০৬:৫০ পি.এম
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারী, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও যাচাইবিহীন পদ্ধতিতে প্রচার ও প্রকাশ বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুর এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। গণমাধ্যমের জন্য জনগণকে এসব ঘটনার বিষয়ে অবহিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কিছু ক্ষেত্রে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ উপস্থাপনা এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার জনমনে আতঙ্ক, উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?
বিশেষত শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পরিবহণশ্রমিক এবং সাধারণ নাগরিকদের মধ্যে এ ধরনের সংবাদ উপস্থাপনার ফলে অযথা ভীতির সঞ্চার হতে পারে। যা স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনশৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
নোটিশে বলা হয়েছে, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির কার্যকলাপের সংবাদ প্রচার করা সমীচীন নয়, যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার, প্রত্যক্ষ উসকানি অথবা যাচাইবিহীন হুমকির অপ্রয়োজনীয় বিস্তার ঘটে।
নোটিশে দাবি করা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান। ফলে প্রকৃত ঘটনা, অপরাধ, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ কিংবা জননিরাপত্তাসংক্রান্ত সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রচার বন্ধ করা এই নোটিশের উদ্দেশ্য নয়। বরং যাচাইবিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক সৃষ্টিকারী এবং সরাসরি সহিংসতায় উসকানিমূলক প্রচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই এই নোটিশের উদ্দেশ্য।
নোটিশে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ গণমাধ্যমে যাচাইবিহীন, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টিকারী পদ্ধতিতে প্রচার ও প্রকাশ পরিহারের জন্য প্রয়োজনীয় আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: আজ তারেক রহমানের জন্মদিন উদযাপন করছেন প্রধানমন্ত্রী
টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসমূহকে সহিংসতার সংবাদ প্রচারের পূর্বে তথ্যের যথাযথ যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে উপযুক্ত নির্দেশনা প্রদান করতে হবে।
সহিংস কর্মকাণ্ডের ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম এবং অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারের বিষয়ে প্রযোজ্য আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনা করতে হবে।
আরও পড়ুন: আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাদল মিয়া জোসুর খুনের রহস্য ৫ বছর পর উদঘাটন
এই লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে উল্লিখিত বিষয়সমূহ আইনানুগভাবে বিবেচনা করে গৃহীত বা প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে না জানালে, হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন