প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬: মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে। নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন যে, ইতোমধ্যে প্রায় ৩৬ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রী বলেন, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের তিনটি প্রধান প্যাকেজের মধ্যে দুটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রকল্পের প্রথম প্যাকেজ ‘বন্দর নির্মাণের সিভিল ওয়ার্কস’-এর অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, নির্মাণকাজ শুরুর জন্য প্রকল্প কর্তৃপক্ষ গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান পিটি জেভিকে নোটিশ টু প্রসিড (এনটিপি) দিয়েছে।
তিনি আরও বলেন, ভূমি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে। বর্তমানে জিওটিউব বাঁধ নির্মাণ, ড্রেজিং, এ ও বি এলাকায় বালু ভরাট এবং সিডিএমের কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৬ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন হয়েছে।
সরঞ্জাম, টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) ও নিরাপত্তাব্যবস্থা-সংক্রান্ত দ্বিতীয় প্যাকেজের ২-এ অংশের বিষয়ে মন্ত্রী বলেন, জাপানের মিতসুই ইঅ্যান্ডএস এবং টেক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামের ঠিকাদাররা বিভিন্ন সরঞ্জামের নকশা ও কারিগরি অঙ্কন প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে।
তিনি জানান, সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা যাচাইয়ের জন্য ২০২৬ সালের ৪ থেকে ১১ এপ্রিল জাপানে কারখানা পরিদর্শন করা হয়।
নৌযান এবং ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস)-সংক্রান্ত দ্বিতীয় প্যাকেজের ২-বি অংশের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, গত ২ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ে জাইকার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ওই বৈঠকে ২-বি প্যাকেজের ক্রয়প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য দরপত্রের মেয়াদ ও বিড সিকিউরিটি বাড়ানোর বিষয়ে দরদাতাদের মতামত নেওয়া হয় এবং দরপত্রের কাজের পরিধি কমানোর (ডিস্কোপিং) সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ৮ হাজার ২০০ টিইইউ ধারণক্ষমতার বড় কনটেইনারবাহী জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে সক্ষম হবে।
সমুদ্রবন্দর স্থাপনে বিলম্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বন্দরের কার্যক্রম এগিয়ে চলছে। সমুদ্রবন্দর স্থাপনের প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। তাই বন্দর স্থাপনে কোনো বিলম্ব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন