মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২৭ পি.এম
১৯৯৩ সালে জেনসেন হুয়াং তার দুই বন্ধুর সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করছে। তবে প্রতিষ্ঠাতার কেলেঙ্কারির কারণে এনভিডিয়া আজ এক কঠিন সংকটের সম্মুখীন। সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের কারণে তাকে এনভিডিয়া ত্যাগ করতে হয়েছে। তবে জেনসেনের পদত্যাগের পরও তার পরিবারের এনভিডিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হয়নি।
জেনসেনের মেয়ে ম্যাডিসন, ছেলে স্পেন্সার এবং জামাতা নিকো ক্যাপ্রেজ এখনো এনভিডিয়ার জ্যেষ্ঠ নির্বাহীদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জেনসেন হুয়াংয়ের প্রস্থান পরবর্তী সময়ে কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এনভিডিয়া এখন একটি অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি, তা হলো, জেনসেন হুয়াং নেতৃত্বে না থাকলে হুয়াং পরিবারের প্রভাব কতটুকু টিকে থাকবে?
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার কর্মরত হুয়াং পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলেন ৩৫ বছর বয়সী ম্যাডিসন হুয়াং। তিনি নিয়মিতভাবে বৈঠকে জ্যেষ্ঠ নির্বাহীদের তিরস্কার করেন এবং নিজের পছন্দমতো না হলে যেকোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে, গত ফেব্রুয়ারিতে জেনসেন হুয়াং শেষ মুহূর্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই সামিট’-এ তার জায়গায় দীর্ঘদিনের মিত্র জে পুরীকে পাঠানোর সিদ্ধান্ত নেন। এতে ম্যাডিসন হুয়াং প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং প্রস্তুতির অভাবের কারণে পুরীসহ অন্যান্য নির্বাহীদের ওপর চিৎকার-চেঁচামেচি করেন।
পুরী তাকে বাধা দিয়ে চিৎকার বন্ধ করতে বলেন। তবে ছয় মাস পর পুরী কোম্পানি ত্যাগ করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাডিসন হুয়াং তার বাবার কাছ থেকেই এই বদমেজাজ পেয়েছেন। কোম্পানির অন্যান্য নির্বাহীদের সঙ্গে ম্যাডিসনের আচরণ কেমন, তা জেনসেন হুয়াং জানতেন। কিন্তু তিনি এ বিষয়ে চুপ থাকতেন।
সংবাদমাধ্যমটি জানায়, জেনসেন হুয়াংয়ের একটি পডকাস্ট মন্তব্যের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে তিনি বলেন, বাবা হিসেবে তিনি সন্তানদের জন্য খুব কম সময় দিতে পেরেছেন। তিনি আরও বলেন, তিনি ম্যাডিসন ও স্পেন্সারের শৈশবের অনেক কিছুই মিস করেছেন। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর তার স্ত্রী লোরি তড়িৎ প্রকৌশলীর চাকরি ছেড়ে দিয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
জেনসেন হুয়াং পডকাস্টে বলেছিলেন, তার সন্তানেরা ছোটবেলা থেকেই এনভিডিয়াকে ভালোবাসতে শিখেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তিনি বলেন, ‘দুই সন্তানই শেয়ারহোল্ডারদের লেখা প্রতিটি চিঠি পড়েছে, প্রতিটি শেয়ারহোল্ডার সভায় গেছে এবং আমি যত সম্মেলনে অংশ নিয়েছি, তার প্রতিটিতেই তারা উপস্থিত ছিল। আমি বেশিরভাগ সময় দূরে থাকা সত্ত্বেও তারা সবসময় কোম্পানিটিকে ভালোবাসার পথ খুঁজে নিয়েছে।’
এই পরিবেশই ম্যাডিসনের শুরুর বছরগুলো গড়েছিল, যিনি ২০২০ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন। আনুষ্ঠানিকভাবে তিনি ফিজিক্যাল এআই-এর প্রোডাক্ট মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ পরিচালক। তবে বাস্তবে তিনি তার বাবার চিফ অব স্টাফ বা প্রধান সহকারী হিসেবে কাজ করেন এবং এনভিডিয়ার বিপণন ও যোগাযোগ বিভাগের ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। তিনি বাবার সঙ্গে ত্রৈমাসিক সভাগুলোতে অংশ নিতেন এবং তার তারকা ভাবমূর্তি গড়তে সাহায্য করতেন।
স্পেন্সার হুয়াং ২০১৩ সালে কলাম্বিয়া কলেজ শিকাগো থেকে স্নাতক শেষ করে ২০২২ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং বর্তমানে কোম্পানিটির রোবোটিক্স উদ্যোগের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শান্ত স্বভাবের এবং নিজের দায়িত্বের প্রতি মনোযোগী হিসেবে গণ্য করা হয়।
ম্যাডিসন হুয়াংয়ের স্বামী নিকো ক্যাপ্রেজ ২০২৪ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং দ্রুতই শীর্ষ পর্যায়ে উঠে আসেন। তিনি এআই অবকাঠামো বৃদ্ধির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে নির্বাহী দলের বৈঠকগুলোতেও অংশ নিতেন।
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ম্যাডিসন ২০১২ সালে কালিনারি ইনস্টিটিউট অব আমেরিকা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্যারিস ও লন্ডনের ‘লে কর্ডন ব্লু’-তে বেকিং ও ওয়াইন নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি চার বছর ধরে বিলাসবহুল হোটেল এবং লুই ভুইটন মোয়েট হেনেসির মালিকানাধীন একটি ইতালীয় পেস্ট্রি শপ পরিচালনা করেন।
২০১৯ সালে তিনি লন্ডন বিজনেস স্কুলে পড়াশোনা শুরু করেন, যেখানে ক্যাপ্রেজের সঙ্গে তার পরিচয় হয়। হুয়াং পরিবারের সদস্যদের চেনেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ম্যাডিসন অত্যন্ত তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির অধিকারী এবং যেকোনো কাজ আদায় করে নিতে জানেন। ম্যাডিসন হুয়াং আক্রমণাত্মকভাবে তার বাবার প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতেন।
কোলেট ক্রেস যখন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ছিলেন, তখন রোবোটিক্স কোম্পানিতে বিনিয়োগ এবং ক্যাপ্রেজ যেসব চুক্তি করতে চেয়েছিলেন সেগুলো নিয়ে ম্যাডিসনের সাথে ক্রেসের বিরোধ হয়েছিল। ম্যাডিসনের ক্ষমতা বাড়ার সাথে সাথে কর্মীরা এনভিডিয়া ছাড়তে শুরু করেন। নিউ ইয়র্ক টাইমসের মতে, তার কারণে এক ডজনেরও বেশি কর্মী কোম্পানি ছেড়ে চলে গেছেন।
জেনসেন হুয়াংয়ের প্রস্থান এনভিডিয়াকে কেবল নতুন নেতা খোঁজার চেয়ে বড় একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে: কোম্পানির ভেতরে তার পরিবার যে প্রভাব বিস্তার করত, তার কী হবে? কোলেট ক্রেসকে এখন নির্ধারণ করতে হবে যে বাবা নেতৃত্বে না থাকা অবস্থায় ম্যাডিসন কতটুকু কর্তৃত্ব ধরে রাখতে পারবেন।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দের অংশগ্রহণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 'ফাউন্ডেশন ট্রেনিং'। এই প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে। মঙ্গলবার থেকে শুরু হওয়া অষ্টম ব্যাচের এই প্রশিক্ষণ চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
এই প্রশিক্ষণের আয়োজন নবনিযুক্ত শিক্ষকবৃন্দের উচ্চ শিক্ষায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পাঠদানে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে, যা অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে আউটকাম-ভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন, বøুমস ট্যাক্সোনোমি, গবেষণা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার সম্পর্ক ও একাডেমিক নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং গবেষণা তহবিল সংগ্রহের কৌশল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করবেন দক্ষ অধ্যাপকবৃন্দ।
ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধন উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, "শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য রয়েছে টিচিং লার্নিং প্রসেস। শিক্ষক হওয়ার পর নিজের ম্যানার এবং স্পিচকে পুনর্মূল্যায়ন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পেইন শিক্ষকদের জন্য গুরুত্ব বহন করে।" তিনি আরও বলেন, এই ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকবৃন্দ রুয়েটের শিক্ষার মানকে আরও উপরে নিয়ে যেতে সহযোগিতা করবেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ।" তাই ভবিষ্যতের কর্মজীবন এবং নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীকে তাঁদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "তোমরাই জাতির ভবিষ্যৎ।" অতএব, শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের কারণে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়। তবে রবিবার (১৫ নভেম্বর) এই আদেশটি দেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত অবস্থায় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের নতুন আসর ঘনিয়ে আসছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ৬৯তম আয়োজন। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে এবারের মনোনয়ন তালিকা। এই তালিকায় নতুন ইতিহাস গড়েছেন পপসম্রাজ্ঞী বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে তার মনোনয়নসংখ্যা ১০০-তে পৌঁছেছে।
৪৫ বছর বয়সী এই গায়িকা ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর ফলে গ্র্যামিতে তার মোট মনোনয়ন সংখ্যা দাঁড়িয়েছে ১০০টি, যা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ। শুধু মনোনয়ন নয়, গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ডও বিয়ন্সের দখলে রয়েছে। তিনি এ পর্যন্ত ৩৫টি গ্র্যামি জিতেছেন।
নিজের ‘বি’ডে’ (B’Day) অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি প্রকাশ করেন বিয়ন্সে। এক মাস পর তিনি স্বামী জে-জেডকে যুক্ত করে গানটির রিমিক্স সংস্করণও প্রকাশ করেন।
এদিকে এবারের আসরে পাঁচটি মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট। তার মোট মনোনয়ন সংখ্যা এখন ৬৩, আর পুরস্কার জয়ের সংখ্যা ১৪। নিজের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন এই গায়িকা। এর মধ্য দিয়ে গ্র্যামির ইতিহাসে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য এই বিভাগে মনোনয়ন পাওয়া দ্বিতীয় শিল্পী হয়েছেন তিনি। প্রথম নারী হিসেবে গড়েছেন এই রেকর্ড। তার আগে এই কীর্তি গড়েছিলেন কেনড্রিক লামার। তবে বর্ষসেরা অ্যালবাম বিভাগে পুরস্কার জিততে পারেননি কেনড্রিক।
সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মনোনয়নের তালিকায় এগিয়ে রয়েছেন নারী শিল্পীরা। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। এরপর ৯টি মনোনয়ন নিয়ে রয়েছেন রোজালিয়া। ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো পেয়েছেন ৭টি করে মনোনয়ন। অন্যদিকে অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাসের ঝুলিতে রয়েছে ৬টি করে মনোনয়ন।
সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে ভালো অবস্থানে রয়েছেন সুইফট। তার ৫টি মনোনয়নের মধ্যে ৩টিই পেয়েছেন গ্র্যামির সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘বিগ ফোর’ বিভাগে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম, ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা রেকর্ড এবং ‘আই নুড ইট, আই নুড ইউ’ গানের জন্য বর্ষসেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় শুরু হবে মূল আয়োজন। এবারের অনুষ্ঠান দেখা যাবে এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ