেখতে চাইবেন, পাইলট প্রোগ্রামের মাধ্যমে কত শতাংশ শিশুকে শ্রম থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা দিতে পেরেছেন। বক্তৃতায় যা বলেন, তা যেন কাজে বাস্তবায়ন করতে পারেন, এটাই প্রধান চ্যালেঞ্জ।

শিশুশ্রমের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক গণসচেতনতা তৈরির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার ওপরও বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রতিটি মসজিদে জুমার খুতবায় শিশুশ্রমের কুফল ও এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা নিয়ে আলোচনা করা যেতে পারে। একইভাবে, রামকৃষ্ণ মিশন, বৌদ্ধ বিহার এবং চার্চসহ সব ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় সভাকে এই সচেতনতা তৈরিতে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে শিশুশ্রম পরিস্থিতির একটি সার্বিক চিত্র উপস্থাপন করা হয়, যেখানে এ খাতে দেশের অর্জনের পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়। শিশু অধিকারবিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে উপস্থাপন করেন শিশুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তারফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন স্টোকস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন স্টোকস

এ খবর জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টটি শেষ হওয়ার পরই, স্টোকস ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। অবসরের ঘোষণা দেওয়ার পর ট্রেন্ট ব্রিজ টেস্টে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানান স্টোকসকে।

ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন একজন ক্রিকেটার হিসেবে বেন স্টোকস বিদায় নিচ্ছেন, যিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এবং নিজের প্রজন্মের অন্যতম পথপ্রদর্শক। চাপের মুখে তার পারফরমেন্স ও প্রতিযোগিতামূলক মনোভাব এবং লক্ষ লক্ষ ভক্তকে তিনি স্মৃতি দিয়েছেন যা চিরকাল টিকে থাকবে।’

তিনি আরও বলেন, ‘২০১৯ এবং ২০২২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পাশাপাশি, হেডিংরিতে তার মহাকাব্যিক ইনিংস এবং সাহস ও দৃঢ়তার সাথে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়গুলো স্মরণীয় হয়ে থাকবে।’

ইংল্যান্ডের হয়ে স্টোকস ১২২ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ১৪ সেঞ্চুরি ও ৩৭ হাফ-সেঞ্চুরিতে তার মোট রান ৭,২৪৩। বল হাতে ২৫২ উইকেট শিকার করেছেন স্টোকস।

ওয়ানডেতে তার সংগ্রহ ৫ শতক ও ২৪ অর্ধশতকে ৩,৪৬৩ রান এবং বোলিংয়ে ৭৪ উইকেট। টি-টোয়েন্টিতে স্টোকস ৫৮৫ রানের পাশাপাশি ২৬ উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%