প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং আমদানির উৎস সম্প্রসারণের উদ্দেশ্যে সরকার এবার পাকিস্তানের বাজারের দিকে মনোযোগ দিচ্ছে। এই লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসি বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে নতুন একটি বাণিজ্যিক সুযোগ (উইন্ডো) খুলতে যাচ্ছে বাংলাদেশ।" তিনি উল্লেখ করেন, টিসিপির সঙ্গে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে কৃষিভিত্তিক পণ্য আমদানি ও রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের পণ্য পাকিস্তানে রপ্তানি হবে এবং দেশের প্রয়োজনীয় পণ্য পাকিস্তান থেকে আমদানি করা হবে।
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়া গেলে পাকিস্তান থেকে তা আমদানি করা হবে।" তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। এমওইউ স্বাক্ষরের পর পাকিস্তান পণ্যের মূল্য প্রস্তাব করবে। এরপর দুই পক্ষের মধ্যে দরকষাকষি (নেগোসিয়েশন) হবে। আলোচনা ও মূল্য যাচাইয়ের ভিত্তিতে আমদানি-রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
২৯ নভেম্বর এমওইউ স্বাক্ষর
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে টিসিবি ও টিসিপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ইতোমধ্যে সম্মত হয়েছে। উভয় দেশ এমওইউর খসড়া চূড়ান্ত করেছে।
জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার স্বাক্ষর করবেন।
এমওইউর তালিকায় থাকছে এগ্রি পণ্য
জানা গেছে, সমঝোতা স্মারকে এগ্রি পণ্য অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে থাকবে চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম, আনারস প্রভৃতি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আমাদের প্রধান লক্ষ্য থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে। এর মধ্যে আমদানিতে থাকবে তেল, ডাল, চিনি, খেজুর; আর আম, আনারস ও চা রপ্তানিতে নজর থাকবে।
বিশেষজ্ঞরা জানান, সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থার মধ্যে সহযোগিতার কাঠামো তৈরি হবে। এর আওতায় নিত্যপণ্য আমদানি-রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর দিচ্ছে ঢাকা। এ লক্ষ্যে পাকিস্তানের কাছে শুল্ক ও শুল্কবহির্ভূত বিভিন্ন বাণিজ্য বাধা দূর করার প্রস্তাব দেবে বাংলাদেশ। আগামী ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের (জেডব্লিউজিটি) প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্যের বাজারে প্রবেশাধিকার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং শুল্কায়ন ও কাস্টমস প্রক্রিয়া সহজ করার বিষয়গুলোতে গুরুত্ব দেবে ঢাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিনের বাণিজ্য বাধাগুলো তুলে ধরা হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান, কারিগরি বিধিবিধান এবং স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত শর্ত (এসপিএস) নিয়ে বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হবে। এসব বাধা দূর হলে পাকিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে বাংলাদেশি পণ্যের জন্য পাকিস্তানের বাজারে আরো বেশি প্রবেশাধিকার চাওয়া হবে। পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন