ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ইরানের কাছাকাছি অবস্থান নিয়েছে ২০টি মার্কিন যুদ্ধজাহাজ


ইরানের কাছাকাছি অবস্থান নিয়েছে ২০টি মার্কিন যুদ্ধজাহাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন। যদিও, ওয়াশিংটন সমুদ্রপথে কঠোর অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, এই নৌ অবরোধ শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনী অন্তত ৫৫টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এর পাশাপাশি, দুটিকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং দুটিতে সরাসরি অভিযান চালানো হয়েছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চিম্বন পরিবহনের মাধ্যম হিসেবে এই কৌশলগত জলপথটি এখন ট্রাম্প প্রশাসনের সামরিক ও কূটনৈতিক কৌশলের বাস্তবায়নের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের যুদ্ধজাহাজ ইউএসএস রস-এর উল্লেখ করে নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুদ্ধজাহাজগুলো সমুদ্রপথে ইরানগামী বাণিজ্যিক চলাচলের ওপর কঠোর পর্যবেক্ষণ ও নিষেধাজ্ঞা বলবৎ রাখছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে যে, ওমানের মধ্যস্থতায় নৌ চলাচলের জন্য নতুন রুট নির্ধারণের একটি সম্ভাব্য চুক্তির কাছাকাছি পৌঁছানো হয়েছে। তবে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগত এই প্রণালিটি উন্মুক্ত করা হবে না। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান, সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ করা।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো প্রত্যক্ষ আলোচনা চলছে না এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল বার্তা বিনিময় হচ্ছে বলে পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে। জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করেছে দাবি করে সরাসরি বৈঠক প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ধীরে এগোচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের শীর্ষ নিরাপত্তা পদে কে এই মোহসেন রেজাই?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ইরানের শীর্ষ নিরাপত্তা পদে কে এই মোহসেন রেজাই?

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাইকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই কাউন্সিল দেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান টানাপোড়েন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে রেজাই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে তেহরান হরমুজ প্রণালিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত করেছে।

রেজাই এখন দায়িত্ব নিয়েছেন এমন সময়ে আলোচনা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল, ইরানের সার্বভৌমত্ব এবং অবরোধ নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে।

তিনি মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে আলী লারিজানি এই পদে ছিলেন, যিনি মার্চে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন।

মোহসেন রেজাই ৭১ বছর বয়সী, ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। তার নেতৃত্বের সময় ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধ, যাকে ইরানে ‘পবিত্র প্রতিরক্ষা’ বা ‘স্যাক্রেড ডিফেন্স’ নামে অভিহিত করা হয়, বড় একটি অংশজুড়ে ছিল।

আইআরজিসির দীর্ঘদিনের প্রধান হিসেবে রেজাই ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সামরিক দায়িত্বের পর তিনি দেশের রাজনৈতিক এবং নীতিনির্ধারণী কাঠামোর সঙ্গেও যুক্ত হন।

তিনি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইরানের পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনও আইন নিয়ে মতবিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে এই কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে।

গার্ডিয়ান কাউন্সিল একটি আলাদা সাংবিধানিক সংস্থা, যার সদস্যরা সর্বোচ্চ নেতা নিয়োগ দেন। এই সংস্থা আইনগুলো সংবিধান ও ইসলামি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনা করে।

রেজাই দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

জুলাইয়ে রেজাই বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার’ চেয়েও বেশি মূল্যবান। তিনি গত সপ্তাহে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ওয়াশিংটনকে ‘গুরুতর ঝুঁকি ও হতাহতের’ মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন।

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রবিবার সন্ধ্যায় রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। একই দিনে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও কাউন্সিলে তার প্রতিনিধি হিসেবে রেজাইকে নিয়োগ দেন।

নিয়োগ আদেশে রেজাইয়ের অভিজ্ঞতা এবং ইরান-ইরাক যুদ্ধের সময় ‘পবিত্র প্রতিরক্ষা যুগের অগ্রগামীদের’ একজন হিসেবে তার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

নিয়োগের এই ভাষ্য থেকে স্পষ্ট যে, রেজাইয়ের সামরিক অতীত তার নতুন দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে দেখা হয়েছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান। প্রেসিডেন্টের কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর কৌশলগত অবস্থানের সমন্বয় ঘটে এই কাউন্সিলের মাধ্যমে।

কাউন্সিলের প্রধান কে হচ্ছেন, সেটি শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়। বিশেষ করে যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সঙ্গে অনিশ্চিত আলোচনা এবং হরমুজ প্রণালির নৌ চলাচল ও সার্বভৌমত্ব নিয়ে বিরোধের সময়ে এর রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব অনেক বেশি।

তেহরানভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আবাস আসলানি আল-জাজিরাকে বলেন, রেজাই তার সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে নতুন দায়িত্বে আসছেন।

আসলানির মতে, নিরাপত্তা ইস্যুতে রেজাই তার পূর্বসূরির তুলনায় খুব বেশি ভিন্ন নন। তবে দেশের অভ্যন্তরে ভারসাম্য রক্ষা এবং বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় তৈরিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

যেহেতু সাবেক আইআরজিসি প্রধান এবং এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে রেজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

নিয়োগ নিয়ে বিশ্লেষকদের মধ্যে মূলত দুটি ব্যাখ্যা সামনে এসেছে। একটি ব্যাখ্যা হলো- যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান তার নিরাপত্তা ও সামরিক বিবেচনাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে।

অন্য ব্যাখ্যা অনুযায়ী, সাবেক আইআরজিসি প্রধানকে দেশের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রস্থলে আনার মাধ্যমে ভবিষ্যতে কোনও সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সেটি কট্টরপন্থী মহলের কাছে গ্রহণযোগ্য করে তোলা সহজ হতে পারে।

রেজাইয়ের নিয়োগকে আন্তর্জাতিক পর্যায়ে দুটি ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথম ব্যাখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর জবাবে তেহরান আরও কঠোর নিরাপত্তা এবং সামরিক অবস্থান গ্রহণের বার্তা দিচ্ছে।

অন্যদিকে দ্বিতীয় ব্যাখ্যাটি হলো, কঠিন কোনও সমঝোতায় পৌঁছানোর প্রস্তুতির অংশ হিসেবে রেজাইকে সামনে আনা হয়ে থাকতে পারে। বড় কোনও সমঝোতাটি সবসময় মধ্যপন্থী ব্যক্তিদের মাধ্যমে বাস্তবায়িত হয় না।

মার্কিন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান রাখা ব্যক্তিরা প্রায়ই দেশের অভ্যন্তরে এই ধরনের সমঝোতা গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


পটুয়াখালীতে জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

পটুয়াখালী, ১০ আগস্ট, ২০২৬ : উপকূলীয় জেলা পটুয়াখালীর দশমিনা উপজেলায় উচ্চ ফলনশীল জি-৯ (গ্র্যান্ড নাইন) জাতের কলার বাণিজ্যিক চাষ করে নতুন সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক ও উদ্যোক্তা শাহ আলম জমাদ্দার।

আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, কৃষি বিভাগের পরামর্শ এবং সমন্বিত বাগান ব্যবস্থাপনার মাধ্যমে তিনি লাভজনক কৃষির একটি সফল মডেল গড়ে তুলেছেন। কম খরচ ও স্বল্প সময়ে জি-৯ (গ্র্যান্ড নাইন) জাতের কলা চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ফসলের চাষ ও ভালো ফলন পাওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে কলা চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামের বাসিন্দা শাহ আলম জমাদ্দার দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। প্রচলিত ফল চাষের পাশাপাশি নতুন ও লাভজনক জাতের ফসল নিয়ে কাজ করার আগ্রহ থেকেই তিনি উচ্চ ফলনশীল জি-৯ কলা চাষের উদ্যোগ নেন। অনলাইনে বিভিন্ন কৃষিবিষয়ক ভিডিও দেখে এ জাতের কলা সম্পর্কে ধারণা লাভের পর তিনি রংপুরের একটি নার্সারি থেকে প্রথম দফায় ১০০টি টিস্যু কালচার চারা সংগ্রহ করেন। বর্তমানে তার বাগানে দেড় শতাধিক জি-৯ কলার গাছ রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় শাহ আলম জমাদ্দারকে নগদ আর্থিক সহায়তার পাশাপাশি ৩০টি জি-৯ কলার চারা এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়া কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত তার বাগান পরিদর্শন করে আধুনিক পরিচর্যা পদ্ধতি, রোগবালাই দমন এবং উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে কারিগরি পরামর্শ দিয়ে আসছেন।

শাহ আলম জমাদ্দার বাসস’কে বলেন, এর আগে তিনি বরইসহ বিভিন্ন ফলের চাষ করে সফলতা অর্জন করেছিলেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ এবং এসএসিপি-রেইনস প্রকল্পের সহায়তায় জি-৯ কলা চাষে উদ্বুদ্ধ হন। বর্তমানে তিনি প্রায় ২ একর জমিতে ১২ ফুট দূরত্ব বজায় রেখে কলার চারা রোপণ করেছেন। একই সঙ্গে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কলাগাছের মাঝখানে আমের চারা রোপণ করেছেন, যা সমন্বিত বাগান ব্যবস্থাপনার একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, জি-৯ জাতের কলার প্রধান বৈশিষ্ট্য হলো এর উচ্চ ফলন এবং বাজারে ভালো দাম। সাধারণ জাতের তুলনায় এ কলার আকার বড় এবং প্রতিটি কাঁদিতে প্রায় ২৫০ থেকে ৩০০টি পর্যন্ত কলা ধরে। বর্তমানে তার বাগানের ১৫ থেকে ১৬টি গাছে ফল এসেছে। পাশাপাশি নিজস্ব নার্সারিতে উৎপাদিত প্রতিটি টিস্যু কালচার চারা ন্যূনতম ১০০ টাকা দরে বিক্রি করছেন, যা তার জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি করেছে।

শাহ আলম আরও জানান, বাগান স্থাপনের প্রাথমিক পর্যায়ে তার প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। তবে সঠিক পরিচর্যা এবং বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এ চাষ থেকে উল্লেখযোগ্য লাভ করা সম্ভব বলে তিনি আশাবাদী। তার মতে, অন্যান্য অনেক ফসলের তুলনায় জি-৯ কলা চাষে শ্রমের প্রয়োজন কম। গাছ বড় হওয়ার পর প্রয়োজন অনুযায়ী বাঁশের ঠেকনা দিলেই তা নিরাপদ থাকে। এছাড়া তিনি নিয়মিত অতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী মোচা কাটার পর ফলকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় সীমিত পরিসরে কীটনাশক প্রয়োগ করেন।

তিনি বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদের পরামর্শে তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফলের চারা এবং লাভজনক বাগান ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পেরেছেন। কৃষি বিভাগের নিয়মিত সহযোগিতা ও পরামর্শই তাকে নতুন উদ্যোগ গ্রহণে সাহস জুগিয়েছে।

শাহ আলম জমাদ্দারের নার্সারিতে ঘুরতে আসা দর্শনার্থী অনুপ কুমার শানু বলেন, জি-৯ কলার এমন পরিকল্পিত ও পরিচ্ছন্ন বাগান এ এলাকায় খুব একটা দেখা যায় না। বাগানটি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তার মতে, এ ধরনের আধুনিক ও উচ্চ ফলনশীল কলা চাষ অন্য কৃষকদেরও নতুনভাবে উদ্বুদ্ধ করবে। কৃষি বিভাগের সহায়তায় এমন উদ্যোগ বাড়লে কৃষকরা আরও বেশি লাভবান হবেন এবং এলাকার কৃষিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

নার্সারিতে ঘুরতে আসা দশমিনা উপজেলার সাংবাদিক সঞ্জয় ব্যানার্জি বলেন, জি-৯ কলার বাগান দশমিনায় সম্ভবত এটাই প্রথম। আশা করি এই বাগানের কলা দশমিনাসহ পাশ্ববর্তী উপজেলাসমূহ তথা দক্ষিণাঞ্চলে কলার চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। শাহ আলম জমাদ্দারের জন্য শুভ কামনা রইলো।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বাসস’কে বলেন, জি-৯ একটি উচ্চ ফলনশীল, রোগসহনশীল ও বাণিজ্যিকভাবে লাভজনক কলার জাত। ফলন বেশি হওয়ায় কৃষক সহজেই ভালো আয় করতে পারেন। কৃষি বিভাগ শাহ আলম জমাদ্দারকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে শাহ আলমের মতো নতুন কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে কৃষি বিভাগ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই প্রশিক্ষণে দুর্লভ বই ধ্বংস, উদ্বিগ্ন বই বিক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


এআই প্রশিক্ষণে দুর্লভ বই ধ্বংস, উদ্বিগ্ন বই বিক্রেতারা

এআইয়ের প্রশিক্ষণের জন্য দুর্লভ বই ধ্বংস করতে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন বই বিক্রেতারা।

অনলাইন ডেস্ক থেকে জানানো হয়, ১০ আগস্ট, ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কখনো কখনো বইয়ের বিষয়বস্তুর চেয়েও বই নিজেই আপনাকে বেশি কিছু বলে’, এ কথা বলেছেন টিম হোয়াইট। তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের উইলসন হলে মেলবোর্ন রেয়ার বুক ফেয়ারের জন্য নিজের স্টল সাজাচ্ছিলেন।

টিম হোয়াইট অস্থায়ী তাকের ওপর প্লাস্টিকের আবরণে যত্ন করে রাখা মলাটবাঁধাই বই ও পুস্তিকা সাজিয়ে রেখেছিলেন। তিনি ‘বুকস ফর কুকস’ নামের একটি স্বাধীন বইয়ের দোকান চালান। তার মতে, বই শুধু ভেতরের লেখা বা তথ্যের জন্য নয়, বইয়ের আকার, মলাট ও চেহারাও অত্যন্ত গুরুত্বপূর্ন।

হোয়াইট বলেন, ‘খাবার ও সমাজের সম্পর্ক নিয়ে আমরা আগ্রহী। তাই আমরা বিভিন্ন ধরনের বই খুঁজি। এসব বই খাবার, সমাজ ও মানুষের জীবন সম্পর্কে নানা দিক তুলে ধরে।’ তিনি আরও বলেন, ‘দুর্লভ বই বিক্রেতাদের বেশিরভাগই এভাবে কাজ করেন। আমরা এমন বই ও জিনিস নিয়ে কাজ করি, যেগুলোর পেছনে একটি গল্প রয়েছে।’

তবে বই বিক্রেতা ও দুর্লভ বইয়ের বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, যেহেতু জেনারেটিভ এআই কম্পানিগুলো এআই প্রশিক্ষণের জন্য পুরোনো ও মূল্যবান বই কিনে সেগুলো নষ্ট করার পক্ষে, তাই এতে তারা ভীত। যুক্তরাষ্ট্রে বইয়ের লেখকদের করা একটি কপিরাইট মামলা থেকেই এই উদ্বেগের শুরু। লেখকেরা এআই কম্পানি অ্যানথ্রোপিকের বিরুদ্ধে মামলা করেছেন।

চলতি বছরের শুরুতে প্রকাশিত আদালতের নথিতে জানা যায়, অ্যানথ্রোপিক ‘ধ্বংসাত্মক স্ক্যানিং’ পদ্ধতি ব্যবহার করেছিল। এই পদ্ধতিতে তারা বই কিনে বাঁধাই কেটে ফেলত। এরপর বইয়ের পাতাগুলো দ্রুত স্ক্যান করা হতো। স্ক্যান শেষ হলে বইয়ের বাকি অংশ ফেলে দেওয়া হতো। কম্পানিটি বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল, কিন্তু আদালত রায় দেন, মার্কিন কপিরাইট আইনে এই কাজ বৈধ। আদালতের মতে, এটি ‘রূপান্তরমূলক ব্যবহার’-এর আওতায় পড়ে।

এখন দেখা যাচ্ছে, জেনারেটিভ এআই কম্পানিগুলোর মধ্যে এভাবে বই সংগ্রহের প্রবণতা বেশ সাধারণ ঘটনা। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এই কাজ সহজ করতে মধ্যস্থতাকারীরাও যুক্ত হচ্ছে। অস্ট্রেলিয়ার পুরোনো বই বিক্রেতারাও এ নিয়ে চিন্তিত। তাদের প্রশ্ন, অজান্তেই তারা কি এআই কম্পানিগুলোর বই সংগ্রহের কাজে যুক্ত হয়ে পড়ছেন? কারণ, সম্প্রতি তারা অনেক অর্ডার পাচ্ছেন, যা সাধারণ ক্রেতাদের আচরণের সঙ্গে মিলছে না।

একাধিক বই বিক্রেতা গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে জানান যে, তারা কানাডার জুম বুকস নামের একটি কোম্পানির কাছ থেকে বইয়ের অর্ডার পেয়েছেন। কম্পানিটি নিজেদের বই পুনর্ব্যবহারকারী হিসেবে পরিচয় দেয়। অর্ডারগুলো সাধারণত অ্যাবেবুকস বা বিব্লিওর মতো বড় অনলাইন পুরোনো বইয়ের বাজার থেকে এসেছে। এসব সাইটে সস্তা পেপারব্যাক বই থেকে শুরু করে দুর্লভ ও দামি বইও বিক্রি হয়।

ভিক্টোরিয়ার বেনাল্লায় ‘গুড রিডিং সেকেন্ডহ্যান্ড বুকস’-এর মালিক ডেলফিনা ম্যানর বলেন, মে মাসে তিনি জুম বুকসের কাছ থেকে একসঙ্গে তিন বাক্স বইয়ের অর্ডার পান। পরে তিনি কম্পানিটিকে অনুরোধ করেন, যেন ভবিষ্যতে এত বেশি বইয়ের অর্ডার না দেয়।

ম্যানর বলেন, ‘তারা অর্ডারের টাকা আগেই পরিশোধ করত এবং ডাক খরচ নিয়ে কোনো আপত্তি করত না। কিন্তু প্রতিবার প্রায় ৩০ থেকে ৪০টি বইয়ের অর্ডার আসত। এতগুলো বই খুঁজে বের করা, প্যাকেট করা এবং কোনো বই বাদ পড়েনি তা নিশ্চিত করা আমার জন্য খুবই ঝামেলার ছিল।’

মেলবোর্নের সেইন্সবেরিস বুকসের মালিক জন সেইন্সবেরিও জানান, একই সময়ে তার দোকানের অনলাইন তালিকা থেকে জুম বুকসের অনেক অর্ডার এসেছিল। তিনি বলেন, অর্ডারগুলো বইয়ের দামের ওপর নির্ভর করত না। কোন বই কেন অর্ডার করা হচ্ছে, সেটিও স্পষ্ট ছিল না। অর্ডারে বিশেষ ধরনের বই, নিম্নমানের বই এবং কয়েক দশক পুরোনো বইও ছিল। এসব বই পাঠাতে সেইন্সবেরিসকে বিদেশে বেশ কয়েকটি বাক্স পাঠাতে হয়েছে।

সেইন্সবেরি তার প্রতিষ্ঠানকে ‘পুরোনো বইমেলার একজন সাধারণ বই বিক্রেতা’ হিসেবে বর্ণনা করেন। কারণ, তার দোকানে শুধু দুর্লভ বা বিশেষ বই বিক্রি হয় না। একই ধরনের অর্ডার পাওয়া অন্য বিক্রেতারাও মূলত সাধারণ পুরোনো বই বিক্রি করেন। তবে দামি ও বিশেষায়িত দুর্লভ বই বিক্রেতাদের কাছে এ ধরনের অর্ডার গেছে বলে মনে হয় না।

কিছু বই বিক্রেতার ধারণা, জুম বুকস হয়তো কম দামে বই কিনে পরে বেশি দামে বিক্রি করার জন্য এসব বই সংগ্রহ করছে। পুরোনো বইয়ের ব্যবসায় এ ধরনের কেনাবেচা সাধারণ ঘটনা। তবে জুম বুকসের কিছু নির্দিষ্ট অর্ডার তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

একটি অর্ডারে, ১৯৭০-এর দশকের মৃত্তিকা বলবিদ্যার একটি ম্যানুয়ালের সঙ্গে ২০১০ সালের ‘বর্ন টু থান্ডার: চ্যাম্পিয়নস অব নিউজিল্যান্ড সাইক্লিং’ বই, ১৯৮২ সালে প্রকাশিত অস্ট্রেলীয় কবিতার একটি সংকলন এবং মেলবোর্নের হথর্ন এলাকার ইতিহাস নিয়ে একটি বই অন্তর্ভুক্ত ছিল। কবিতার বইটি মাত্র ৯ ডলারে বিক্রি হয়েছিল। এটি প্রায় ২০ বছর ধরে দোকানের তাকেই পড়ে ছিল।

টিম হোয়াইট বলেন, এ ধরনের ঘটনা নিয়ে এক ধরনের ‘অদ্ভুত টানাপোড়েন’ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘যদি এটি ২০ ডলারের একটি বই হয় এবং অস্ট্রেলিয়ায় এর ৫ লাখ কপি থাকে, তাহলে বইটি নষ্ট হলেও আমি খুব বেশি কষ্ট পাব না। কিন্তু কপিরাইট নিয়ে আমার আপত্তি থাকবে।’

তিনি আরো বলেন, ‘কিন্তু বইটির মধ্যে যদি কোনো গল্প বা বিশেষ ঐতিহাসিক মূল্য থাকে, অথবা সেটি যদি একমাত্র কপি হয়, তাহলে বইটি নষ্ট হওয়া খুবই ভয়াবহ।’ তবে যেসব বই বিক্রেতার কাছে বিপুল পরিমাণ বই রয়েছে এবং সব বইয়ের তালিকা তৈরি করাই কঠিন, তাদের জন্য এ ধরনের বিক্রি সব সময় খারাপ নয়।

নিক ডাওয়েস তার স্ত্রী জেনির সঙ্গে গ্রান্ট’স বুকশপ চালান। তার ধারণা, তাদের গুদামে প্রায় ৫ লাখ বই রয়েছে। ডাওয়েস বলেন, ‘কেউ যদি এসে আমার সব বই কিনে নিয়ে সেগুলো কেটে টুকরো করে ফেলে, তাহলে একদিকে আমার খারাপ লাগবে, অন্যদিকে খুশিও হব। কারণ এত বই একসঙ্গে বিক্রি করা সহজ নয়। কিন্তু কেউ যদি বলে, ‘এই বইটির আর কোনো কপি নেই, আমি এটিকে কেটে ফেলব’, তাহলে আমি বলব, বইটি আপনার কাছে না পাঠানোই ভালো।’

শুধু এআই কম্পানিই নয়, লাভের জন্য বই নষ্ট করার ঘটনা আগেও ঘটেছে। কিছু বিক্রেতা দুর্লভ বই কিনে সেগুলো কেটে ফেলেছেন। পরে বইয়ের ভেতরের ছবি বা অলঙ্করণের পাতাগুলো আলাদাভাবে বিক্রি করেছেন। চ্যাটেলেইন বুকসের দুর্লভ বই বিক্রেতা গ্বেন্থ টড বলেন, “আমি কোন বই বিক্রি করার পর যদি দেখি, সেটির ভেতরের ছবিগুলো আলাদাভাবে বিক্রি হচ্ছে, তাহলে বিষয়টি আমার কাছে খুবই খারাপ লাগে।”

তিনি ক্রেতাদের সম্পর্কে খোঁজখবর নেন, যাতে বইগুলো ‘ভুল হাতে’ না যায়। তিনি বলেন, ‘আমার কাছে বই শুধু একটি বস্তু নয়, এর চেয়েও বেশি কিছু।’ অ্যানথ্রোপিকের একজন মুখপাত্র বলেছেন, কম্পানিটি কখনো জুম বুকস থেকে বই কেনেনি। তবে তিনি জানান, এআই শিল্পে বড় ভাষা মডেল প্রশিক্ষণের জন্য বই সংগ্রহ করা একটি প্রচলিত পদ্ধতি।

তিনি বলেছেন, অ্যানথ্রোপিক সাধারণ বাণিজ্যিক বাজার থেকেই বই সংগ্রহ করে। তাদের কোনো বই সংগ্রহের কর্মসূচিতে দুর্লভ বা পুরোনো বই কিনে নষ্ট করা হয় না।

জুম বুকসের সহপ্রতিষ্ঠাতা মনরূপ গিল সম্প্রতি লিঙ্কডইনে এক পোস্টে জানান, গত কয়েক মাসে তাদের কম্পানিটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর আগে জুম বুকস বই নষ্ট করে স্ক্যান করার অভিযোগও অস্বীকার করেছে। কম্পানিটির এক মুখপাত্র গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেন, ‘আমরা পুরোনো বই সংগ্রহ করি এবং সেগুলো অক্ষত অবস্থায় আবার বিক্রি করি। আমরা বই digital করি না। আমাদের প্রধান লক্ষ্য বই পুনরায় ব্যবহার করা। কোনো বই আর ব্যবহার বা বিক্রি করা সম্ভব না হলে আমরা সেটি দায়িত্বশীলভাবে পুনর্ব্যবহার করি।’

তবে জুম বুকস সচেতনভাবে এআই কম্পানিগুলোর কাছে বই নষ্ট করে স্ক্যান করার জন্য অক্ষत বই বিক্রি করেছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি। কম্পানিটি বলেছে, ‘আমাদের ব্যবসায়িক চুক্তিতে গোপনীয়তা রক্ষার শর্ত রয়েছে। তাই আমরা আমাদের গ্রাহকদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ বা আলোচনা করতে পারি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন পার্বত্য জেলার এসএসসি ফলে সেরা লেকার্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


তিন পার্বত্য জেলার এসএসসি ফলে সেরা লেকার্স

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর তিন পার্বত্য জেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ বছর এই প্রতিষ্ঠানটি থেকে ১৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলেও ষষ্ঠ স্থান অধিকার করেছে। ফলাফল প্রকাশের পর এই সাফল্যে আনন্দ মুখরিত হয়ে ওঠেন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানিয়ে সাফল্যের আনন্দ ভাগ করে নেন। শিক্ষকেরা এবং অধ্যক্ষও কৃতী শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে বিশেষ অভিনন্দন জানান। ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকেই উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, এর মধ্যে ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় ৩৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ ফলাফল। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। তিন পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পাসের হার তাকে শীর্ষে নিয়ে এসেছে। তুলনামূলক ফলাফল অনুযায়ী খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৪ দশমিক ৩০ শতাংশ। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার শতভাগ হওয়ায় এটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। শুধু তিন পার্বত্য জেলার মধ্যে নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলেও লেকার্সের অবস্থান ষষ্ঠ হওয়ায় এবারের এসএসসি ফলাফল রাঙ্গামাটির শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠানটির জন্য একটি বিশেষ অর্জন। সাফল্য পাওয়া শিক্ষার্থীরা উল্লেখ করেন, এই ফলাফল আসতে সময় লেগেছে। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিজ্ঞাপন আরও পড়ুন ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় ছাত্রীদের সাফল্য বেশি। শিক্ষার্থী জুঁই চাকমা বলেন, আমাদের শিক্ষকরা পড়াশোনার ক্ষেত্রে সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। পরিবার থেকেও পেয়েছি সর্বোচ্চ সহযোগিতা। নিজেদের পরিশ্রম, শিক্ষক এবং পরিবারের সহযোগিতার ফলেই আজকের এই সাফল্য অর্জন করতে পেরেছি। শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান, একাডেমিক তদারকি এবং পরীক্ষার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কারণেই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে তাঁরা মনে করেন। অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম হওয়া এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। ফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কৃতী শিক্ষার্থীদের চারপাশে শিক্ষক ও সহপাঠীদের উচ্ছ্বাসের মাধ্যমে পুরো ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। কেউ সাফল্যের আনন্দে সহপাঠীদের সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার শিক্ষকদের সঙ্গে নিজেদের অর্জনের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%