প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা করছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু এসব তথ্য জানান।
শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে বিজিবির এই কর্মকর্তা বলেন, “আমাদের নির্দেশনা আছে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসতে পারবেন না। যেহেতু তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে, সেহেতু তিনি আসার চেষ্টা করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক উল্লেখ করেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হচ্ছে এবং ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করে রাতেও নজরদারি করা হচ্ছে। এছাড়া সীমান্তে ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের তথ্যও জানানো হয়।
বিজিবি জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধোবড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ককটেল ও হেরোইন উদ্ধার করা হয় এবং আমিনুল ইসলামকে আটক করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর বিজিবি রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৬৫১ জনকে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নবনিযুক্ত ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহম্মেদও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন