প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুরে শ্বাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাই অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডে পরিণত হবে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) কাঁকন দে এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।
আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে অলিউর রহমান তার শ্বাশুড়ি জাহানারা বেগমকে স্বর্ণ কেনার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে মরদেহটি তার মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় তার ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে অলির বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. গুলজার আহমেদ খান। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করে গুলজার আহমেদ জানান, এটি একটি ক্লুলেস মার্ডার ছিল। আসামি ভুক্তভোগীকে ডেকে নিয়ে যাওয়া, আসামির স্বেচ্ছায় স্বীকারোক্তি, একসঙ্গে অবস্থানের সিডিআর এবং বিচারকালে ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রসিকিউশন পক্ষ আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন