প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছেন, বর্তমান কমিশন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কমিশন কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। বর্তমান কমিশন কথার চেয়ে কাজে বিশ্বাসী।
রোববার দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান উল্লেখ করেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। এর মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হচ্ছে ইনভয়েস ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে। বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, তবে এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা খুব বেশি নয়।
তিনি আরও বলেন, বর্তমান কমিশন বড় ধরনের দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের বিষয়ে অধিক গুরুত্ব দিয়েছে। দুদককে একটি আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জানান, ব্যক্তিগত দুর্নীতির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করে দিয়েছে। দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউজের মাধ্যমে হয়ে থাকে, এবং এসব অর্থ পাচার হয় করপোরেট হাউজ ও ব্যাংকের মাধ্যমে।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।’
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক অংশ নেন।
সভাপতির বক্তব্যে দুদক সচিব জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে। এ ছাড়া এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি ও নতুন গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হয়েছে। কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যা দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের মান বাড়াবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম।
এর আগে, দুদক চেয়ারম্যান কমিশনারদ্বয় ও সচিবকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন