ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুবরাজের পরামর্শে বৈভবের ব্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড


যুবরাজের পরামর্শে বৈভবের ব্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ার পেছনে বৈভব সূর্যবংশী নিজের ‘আইডল’ যুবরাজ সিংয়ের সঙ্গে আধঘণ্টার ফোনালাপকে কৃতিত্ব হিসেবে উল্লেখ করেছেন। ১৫ বছর বয়সী এই ব্যাটিং বিস্ময় দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করেছেন। তার ইনিংসে ২৮টি ছক্কা ছিল।

সাম্প্রতিক সময়ে সূর্যবংশী নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন ছিলেন। যুবরাজের সঙ্গে কথা বলার সময় তিনি কিছু টেকনিক্যাল পরামর্শ পেয়েছেন। এই পরামর্শগুলো তার ব্যাটিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বলে জানান তিনি।

বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, ‘গতকাল আমি চারজনের সঙ্গে কথা বলেছিলাম... মাত্র চারজনের সঙ্গে। একজন অবশ্যই আমার বাবা। একজন আমার শৈশবের কোচ মনীশ ওঝা। আরেকজন আমার বন্ধু, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে যে আমার সঙ্গে আছে, প্রথম জাচক। চতুর্থজন যুবরাজ স্যার। তার সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে তিনি আমাকে অনেক কিছু বলেছেন।’

আরও পড়ুন: খাজার অভিযোগ নাকচ করে কামিন্সের ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি

যুবরাজের সঙ্গে খোলামেলা আলোচনা করে নিজের সমস্যাগুলো তুলে ধরেছেন সূর্যবংশী। তিনি বলেন, ‘আমি খুব চিন্তিত ছিলাম। তাকে খোলাখুলিভাবে বলেছিলাম, ব্যাট করতে নামলে কী কী সমস্যায় পড়ছি। তিনি আধঘণ্টা ধরে খুব সুন্দরভাবে সব বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, আমি যদি ২০টি বল খেলতে পারি, তাহলে স্কোরটা অন্য রকম হবে। আরও অনেক কারিগরি বিষয় নিয়ে কথা বলেছেন, যা আজ আমাকে দারুণ সাহায্য করেছে।’

দোহায় চলমান টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে নেপালের বিপক্ষে ২৬ এবং পাকিস্তান ‘এ’-এর বিপক্ষে ১১ রান করেছিলেন সূর্যবংশী। এর আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে ১৮ রান করেছিলেন।

টানা রান না পাওয়ার কারণে মানসিকভাবে কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন তিনি। সূর্যবংশী বলেন, ‘এটা সহজ ছিল না। এখানে প্রথম দুই ম্যাচে, এমনকি তার আগে ঘরোয়া ক্রিকেটের এক-দুই ম্যাচেও রান করতে পারিনি। তাই মাথায় নানা চিন্তা আসছিল, কী হচ্ছে বুঝতে পারছিলাম না। কিন্তু যুবরাজ স্যারের সঙ্গে কথা বলেছি।’

যুবরাজকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করে সূর্যবংশী বলেন, ‘তিনি আমার আইডল। নিজের আইডলের সঙ্গে কথা বললে স্বাভাবিকভাবেই সবকিছু মনোযোগ দিয়ে শোনা হয়। আমিও তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। তিনি একেকটি বিষয় ধরে বুঝিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেও বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম। আজ সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি। তার বলা এক-দুটি বিষয় কাজে লাগিয়েছি, তাতেই অনেক সাহায্য পেয়েছি।’

আরও পড়ুন: টেস্ট র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগিয়েছেন লিটনও

ম্যাচের আগে দীর্ঘ সময় ব্যাট করার পরিকল্পনা ছিল সূর্যবংশীর। আগের দুই ম্যাচেও একই চেষ্টা করেছিলেন তিনি। তবে উইকেটের আচরণ বুঝে নিজের খেলার ধরন পরিবর্তন করেন।

সূর্যবংশী বলেন, ‘আইপিএল শেষ হওয়ার পর আহমেদাবাদে এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমি তিন ফরম্যাটেই খেলতে পারি এবং পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলাতে পারি। নিজের খেলায় আমার সেই নিয়ন্ত্রণ আছে। আগের দুই ম্যাচে একইভাবে খেলার চেষ্টা করছিলাম। দীর্ঘ ফরম্যাট হলে ম্যাচও দীর্ঘ হবে, তাই বেশি সময় ব্যাট করার চেষ্টা করছিলাম। আজও একই মানসিকতা নিয়ে মাঠে গিয়েছিলাম, উইকেট কেমন সেটা দেখতে। কয়েকটি বল খেলে বুঝলাম, উইকেট থেকে খুব বেশি সহায়তা পাওয়া যাচ্ছে না। বল সুন্দরভাবে ব্যাটে আসছিল। তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি এবং নিজের শক্তির ওপর ভরসা রেখেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে হিমেলের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


জুলাই আন্দোলনে হিমেলের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেপ্তার

পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে, উপজেলার দেওলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জহিরুল ইসলাম (৪৫) দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র। তিনি উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ এবং মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি নিক্ষেপ করে। এই ঘটনার ফলে আন্দোলনে অংশগ্রহণকারী গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামের এক যুবক তার দুই চোখের দৃষ্টিশক্তি হারান।

হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সাংবাদিকসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবারম্যানের অভিযোগ, ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


লিবারম্যানের অভিযোগ, ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু

ইসরাইলের ডানপন্থি রাজনৈতিক দল আওয়ার হোম পার্টির নেতা আভিগদর লিবারম্যান মন্তব্য করেছেন যে, অদূর ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে ইসরাইলের একতরফা সামরিক হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করার অভিযোগও করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিবারম্যান একটি পোস্টে উল্লেখ করেন যে, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর মূল্যায়ন অত্যন্ত গুরুতর। তবে তিনি বলেন, "তাৎক্ষণিকভাবে ইরানে এককভাবে হামলা চালানোর মতো কোনো গোয়েন্দা তথ্য বা সামরিক কার্যক্রম পরিচালনার যৌক্তিক ভিত্তি নেই।"

লিবারম্যান বিরোধী জোটের অংশ হিসেবে নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজ করছেন। তিনি নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের সমালোচনা করে বলেন, তাদের অবস্থান ক্ষমতার প্রতি মোহ থেকেই পরিচালিত হচ্ছে। এর আগে কাৎজ বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলার বিষয়টি ইসরাইলের উড়িয়ে দেওয়া উচিত নয়।

লিবারম্যান বলেন, "তারা মরিয়া হয়ে নিজেদের পদ আঁকড়ে ধরে আছেন। দায়িত্ববোধ কিংবা বিচক্ষণতা—কোনোটিই তাদের প্রধান বৈশিষ্ট্য বলে মনে হচ্ছে না।"

এদিকে, ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগকে তেহরান ‘ভিত্তিহীন ও জালিয়াতিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতা বোরহান মাহমুদ পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতা বোরহান মাহমুদ পদত্যাগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’

মঙ্গলবার গভীর রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড প্রকাশ করেন, যেখানে ব্যক্তিগত ছবি সংযুক্ত ছিল। তাঁর এই পদত্যাগের ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

পদত্যাগের বিষয়ে বোরহান মাহমুদ বলেন, ‘আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের নেতা দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে মবকারী আখ্যা দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। দলে না থেকেও বিএনপির জন্য আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে যাব। যারা বিএনপির আদর্শকে ভালোবাসেন, তাঁদের পদ-পদবির প্রয়োজন হয় না।’

এদিকে, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বোরহান মাহমুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। তিনি জানান, ‘রোববার দুপুরে আমি পরিষদে অফিস করছিলাম। এ সময় বোরহান নামে একটি ছেলে আমাকে হুমকি-ধমকি দেয়। পরে আমি অফিস থেকে বের হয়ে যাই। এর আগে বোরহান মাহমুদ আমার কাছে চাঁদা দাবি করেছিল। টাকা না দিলে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেবে না বলেও হুমকি দিয়েছিল। রোববার সে লোকজন নিয়ে আমার অফিসে এসে মব সৃষ্টি করে।’

বোরহান মাহমুদ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে খন্দকার নাসিরুল ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার যদি যোগ্যতা থাকে, সে বড় লেভেলে খেলবে। উপজেলা থেকে কেন্দ্রীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পেলে সেখানে যাবে। তবে বর্তমানে তার উচ্ছৃঙ্খল আচরণ দেখা যাচ্ছে। তাতে আমার রাজনীতিই বন্ধ করে দেওয়া দরকার!'

তিনি আরও বলেন, ‘সে বিভিন্ন স্থানে গিয়ে নানা ধরনের কাজ করছে। সে পদে না থাকলে বিএনপির বড় ধরনের কোনো ক্ষতি হবে না। সে নিজের ইচ্ছায় কাউকে না জানিয়ে এসব করছে। এর দায়ভার দল নেবে না। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।’

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘পদত্যাগের বিষয়ে তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তবে এখনো তিনি সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। কেন তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়েও আমাদের জানা নেই।’

তিনি আরও জানান, ‘বর্তমানে তিনি দলীয় নীতিনির্ধারকদের না জানিয়ে নিজের ইচ্ছামতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। এর দায়ভার তাঁকেই নিতে হবে। বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’

তবে বোরহান মাহমুদের বিরুদ্ধে চেয়ারম্যানের করা এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের বিষয়ে বোরহান অস্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না।

তিনি বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, ‘পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলমান।’

সালাহউদ্দিন আহমদ জানান, যেসব জেলায় আওয়ামী লীগ কর্মসূচি পালন করছে, সেসব এলাকায় সরকার অত্যন্ত কৌশলে ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

তিনি বলেন, ‘বিশ্ব দেখেছে, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের জানমালের ওপর সহিংসতা চালাচ্ছে। এরপরও যদি কেউ জনগণের জানমালের ওপর হামলা চালায়, সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।’

মন্ত্রী আরও জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, আদালত এই সিদ্ধান্ত নেবে।’

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে চেয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%