প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক আদালতের মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলোর নথিপত্রের মান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা মনে করছেন, ঋণসংক্রান্ত নথিপত্র আন্তর্জাতিক আদালতে উপস্থাপনের জন্য উপযোগী। গত দুই বছরে বাংলাদেশ আন্তর্জাতিক আইনি সহায়তা চাওয়া, বিভিন্ন দেশের আইনগত শর্ত পূরণ এবং ঋণ আদায়ের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। তবে, অর্জিত অভিজ্ঞতাকে বাস্তবে কাজে লাগানো এবং আইনি প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংক এখনো বিষয়টি শিখছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের উপদেষ্টা ফারহানুল গণি চৌধুরী। তিনি উল্লেখ করেন, গত দুই বছরে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন দেশের আইনি প্রক্রিয়া বোঝা এবং তাদের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাংলাদেশ অনেক কিছু শিখেছে। এখন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রক্রিয়াগুলো আরও দক্ষ ও কার্যকর করার চেষ্টা চলছে।
ফারহানুল গণি চৌধুরী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রতিটি দেশের নিয়ম ও শর্ত আলাদা। বিশেষ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলআর (পারস্পরিক আইনি সহায়তার আবেদন) করার ক্ষেত্রে এক দেশের জন্য তৈরি পদ্ধতি অন্য দেশের ক্ষেত্রে একইভাবে কার্যকর হয় না। অর্থাৎ, সব দেশের জন্য একই ধরনের আবেদন বা নথিপত্র ব্যবহার করার সুযোগ নেই। সংশ্লিষ্ট দেশের আইন ও চাহিদা অনুযায়ী আবেদন প্রস্তুত করতে হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোনো বিষয়ে তদন্ত শেষ করার পর অন্য দেশে প্রয়োজনীয় তথ্য বা আইনি সহায়তা চাইতে গেলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যদি কোনো দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তার চুক্তি থাকে, তবে এক দেশের বিচারিক সিদ্ধান্ত বা আইনি নথি অন্য দেশে গ্রহণের বিষয়টিও সহজ হতে পারে। গত দুই বছরে এসব বিষয়ে অভিজ্ঞতা তৈরি হয়েছে, যেমন কোন দেশের জন্য কী ধরনের আবেদন করতে হবে, কী কী নথি প্রয়োজন এবং কীভাবে তা উপস্থাপন করতে হবে।
এমএলআর প্রক্রিয়ায় সময়ক্ষেপণ কমানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, বাংলাদেশে বর্তমানে প্রচলিত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অনেক সময় চলে যায়। এরপর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আবেদন পাঠানোর কারণে পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। যদিও এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি পদ্ধতি, তবে এর বাইরে আরও সংক্ষিপ্ত ও কার্যকর উপায় অনুসরণের সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফারহানুল গণি চৌধুরী বলেন, গত দুই বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ বুঝতে পেরেছে, কীভাবে বিভিন্ন দেশের আইনি চাহিদা অনুযায়ী এমএলআর প্রস্তুত করা যায় এবং কীভাবে দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে আরও দক্ষ করা সম্ভব। আন্তর্জাতিক বিচারিক এখতিয়ারসম্পন্ন দেশগুলোর নিজস্ব শর্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টিও এখন গুরুত্ব পাচ্ছে।
খেলাপি ঋণ আদায়ে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশের অগ্রগতির আরেকটি ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, শুরুতে ব্যাংকগুলোকে তাদের খেলাপি ঋণ বা নন-পারফর্মিং লোনের (এনপিএল) তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভাগ করে নিতে বলা হয়েছিল। এসব নথি পর্যালোচনার পর বিদেশি প্রতিষ্ঠানগুলো চাইলে বলতে পারত, বাংলাদেশের নথিপত্র আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনার জন্য যথেষ্ট মানসম্মত নয়। তবে বাস্তবে প্রাথমিক পর্যায়ের কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
তিনি জানান, সিভিল প্রসিডিংস বা দেওয়ানি আইনি কার্যক্রমের আওতায় নেওয়া ছয়টি উদ্যোগের মধ্যে প্রথম দুটির ক্ষেত্রে বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের মূল্যায়নে বাংলাদেশের ব্যাংকগুলোর দেওয়া ঋণসংক্রান্ত নথিপত্র আন্তর্জাতিক আদালতে ব্যবহারের উপযোগী।
এসব নথির মধ্যে রয়েছে ঋণসংক্রান্ত মূল কাগজপত্র, এনপিএল ডকুমেন্ট, প্রকিউরমেন্ট ডকুমেন্ট এবং ব্যক্তিগত গ্যারান্টি বা ব্যক্তিগত জামিনসংক্রান্ত দলিল। বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক মূল্যায়নকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তিনি।
ফারহানুল গণি চৌধুরী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে খেলাপি ঋণ আদায়ের জন্য শুধু উদ্যোগ নেওয়াই যথেষ্ট নয়; সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নথিপত্র প্রস্তুত করাও জরুরি। বাংলাদেশের ব্যাংকগুলোর নথিপত্র আন্তর্জাতিক আদালতে ব্যবহারের উপযোগী বলে বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া পাওয়া এই শেখার প্রক্রিয়ার একটি ইতিবাচক ফল।
গত দুই বছরের অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষাকে বাস্তবে প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেন ফারহানুল গণি চৌধুরী। তিনি বলেন, শুধু শেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এক বছর আগে যেসব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না, এখন সেগুলো কীভাবে আরও ভালোভাবে করা যায়, সেই অভিজ্ঞতার ভিত্তিতে কাজ চলছে।
তার মতে, আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ পুনরুদ্ধার একটি জটিল প্রক্রিয়া। এ জন্য সংশ্লিষ্ট দেশের আইন, বিচারিক ব্যবস্থা, নথিপত্রের গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়—সবকিছুই গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক পরামর্শকদের যুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্স এ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক পরামর্শকদের মাধ্যমে বাংলাদেশের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পদ পুনরুদ্ধারের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সংশ্লিষ্টদের মতে, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং ব্যাংকগুলোর ঋণসংক্রান্ত নথিপত্রের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে কত দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং শেষ পর্যন্ত কত অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, তার ওপর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন