ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী

ইরান যুদ্ধে জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে: জন জে. মিয়ারশাইমার


ইরান যুদ্ধে জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে: জন জে. মিয়ারশাইমার

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক জন জে. মিয়ারশাইমার ভবিষ্যদ্বাণী করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত হবে এবং ইরান জয়ী হবে। তিনি উল্লেখ করেন, ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যেখানে শুধুমাত্র বিমান শক্তি ব্যবহার করে শাসনব্যবস্থা পরিবর্তন করা সম্ভব হয়েছে। ফলে, যুক্তরাষ্ট্র যত আধুনিক বিমান দিয়ে হামলা চালাক, তাতে তারা এই যুদ্ধে জয়ী হতে পারবে না। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প কেবল বিমান হামলা চালিয়ে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং ইরান জয়ী হবে। মিয়ারশাইমার সতর্ক করেন যে, ইরানিদের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির জন্য আরও বড় ক্ষতির কারণ হবে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন জে. মিয়ারশাইমার প্রায় আট দশক ধরে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বব্যবস্থার উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন। ‘মার্গালা ডায়ালগ’-এ দেওয়া দুই ঘণ্টার বক্তৃতায় তিনি শ্রোতাদের সামনে একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা থেকে ক্রমবিকাশমান বহুমেরুকেন্দ্রিক বিশ্ব এবং বৃহৎ শক্তির রাজনীতির প্রত্যাবর্তনের বিবর্তন তুলে ধরেন। তার মতে, আন্তর্জাতিক রাজনীতি এখন বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই বক্তব্যের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।

বৃহৎ শক্তির রাজনীতির রূপরেখা ব্যাখ্যা করতে গিয়ে ৭৮ বছর বয়সি এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত একমেরুকেন্দ্রিক বিশ্বে কোনো বৃহৎ শক্তির রাজনীতি ছিল না; কারণ ওই সময় যুক্তরাষ্ট্র একক পরাশক্তি ছিল। আমেরিকার আধিপত্যের যুগের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা ছিলাম গডজিলার মতো, এবং আমরা সারা বিশ্বে ছুটে বেড়িয়ে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করেছি। সেটিই ছিল একমেরুকেন্দ্রিক মুহূর্ত।’

আরও পড়ুন: মার্কিন কর্মকর্তাদের ফাঁদে ফেলছে চীনা গুপ্তচরদের ভুয়া প্রতিষ্ঠান

দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বে বেড়ে ওঠা অধ্যাপক মিয়ারশাইমার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দুই পরাশক্তির যুগের কথা স্মরণ করেন, যা ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে শেষ হয়। তিনি বৃহৎ শক্তিগুলোকে ‘গরিলা’র সঙ্গে তুলনা করে বলেন, এরা ‘ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং প্রচুর সমস্যার সৃষ্টি করে।’ তাই এদের মধ্যকার প্রতিযোগিতার দিকে বিশ্বের নজর রাখা উচিত।

একবিংশ শতাব্দীর বাকি সময়ের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাকে ‘প্রধান বৃহৎ প্রতিদ্বন্দ্বিতা’ হিসেবে অভিহিত করেন এই বিখ্যাত বাস্তববাদী তাত্ত্বিক। তিনি বলেন, প্রথমবারের মতো ইউরোপের চেয়ে পূর্ব এশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ চীন এখন আমেরিকার প্রধান হুমকি। ‘পিভট টু এশিয়া’ (এশিয়ামুখী নীতি) ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য ছিল চীনকে কোণঠাসা করতে পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া।

যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানের ওপর কীভাবে প্রভাব ফেলছে, সে বিষয়ে আলোকপাত করে অধ্যাপক মিয়ারশাইমার উভয় দেশের সঙ্গে ইসলামাবাদের ভারসাম্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র—উভয়ের সঙ্গেই পাকিস্তানের বেশ ভালো সম্পর্ক রয়েছে। পাকিস্তানকে এখনো কোনো এক পক্ষকে বেছে নিতে বাধ্য করা হয়নি, যা নিঃসন্দেহে পাকিস্তানের স্বার্থের অনুকূলে।

একজন পাকিস্তানি কৌশলবিদের দৃষ্টিভঙ্গি থেকে তিনি সতর্ক করে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই এখন এশিয়া জুড়ে তীব্র নিরাপত্তা প্রতিযোগিতায় লিপ্ত, তাই আগামীতে পাকিস্তানের পরিস্থিতি কী দাঁড়াবে সেদিকে নজর দেওয়া জরুরি। চীনের শক্তিশালী নৌবাহিনী (ব্লু-ওয়াটার নেভি) গড়ে তোলার প্রসঙ্গ টেনে তিনি জানান, আমেরিকানদের মতো চীনারাও উল্লেখযোগ্য সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা অর্জন করতে চায়।

আরও পড়ুন: ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নেতানিয়াহু নারাজ

কৌশলগত চাপে আছে যুক্তরাষ্ট্র

মিয়ারশাইমার উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে পারস্য উপসাগর ও ইউক্রেনে আটকে পড়ায় এশিয়ায় মনোযোগ দিতে পারছে না। ফলে ‘এশিয়ামুখী নীতি’র বদলে উল্টো এশিয়া থেকে সরে আসার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় কোনো সংকট বা চীনের সঙ্গে ঝামেলা একদমই চায় না।”

মার্কিন নৌবাহিনী আগের মতো বড় নেই উল্লেখ করে তিনি জানান, পারস্য উপসাগরে ব্যাপকভাবে মোতায়েন করার জন্য পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ নৌবহর সরিয়ে নেওয়া হয়েছে। কৌশলগতভাবে চাপে থাকার কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি নমনীয় আচরণ করছেন বলে তিনি মনে করেন। তবে ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র আবারও এশিয়ায় মনোযোগ দেবে এবং তখন চীন-মার্কিন উত্তেজনা ব্যাপকভাবে বাড়বে—যা পাকিস্তানের জন্য মোটেও স্বস্তিদায়ক হবে না।

যুক্তরাষ্ট্রের যুদ্ধের আসক্তির সমালোচনা করে অধ্যাপক মিয়ারশাইমার বলেন, “যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত।” প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বর্তমান ইরান যুদ্ধকে দ্বিতীয় যুদ্ধ (প্রথমটি ছিল গত বছরের ১২ দিনের যুদ্ধ) হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আফগানিস্তানে পরাজয় এবং ইরাকে রক্তাক্ত হওয়ার পরও আমরা ইরানের বিরুদ্ধে দুবার যুদ্ধে জড়িয়েছি।”

আরও পড়ুন: জেলেনস্কির রাশিয়ার সঙ্গে দ্রুত চারপক্ষীয় আলোচনার আহ্বান

ইরানে মার্কিন যুদ্ধকে একটি ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প কেবল বিমান হামলা চালিয়ে ইরানের শাসনব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করেছেন। ঐতিহাসিক উদাহরণ টেনে তিনি বলেন, “ইতিহাসে এমন একটিও নজির নেই যেখানে শুধু বিমান শক্তি দিয়ে শাসনব্যবস্থা পরিবর্তন করা গেছে... এর জন্য স্থল অভিযান চালাতে হয়।” তিনি মনে করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং ইরান জয়ী হবে। ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির আরও বড় ক্ষতি করবে বলেও তিনি সতর্ক করেন।

গাজায় গণহত্যা ও মার্কিন সংশ্লিষ্টতা

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে মিয়ারশাইমার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইল গাজাকে জাতিগতভাবে নির্মূল করার সুযোগ হিসেবে নিয়েছে এবং তাদের সামরিক অভিযান গণহত্যায় রূপ নিয়েছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বিতাড়িত করার উপায় হিসেবে এই গণহত্যা চালানো হয়েছে এবং তা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিরা গাজা ছাড়েনি। কিন্তু ইসরাইলিরা এখনো তাদের তাড়িয়ে দিতে বদ্ধপরিকর।” পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের জর্ডানে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং গাজাকে একটি বন্দিশিবিরে পরিণত করে আরেকটি ‘নাকবা’ (বিপর্যয়) তৈরি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না উল্লেখ করে তিনি বলেন, “এটি বোঝা খুবই জরুরি যে যুক্তরাষ্ট্র এই গণহত্যার সহযোগী।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক আইন

আরও পড়ুন: গাজার ৯২ শতাংশ প্রাচীন জলপাইবাগান ধ্বংস, হাজারো কৃষক হারিয়েছেন জীবিকা

২০১৭ সাল থেকে শুরু হওয়া বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বে তিনটি বৃহৎ শক্তি রয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তার মতে, “যুক্তরাষ্ট্র এখনো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র; চীন খুব কাছাকাছি দ্বিতীয় অবস্থানে থাকা দেশ এবং রাশিয়া এই তিন বৃহৎ শক্তির মধ্যে সবচেয়ে দুর্বল রাষ্ট্র।”

পঞ্চম বছরে পদার্পণ করতে যাওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের সামান্য অংশ দখল করতেই রাশিয়াকে হিমশিম খেতে হচ্ছে। রুশ সেনাবাহিনী ততটা দক্ষ বা বিপজ্জনক নয় উল্লেখ করে তিনি পুরো ইউক্রেন বা পূর্ব ইউরোপ দখলের সম্ভাবনাকে নাকচ করে দেন। তবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, যাকে তিনি ‘পাগলামি’ বলে অভিহিত করেন। কারণ এর ফলে রাশিয়া চীনের দিকে ঝুঁকে পড়ছে। ক্ষমতার ভারসাম্যের নীতি অনুযায়ী, চীনের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উচিত ছিল রাশিয়াকে নিজেদের মিত্র হিসেবে রাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: সংসদ সদস্য আবুল হোসেন খান

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


কৃষক বাঁচলে দেশ বাঁচবে: সংসদ সদস্য আবুল হোসেন খান

কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি খাতের উন্নয়নে সরকারি কার্যক্রমের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হোসেন খান বলেন, আমি বিগত দিনগুলো থেকে দেখে আসছি, এ উপজেলার কৃষকরা আদৌ কোনো উপকার পাচ্ছেননা। বাস্তবতা হলো, বিভিন্ন ফসলের উৎপাদন নেই বললেই চলে। বাকেরগঞ্জের মানুষকে সবজি কিনে খেতে হচ্ছে। নরসিংদী ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে সবজি এনে এখানকার চাহিদা পূরণ করতে হচ্ছে। অথচ কাগজে-কলমে কৃষি উন্নয়নের যে চিত্র তুলে ধরা হয়, তার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কোনো মিল আছে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি আরও বলেন, কৃষকরা যদি কাঙ্ক্ষিত সেবা না পান,তার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতি মাসে মাঠপর্যায়ে পরিদর্শন করলেই কৃষকদের সেবার মান বাড়ানো সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির জমাদ্দার,


এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিঞ্চা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার,পৌর বিএনপির সহসভাপতি আলীম জোমাদ্দার, উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

অনুষ্ঠানে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে কৃষকদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুখাদ্যে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের অভিযোগে কাদের এগ্রোকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


শিশুখাদ্যে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের অভিযোগে কাদের এগ্রোকে জরিমানা

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : শিশুখাদ্য উৎপাদনে উপাদান তালিকার সঙ্গে বাস্তব ব্যবহারের অমিলের কারণে, চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টিকারক অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে বস্ত্রের রং (টেক্সটাইল ডাই) ব্যবহারের দায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকার কেরানীগঞ্জের কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেছে।

আজ কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটিতে পরিচালিত মোবাইল কোর্টে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনি উল্লেখ থাকলেও বাস্তবে অ্যাসপারটেম ব্যবহার করা হচ্ছিল। অথচ কারখানায় চিনির মজুত বা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, পণ্যের উপাদান তালিকায় বিটা-ক্যারোটিনের উল্লেখ থাকলেও উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল বস্ত্রের রং।

এ ছাড়া, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ যথাযথভাবে উল্লেখ করা হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উপকরণের উৎস শনাক্তকরণের নথি, রাসায়নিক উপাদানের নিরাপত্তা তথ্যপত্র (এমএসডিএস ও সিওএ) এবং বিশ্লেষণ সনদও প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি, অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে ঢাকার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে গোর-এ-শহীদ মাঠ ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


দিনাজপুরে গোর-এ-শহীদ মাঠ ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড়মাঠ ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বড়মাঠ রক্ষা কমিটির উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সমবেত হয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বড় মাঠ অবমুক্ত করে খেলাধুলাসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। জেলা প্রশাসন মাঠটি অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেয়।

জানা গেছে, মালিকানার জটিলতা দেখিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে একটি সংস্থা ক্যাম্প বসিয়ে মাঠের সব কর্মকাণ্ড বন্ধ করে দেয়। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গোর শহীদ ঈদগাহ ময়দান, শহীদ মিনার এবং জাতীয় টুর্নামেন্টসহ সব খেলাধুলা বন্ধ হয়ে যায়। বড়মাঠ অবমুক্তের দাবিতে সোমবার বেলা ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি চলাকালীন বক্তারা শত বছরের ঐতিহ্য বড় মাঠ রক্ষায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এ সময় ২০০৩ সালে বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।

দিনাজপুর বড় ময়দান তার চিরচেনা রূপ ফিরিয়ে আনতে শিশু, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবি "আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দিন।"

মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনতে ও মাঠকে অবমুক্ত করতে প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার কথা জানান বড় মাঠ রক্ষা কমিটির নেতা অ্যাডভোকেট গোলাম বিন চার্লি, মাসুদ রানা, রেহাতুল ইসলাম খোকা।

তারা বলেন, "শত বছরের ঐতিহ্যের সাক্ষী এই মাঠ ক্রীড়া, সংস্কৃতি ও ইতিহাসের মেলবন্ধন। মাঠের মালিকানা যারই থাকুক, কোনোভাবেই এখানে খেলাধুলা বন্ধ করা উচিত নয়।"

স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপপরিচালক হাফিজুর রহমান খুব দ্রুত মাঠটি অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

দেশের বৃহত্তম দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় মাঠ ২৩ একর জায়গার ওপর অবস্থিত। এখানে রয়েছে ঈদগাহ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, স্পোর্টস ভিলেজ, পাঁচটি ক্রিকেট একাডেমি ও ফুটবল মাঠ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী মন্টু মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী মন্টু মিয়ার মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া (৫৩) নামের এক কারাবন্দী মারা গেছেন।

রবিবার (২২ নভেম্বর) অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে, তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%