প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে ধামরাইয়ের রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে নিজের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন অভিনেতা।
আজ সকালে বগুড়ায় শুটিং করার সময় অসুস্থবোধ করলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গন এবং ধামরাইয়ের রাজাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঞ্চ ও পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। কখনও গ্রামীণ মানুষের জীবন, কখনও তাদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন অভিনয়ে। বাস্তব জীবনেও তিনি সহজ-সরল জীবন কাটাতেন।
গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন এবং সামাজিক কাজে সবসময় এগিয়ে আসতেন। তাই অভিনেতার জানাজা ও দাফনের পর স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের ঘিরে শূন্যতা সৃষ্টি হয়েছে। বারবারই স্মৃতিতে সোহেল খানের সঙ্গে কাটানো নানা মুহূর্ত ফিরে আসে তাদের।
আজ সকালে বগুড়ায় শুটিংয়ে অসুস্থবোধ করলে দ্রুত অভিনেতাকে সেখানকার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে সোহেল খানের অভিনেতা পরিচয়ের বাইরেও নিজ গ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সবসময় গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন। স্থানীয় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার বড় ভূমিকা ছিল।
শেষ কয়েক দিনের স্মৃতি ও কাজের অভিজ্ঞতা তুলে ধরেন ‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। সোহেল খানের চলে যাওয়াকে পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তিনি। আরশাদ আদনান বলেন,
"আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। সবাইকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। যারা ভাইয়ের জানাজায় আসেননি, তারা হয়তো একসময় আফসোস করবেন, কেন শেষবারের মতো সোহেল ভাইকে দেখতে এলেন না। একজন গুণী মানুষকে সম্মান জানাতে না পারাটা ঠিক হয়নি।"
অভিনেতার সাথে শেষ সময়ের স্মৃতি মনে করে আরশাদ আদনান আরও বলেন,
"গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করবো। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।"
টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া সোহেল খান পরে চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’,‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’, ‘শান’ ইত্যাদি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন