প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের তালিকায় এবার যুক্ত হলো সিআঈএ’র নাম। মার্কিন গণমাধ্যম সিএনএন জানাচ্ছে, বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ এবং যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানকারী অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই) একটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে, যা সংস্থাগুলোর আনক্লাসিফায়েড বা অগোপনীয় তথ্যকে প্রভাবিত করেছে।
একটি সূত্র জানাচ্ছে, উন্মুক্ত উৎস থেকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সিস্টেমে অনুপ্রবেশটি ঘটেছে। তথ্য ফাঁসের পূর্ণাঙ্গ মাত্রা এখনো স্পষ্ট নয়, তবে কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে কোনো গোপনীয় তথ্য এতে ক্ষতিগ্রস্ত হয়নি। ওডিএনআই-এর এক কর্মকর্তা সিএনএনকে বলেন, 'গুরুত্বপূর্ণ সক্ষমতা বা গোপনীয় সিস্টেমগুলোতে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।' দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই হ্যাকিংয়ের উৎস হতে পারে চীন, যদিও দেশটির সরকার এতে জড়িত কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হ্যাকিংয়ের ঘটনাটি ঠিক কবে ঘটেছে বা এর সমাধান হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিআইএ-সহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানকারী ওডিএনআই সাম্প্রতিক বছরগুলোতে ওপেন-সোর্স বা উন্মুক্ত গোয়েন্দা কার্যক্রমে বিনিয়োগ বাড়িয়েছে, যা সাধারণত অগোপনীয় হয়ে থাকে। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ প্রথম এই অনুপ্রবেশের খবর প্রকাশ করে; যা মার্কিন সরকার এবং বেসরকারি খাতকে নাড়িয়ে দেওয়া ধারাবাহিক সাইবার নিরাপত্তা ঘটনা ও প্রযুক্তিগত বিপর্যয়ের সর্বশেষ সংযোজন।
দুটি সূত্র জানিয়েছে, দেশব্যাপী এফবিআই-এর অপরাধী তথ্যভাণ্ডারে হওয়া সাম্প্রতিক হ্যাকিংয়ের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে। এই হ্যাকিংয়ের ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন ব্যাংক, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে প্রভাবিত করা একের পর এক বড় প্রযুক্তিগত বিপর্যয় মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনের প্রযুক্তির ওপর আস্থায় চিড় ধরিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে বড় ধরনের সিস্টেম ত্রুটির কারণে সারা দেশে ৪ ঘণ্টা ২১ মিনিট সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আরকানসাসের একটি মাত্র রাউটারে ওই সমস্যার উৎস খুঁজে পেয়েছিল।
আলাদাভাবে, মাইক্রোসফটের পণ্যগুলোতে বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বজুড়ে মানুষ কর্মক্ষেত্রের অপরিহার্য মাধ্যম যেমন আউটলুক ইমেইল অ্যাকাউন্ট এবং টিমস মিটিংয়ে প্রবেশ করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রের এনএসএ-তে বিভ্রাট এবং এফবিআই ও সিআইএ-তে অনুপ্রবেশের ঘটনাই জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সবচেয়ে বেশি সতর্ক করে তুলেছে।
সিএনএন প্রথম জানিয়েছিল যে, অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এনএসএ যে অতি-গোপনীয় নেটওয়ার্ক ব্যবহার করে, গত সপ্তাহে তা বেশ কয়েক দিন অচল ছিল। দেশের শীর্ষ গোয়েন্দা প্রধান জে ক্লেটন বলেছেন, এর দৃশ্যমান কারণ ছিল একটি সফ্টওয়্যার আপডেটে ত্রুটি, কোনো সাইবার হামলা নয়। সিএনএন জানাচ্ছে, জর্জিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এতে প্রভাবিত হয়েছিল, যেখান থেকে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংকেত গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়—যেখানে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।
এই বিভ্রাটে এনএসএ-র সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সিস্টেমগুলো অক্ষত ছিল এবং শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান করা হয় এনএসএ যে সফটওয়্যার দুর্বলতাগুলো সমাধান করছিল, তা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শনাক্ত হওয়া অসংখ্য নতুন দুর্বলতার মাত্র কয়েকটি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এআই-এর কল্যাণে সরকারি সংস্থা এবং বেসরকারি কোম্পানি উভয়ই তাদের সিস্টেমে একের পর এক নতুন সফটওয়্যার ত্রুটি খুঁজে পাচ্ছে, যা দ্রুত সমাধান করতে গিয়ে তাড়াহুড়োয় মাঝেমধ্যে নানা ভুলও হয়ে যাচ্ছে। সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন