প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
সম্প্রতি, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে বসতি স্থাপনকারীরা বাড়িঘর ও গাড়িতে আগুন লাগিয়েছে। এসব ঘটনার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন ইসরাইলের পার্লামেন্ট নেসেটের কিছু সদস্য।
আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, বসতি স্থাপনকারীদের এ ধরনের হামলা নিঃসন্দেহে ‘ইহুদি সন্ত্রাসবাদ’। তিনি বলেন, পশ্চিম তীরে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বে সরকারের বিভিন্ন পদক্ষেপ অঞ্চলটিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি দাবি করেছেন, হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক আটক, গোয়েন্দা সংস্থা শিন বেতের বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদও পশ্চিম তীরে চলমান সহিংসতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন। তার মতে, সরকারের অপরাধমূলক অবহেলার কারণে ইহুদি সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে।
লাপিদ এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, সরকারের মন্ত্রীরা নীরব থেকে বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। বিরোধীরা ক্ষমতায় এলে এ ধরনের সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন।
২০২২ সালের শেষের দিকে নেতানিয়াহু ইসরাইলে ডানপন্থী জোট সরকার পরিচালনা শুরু করেন। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বিবেচিত।
গত ৮ নভেম্বর, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকটকে দেন। এ জন্য তাকে ২৮ দিনের সময় দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। যদি তিনি সরকার গঠনে ব্যর্থ হন, তবে পার্লামেন্টের অন্য সদস্যকে এ দায়িত্ব দেওয়া হবে।
এদিকে, পশ্চিম তীরে নতুন করে তৃতীয় ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণঅভ্যুত্থান শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তার মতে, অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে রয়েছে।
১৯৮৭ ও ২০০০ সালে ফিলিস্তিনিদের প্রথম ও দ্বিতীয় ইন্তিফাদা সংঘটিত হয়। গোলান বলেন, তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে হলে বর্তমান সরকারের পরিবর্তন জরুরি। কারণ, সরকারটি ইহুদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে।
তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতায় নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলি সেনারাও ঝুঁকির মুখে পড়ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিচ্ছিন্নতা আরও বাড়ছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম তিবনও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। তার আশঙ্কা, ইহুদি সন্ত্রাসবাদ বন্ধ করতে ব্যর্থ হলে তা শেষ পর্যন্ত ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তিবন বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কেবল শুরু। সহিংসতা অব্যাহত থাকলে দেশটির ব্যাংকগুলোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে।
এর আগে, গত বুধবার ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ বসতি সম্প্রসারণে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তি ও চারটি ইসরাইলি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। এর আগের দিন, পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ইসরাইলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। জাতিসংঘ ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে আসছে।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের পাঁচটি এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। মধ্য পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক ও দেইর আবু মাশাল, দক্ষিণের আল-তুওয়ানি এবং উত্তরের দেইর বালুত এলাকায় এসব হামলা চালানো হয়।
এসব ঘটনার তদন্ত শুরু করেছে ইসরাইলি পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি বসতি স্থাপনকারীদের ফাঁড়ি রয়েছে। এসব এলাকায় প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসবাস করেন।
ফিলিস্তিনের উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্যমতে, গত অক্টোবর মাসে ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা, বাড়িঘর ও সম্পত্তি ধ্বংসের ঘটনা বেড়েছে।
অন্যদিকে, দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এ ছাড়া গাজা যুদ্ধের ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মুখে রয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন