০৮:২৩ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠককালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে দুই দিনের সফরের অংশ হিসেবে আইএলও মহাপরিচালক প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে শামা ওবায়েদ শ্রমখাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার রক্ষায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী শ্রম সুশাসন জোরদার করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সহজতর করতে আইএলও’র অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক অংশীদারিত্ব কামনা করেন।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, শ্রমখাতের সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আইএলও গভর্নিং বডির আসন্ন অধিবেশনে যথাযথভাবে স্বীকৃতি পাবে। একই সঙ্গে আইএলও’র সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশ বিরুদ্ধে চলমান মামলাটি যত দ্রুত সম্ভব নিষ্পত্তির পথ সুগম হবে।
কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং রাজনৈতিক অঙ্গীকারের প্রশংসা করেন আইএলও মহাপরিচালক। তিনি শ্রমখাতের সংস্কার, শোভন কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার এগিয়ে নিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রচেষ্টায় আইএলও’র অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
হুংবো বলেন, দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের সাফল্য অন্যান্য দেশের সঙ্গে আইএলও’র কাজের ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে।
বাংলাদেশ এবং আইএলও'র মধ্যে অংশীদারিত্বকে আরও জোরদার করতে উভয় পক্ষই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন