প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক এমপি ও অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুর্বৃত্তরা নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাসভবন, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এর পাশাপাশি বড়দিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে সদস্যরা পৌঁছান। সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার সম্মুখীন হন। পরে প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, বেন্দারচর গ্রামে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। এ ঘটনায় কারা জড়িত, সেটি পুলিশ তদন্ত করছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন