প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠার ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের শিকার হয়ে জমি, ভবন ও স্থায়ী ঠিকানা হারিয়েছে। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বারবার স্থানান্তরিত হতে হয়েছে, তবে পাঠদান কখনো বন্ধ হয়নি। কিন্তু, বর্তমানে বিদ্যালয়টির নিজস্ব জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে, শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে ভাঙনের আশঙ্কায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অস্তিত্ব সংকটে রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের কার্যক্রম চলছে দুটি টিনের ঘরে, যেখানে ১২ জন শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ১০০ শিক্ষার্থী রয়েছেন।
১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য এটি মাধ্যমিক শিক্ষার প্রধান ভরসা। প্রতিষ্ঠার পর থেকে নদীভাঙনের কারণে একাধিকবার ঠিকানা বদলাতে হয়েছে। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হলেও স্থায়ী অবকাঠামো গড়ে তোলার সুযোগ হয়নি।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে অন্যের জমি ভাড়া নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এ জন্য বিদ্যালয়টিকে বছরে মাত্র ৪ হাজার টাকা দিতে হয়। বিদ্যালয়ের নামে দুবলার চরে ৭৪ শতাংশ এবং দিয়ারা ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি রয়েছে, কিন্তু সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী বর্তমানে বিদ্যালয়ের অবস্থানের কাছাকাছি চলে আসায়, আগামী বছরও এখানে পাঠদান চালানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, "বিদ্যালয়টিকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে। ২০১৯ সাল থেকে বর্তমান স্থানে কার্যক্রম চলছে। কিন্তু নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে এখানেও বেশি দিন থাকা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।" এত প্রতিকূলতার মধ্যেও, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনেকেই সরকারি গুরুত্বপূর্ণ পদসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।
একসময় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫০ জন, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। নদীভাঙন, যোগাযোগের দুর্ভোগ, আর্থিক অসচ্ছলতা ও শিক্ষার পরিবেশের সীমাবদ্ধতায় শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের তথ্যমতে, ২০২৫ সালে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হয়। ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেয় সাতজন, পাস করে দুজন।
বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রুস্তম আলী মুন্সী বলেন, "৩৬ বছরের চাকরিজীবনে আমি ১১ বার বিদ্যালয়টির ভাঙন দেখেছি।" তিনি আরও জানান, "কয়েকবার আসবাব ও কাগজপত্র সরানো সম্ভব হলেও ভবন রক্ষা করা যায়নি।" অফিস সহকারী সিরাজুল ইসলাম জানান, স্থানান্তরের সময় একবার ট্রলারে নেওয়ার পথে দুই বস্তা গুরুত্বপূর্ণ কাগজপত্র নদীতে পড়ে যায়।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল জানায়, "বর্ষাকালে কাদা-পানি পেরিয়ে বিদ্যালয়ে আসতে কষ্ট হয়।" তবুও তারা নিয়মিত ক্লাস করার চেষ্টা করে।
চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, "নদীভাঙন ও দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে।" বারবার বিদ্যালয়ের অবস্থান পরিবর্তনেও শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহে প্রভাব পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, "নদীভাঙনের কারণে বিদ্যালয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না।" ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ লাখ টাকার উন্নয়নকাজ করা হয়েছে, যার মধ্যে মেঝে পাকা এবং দরজা-জানালা মেরামত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, "বিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।" এ বছর একটি ওয়াশব্লক নির্মাণের জন্যও অর্থ বরাদ্দ রয়েছে। তবে নদী খুব কাছে চলে আসায়, বর্তমান স্থানে বিদ্যালয়টি কত দিন টিকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয়দের মতে, দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ ধরে রাখতে বিদ্যালয়টির নিরাপদ ও স্থায়ী অবস্থান নিশ্চিত করা জরুরি। বারবার নদীভাঙনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন