ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

হাজী মোঃ কালু মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ


হাজী মোঃ কালু মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের সাবেক চারবারের নির্বাচিত চেয়ারম্যান, বিখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবক মরহুম হাজী মোঃ কালু মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।

মরহুম হাজী মোঃ কালু মিয়া একটি মধ্যবিত্ত পরিবারে, হাজী মোঃ হোসেন আলী ভূঁইয়ার ঘরে জন্মগ্রহণ করেন কালিকাপ্রসাদ ইউনিয়নে। যথেষ্ট পরিশ্রম, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে তিনি জীবনের নানা সংগ্রাম পেরিয়ে বন্দরনগরী ভৈরবের একজন সফল ও স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন।

স্বাধীনতার পূর্বে এবং পরে তিনি কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে চারবার নির্বাচিত হয়ে যথাযথ দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে উপজেলা পদ্ধতি চালু হলে তিনি ভৈরব থেকে সর্বপ্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন হাজী মোঃ কালু মিয়া। দায়িত্ব পালনকালে তিনি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।

আরও পড়ুন: সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয়। ১৯৬৫ সালে তিনি কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ভৈরবের বিভিন্ন স্কুল, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পৃষ্ঠপোষকতা করেন এবং শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রাখেন।

একজন সফল ব্যবসায়ী, জনবান্ধব জনপ্রতিনিধি ও বর্ষীয়ান রাজনৈতিক নেতা হিসেবে হাজী মোঃ কালু মিয়া ভৈরব জনগণের কাছে আজও শ্রদ্ধার সাথে স্মরণীয়। তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের তরফ থেকে ভৈরব উপজেলার সর্বস্তরের জনগণের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। চলতি বছরের ২৪ আগস্ট, সোমবার, বেলা ১১টায় রাজধানী ঢাকার বাংলামটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) এনসিপির মিডিয়া সেল জানায়, এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটি করা হচ্ছে।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকারের ১৮০ দিনের দায়িত্ব গ্রহণের পর, সরকারের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে এ আয়োজনে এনসিপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।

এই সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের একটি রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিছিয়ে গেল চীনের মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


পিছিয়ে গেল চীনের মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : চীন জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্যে বেইজিংয়ের পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত একটি গবেষণামূলক চন্দ্রাভিযান পিছিয়ে দেওয়া হয়েছে।

একটি বিরল উৎক্ষেপণ ব্যর্থতার প্রায় দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনের মানববাহী মহাকাশ সংস্থার বরাত দিয়ে বেইজিং থেকে এএফপি জানিয়েছে, ‘সমন্বিত মূল্যায়নের’ পর দেখা গেছে, লং মার্চ-৫ ক্যারিয়ার রকেটের মাধ্যমে চ্যাং’ই-৭ চন্দ্রযান পাঠানোর এই মিশনটি ‘উৎক্ষেপণের শর্ত পূরণ করছে না’ এবং এ বছর নির্ধারিত সময়সীমার মধ্যে এটি উৎক্ষেপণ করা সম্ভব হবে না।

সংস্থাটি জানায়, উৎক্ষেপণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সতর্কতা, নির্ভরযোগ্যতা এবং মিশনের সাফল্য নিশ্চিত করার নীতির ভিত্তিতে। তবে ঠিক কোন কোন শর্ত পূরণ হয়নি বা নতুন করে কবে উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।

এই মিশনের লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান করা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, চন্দ্রযানটি সপ্তাহান্তে অথবা সোমবার উৎক্ষেপণ করা হতে পারে।

গত সপ্তাহে চীনা মহাকাশ সংস্থা জানিয়েছিল, চন্দ্রযান ও ক্যারিয়ার রকেটটি দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে উৎক্ষেপণের জন্য নেওয়া হয়েছে।

বুধবার পর্যন্ত উৎক্ষেপণস্থল ও সংশ্লিষ্ট সরঞ্জামগুলো ভালো অবস্থায় ছিল এবং সেগুলোর পরিদর্শন শেষে ‘শিগগিরই’ উৎক্ষেপণের পরিকল্পনা ছিল।

চ্যাং’ই-৭ মিশন পিছিয়ে দেওয়ার ঘটনা এমন সময় ঘটছে, যখন হাইনান থেকে উৎক্ষেপিত একটি রকেট বিস্ফোরিত হওয়ার ভিডিও ও ছবি প্রকাশের প্রায় দুই সপ্তাহও হয়নি। এতে প্রত্যক্ষদর্শীরা আকাশে আগুনের গোলার মতো দৃশ্য দেখতে পান।

ব্যর্থ ওই মিশনে লং মার্চ-৭এ ক্যারিয়ার রকেট ব্যবহার করা হয়েছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল, রকেটটি ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

রকেটটি একটি ঝংসিং-৪বি যোগাযোগ স্যাটেলাইট বহন করছিল। উড্ডয়নের সময় এতে একটি ‘অস্বাভাবিকতা’ দেখা দেয় বলেও সিনহুয়া জানিয়েছিল।

ব্যর্থতার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছিল।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাকে দেশের ‘মহাকাশ স্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ কর্মসূচিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে।

চীনের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশটি প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট সফলভাবে অবতরণ করাতে সক্ষম হয়। মহাকাশ কর্মসূচির উচ্চাভিলাষ বাস্তবায়ন এবং উৎক্ষেপণ ব্যয় কমানোর ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চীন ২০৩০ সালের আগে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়েছে। এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রও তার আর্টেমিস কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ সপ্তাহে বাংলা কিউআরে ৩ হাজার ৫৭৮ কোটি টাকার লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


৮ সপ্তাহে বাংলা কিউআরে ৩ হাজার ৫৭৮ কোটি টাকার লেনদেন

দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। ‘এক দেশ, এক কিউআর’ নীতি বাধ্যতামূলক করার পর থেকে ক্যাশলেস লেনদেনে অভাবনীয় সাড়া মিলছে। এই গত ৮ সপ্তাহে ৩ হাজার ৫৭৮ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

সংশ্লিষ্ট জানাচ্ছে, গত ২৮ জুন থেকে গতকাল শনিবার পর্যন্ত সময়ে এই লেনদেন সংঘটিত হয়েছে।

বাংলা কিউআর চালুর পর বাধ্যতামূলকভাবে এর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে, যেমন একই সময়ে লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে প্রায় তিনগুণ।

দেশে সব ধরনের কিউআর এর পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর এই প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ১ জুলাই থেকে দেশের সব প্রোপ্রাইটরশিপ প্রতিষ্ঠানে অন্যান্য কিউআর এর পরিবর্তে বাংলা কিউআর রাখার বাধ্যবাধকতা কার্যকর হয়।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর এর মাধ্যমে দৈনিক গড়ে ১.৭৮ লাখ লেনদেন হতো। এসব লেনদেনে প্রতিদিন গড়ে প্রায় ৩৭.৩৩ কোটি টাকার কেনাকাটা হতো। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়ে ৩.০৩ লাখে দাঁড়িয়েছে, যেখানে একই সময়ে দৈনিক গড় লেনদেনের অর্থমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১০.৩৮ কোটি টাকা।

এদিকে, বাংলা কিউআর গ্রহণকারী মার্চেন্টের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। গত ১ জুলাই প্রায় ১৬ লাখ মার্চেন্টের বাংলা কিউআর ছিল, বর্তমানে এ সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।

বাংলা কিউআর ব্যবহারে বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোও অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে দেশের ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআরকে আরও সহজ ও জনবান্ধব করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে এই লেনদেন চালুর পরিকল্পনা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় ভাইকে হত্যায় ৩ হাজার টাকায় খুনি ভাড়া করেন বারেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


বড় ভাইকে হত্যায় ৩ হাজার টাকায় খুনি ভাড়া করেন বারেক

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর ফারুক শেখ (৪৬) হত্যা মামলার রহস্য পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে।

এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের আপন ছোট ভাই বারেক শেখসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ধারালো দা, রক্তমাখা পোশাক, মোবাইল ফোন ও মাস্ক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক।

গ্রেফতারকৃতরা হলেন- গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেউটিল জামতলা এলাকার মো. খালেক শেখের ছেলে ও নিহত ফারুকের ছোট ভাই মো. বারেক শেখ (৪৪), দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ডের হোসেন মন্ডলপাড়ার ওয়াজেদ সরদারের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আলম (২৬) এবং একই এলাকার মো. বাবু শেখের ছেলে মো. রুবেল শেখ (৩০)।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার খালেক শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২২ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে গোয়ালন্দঘাট থানার জামতলা এলাকায় নিজ বসতঘরে ফারুক শেখকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহতের বাবা মো. খালেক শেখ (৭০) বাদী হয়ে ওই দিনই গোয়ালন্দঘাট থানায় একটি हत्या মামলা করেন। মামলার পর গোয়ালন্দঘাট থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের ছোট ভাই বারেক শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পারিবারিক কলহ, জীবদ্দশায় মাকে মারধর এবং ফারুকের টাকা-পয়সা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বারেক শেখ হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি দৌলতদিয়া এলাকার সহকর্মী মো. আলমগীর হোসেন এবং মো. রুবেল শেখকে ৩ হাজার টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে নিয়োগ করেন।

পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী ২২ আগস্ট দুপুরে আলমগীর ও রুবেল বারেক শেখের বাড়িতে গেলে তিনি আগে থেকে সংগ্রহ করে রাখা দুটি ধারালো দা তাদের হাতে তুলে দেন এবং নিজে অন্যত্র চলে যান। পরে আলমগীর ও রুবেল ঘরে ঢুকে ঘুমন্ত ফারুক শেখকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে বারেক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়ার হোসেন মন্ডলপাড়া ৬ নম্বর ওয়ার্ডের নিজ নিজ বাড়ি থেকে মো. আলমগীর হোসেন ও মো. রুবেল শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল ও আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়। এছাড়াও রক্তমাখা গেঞ্জি-প্যান্ট, ব্যবহৃত মোবাইল ফোন এবং মাস্ক উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার তিন আসামিকেই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ সংশ্লিষ্ট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%