প্রিন্ট এর তারিখঃ ২৪শে নভেম্বর, ২০২৬ইং; ০৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ২৪শে নভেম্বর, ২০২৬ইং; ০৮:১২ পি.এম
'অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রাণিস্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে হবে'
একসময় যে অ্যান্টিবায়োটিক দিয়ে সহজেই জীবাণুঘটিত রোগ নিরাময় করা যেত, বর্তমানে অনেক ক্ষেত্রেই তা আর কাজ করছে না। জীবাণু ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা অর্জন করায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সংক্ষেপে এএমআর (AMR)।
এএমআর প্রতিরোধে সরকারের ‘ওয়ান হেলথ–ওয়ান অ্যাকশন’ উদ্যোগের সব কার্যক্রমে ভেটেরিনারিয়ানদের সমান অংশীদারত্ব, নিয়োগ ও অগ্রণী ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। তাঁর মতে, মানুষের চিকিৎসার পাশাপাশি প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিতে হবে। প্রাণিস্বাস্থ্যকে বাদ দিয়ে ওয়ান হেলথ বাস্তবায়ন সম্ভব নয়।
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উপলক্ষে তিনি এ কথা বলেন। প্রতিবছর ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ পালিত হয়। অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাই সপ্তাহটি পালনের মূল লক্ষ্য।
আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে প্রায় ৪৭ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে এএমআর জড়িত ছিল। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বছরে ৮০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে দক্ষিণ এশিয়া। ফলে বাংলাদেশও এ নীরব মহামারির বড় ঝুঁকির মধ্যে রয়েছে।
এএমআর কেবল হাসপাতালের সমস্যা নয়। প্রতিরোধী জীবাণু মানুষ, প্রাণী, খাদ্য ও পরিবেশের মধ্যে অবাধে চলাচল করে। খামারে অপ্রয়োজনে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মাংস, দুধ, ডিম, মাছ, মাটি ও পানির মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের শরীরে ফিরে আসে। এ কারণেই প্রয়োজন ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ দৃষ্টিভঙ্গি, যেখানে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একসঙ্গে বিবেচনা করা হয়। ‘ওয়ান হেলথ–ওয়ান অ্যাকশন’ উদ্যোগের লক্ষ্য এ ধারণাকে মাঠপর্যায়ে বাস্তব কাজে রূপ দেওয়া। আর এ লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন দেশের ভেটেরিনারিয়ানরা।
খামারে ৯৮ শতাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার
দেশের ২০টি উপজেলার ৭৬৮টি ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খামারে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৮ শতাংশ খামারে মাত্র একটি উৎপাদন চক্রের মধ্যেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে। অর্ধেকের বেশি খামারে কোনো রোগ না থাকলেও রোগ প্রতিরোধের জন্য মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন ও অ্যামোক্সিসিলিন, যেগুলো মানুষের চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক। মাছ চাষেও অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় ছাড়াই ফিড ডিলার বা ওষুধ বিক্রেতার পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে।
কিন্তু এসব অ্যান্টিবায়োটিক ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছেন কারা? মাঠপর্যায়ের বাস্তবতা হলো, বেশির ভাগ ক্ষেত্রেই ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন ছাড়াই এসব ওষুধ ব্যবহার করা হচ্ছে। অনেক খামারি নিজেদের অভিজ্ঞতা কিংবা প্রতিবেশীর পরামর্শে নিজেরাই ওষুধ নির্ধারণ করেন। কিছু ফিড ও ওষুধ কোম্পানির প্রতিনিধি মুরগির বাচ্চা তোলার দিন থেকেই খামারিদের হাতে অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট ‘শিডিউল’ ধরিয়ে দেন। ফলে সুস্থ মুরগিকেও নিয়মিত অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়।
এ ছাড়া ভেটেরিনারি প্রশিক্ষণ না থাকা গ্রামের হাতুড়ে বা গ্রাম্য চিকিৎসকদের পরামর্শেও প্রাণীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। বাজারের ওষুধ বিক্রেতা ও ফার্মেসির লোকজন প্রেসক্রিপশন ছাড়াই এসব ওষুধ বিক্রি করছেন এবং নিজেরাও চিকিৎসার পরামর্শ দিচ্ছেন।
এক গবেষণায় দেখা গেছে, ছোট খামারিরা মুরগির বাচ্চা ও খাদ্য কেনার জন্য ডিলারের কাছ থেকে বাকিতে পণ্য নেন। বিনিময়ে ওষুধও কিনতে হয় সেই ডিলারের কাছ থেকেই। এমনকি কোন অ্যান্টিবায়োটিক কখন ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্তও মূলত ডিলাররাই নিয়ে থাকেন। গবেষণাভুক্ত সব খামারেই একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছিল, এমনকি নিষিদ্ধ অ্যান্টিবায়োটিকও। ফলে রোগ নির্ণয় ছাড়া ভুল ওষুধ, ভুল মাত্রা ও অসম্পূর্ণ মেয়াদে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা তৈরি হচ্ছে, যা প্রতিরোধী জীবাণু তৈরির অন্যতম বড় কারণ। এই চর্চা বন্ধ করা জরুরি।
খামারিদের সচেতনতার ঘাটতি ও জীবন্ত মুরগির বাজারেও অপব্যবহার
বাংলাদেশের বাস্তবতায় সমস্যাটি আরও জটিল। দেশের খামারিদের বড় একটি অংশ নিরক্ষর বা স্বল্পশিক্ষিত। তাঁদের প্রশিক্ষণের সুযোগও সীমিত। অ্যান্টিবায়োটিক কী, কখন এটি ব্যবহার করতে হয়, কত দিন খাওয়াতে হয় এবং এর অপব্যবহারে কী ক্ষতি হতে পারে, সে সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। ফলে অন্যের পরামর্শের ওপর নির্ভর করে তাঁরা ওষুধ ব্যবহার করেন।
দেশের কয়েকটি জেলার বাণিজ্যিক পোলট্রি খামারিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ খামারির অ্যান্টিবায়োটিক ও এএমআর সম্পর্কে জ্ঞান, মনোভাব ও ব্যবহারিক অভ্যাস যথেষ্ট নয়। প্রতি তিনজনের একজন খামারি নিবন্ধিত ভেটেরিনারিয়ানের পরামর্শ না নিয়ে নিজে কিংবা অন্যের কথায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন।
এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের গরম ও আর্দ্র আবহাওয়া, ঘিঞ্জি খামার এবং দুর্বল জৈব নিরাপত্তাব্যবস্থা। এসব কারণে খামারে রোগের প্রকোপ বাড়ে। লোকসানের ভয়ে অনেক খামারি রোগ দেখা দেওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করেন।
জীবন্ত মুরগির বাজার বা লাইভ বার্ড মার্কেটেও একই চিত্র দেখা যায়। বেশি মুনাফার আশায় অনেক ব্যবসায়ী বিক্রির আগে কয়েক দিন দোকানে রাখা মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ান, যাতে মুরগি মারা না যায় এবং দেখতে সুস্থ মনে হয়। পরে সেই মুরগির মাংস সরাসরি ভোক্তার খাবার টেবিলে পৌঁছে যায়।
ব্রয়লার মুরগির ই. কোলাই জীবাণুতে কলিস্টিন প্রতিরোধী জিন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। দেশের ব্রয়লার খামার থেকে সংগৃহীত ই. কোলাই জীবাণুর প্রায় এক-চতুর্থাংশে কলিস্টিন প্রতিরোধী জিন mcr-1 পাওয়া গেছে। যেসব খামারে কলিস্টিনের ব্যবহার বেশি হয়েছে, সেখানে এ জিনের উপস্থিতিও বেশি পাওয়া গেছে। অথচ কলিস্টিন মানুষের চিকিৎসায় ব্যবহৃত ‘শেষ ভরসা’র অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত।
বাংলাদেশের ২৯৫টি গবেষণার তথ্য নিয়ে পরিচালিত একটি সমন্বিত বিশ্লেষণ বা মেটা-অ্যানালাইসিসে দেখা গেছে, মানুষ, প্রাণী, খাদ্য ও পরিবেশ মিলিয়ে গড়ে ৬৭ শতাংশ জীবাণু একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। অন্যদিকে জীবন্ত মুরগির বাজার ও জবাইখানার নমুনায় এ হার প্রায় ৯৩ শতাংশ।
দুধ, মাংস ও ডিমেও অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ বা রেসিডিউ পাওয়ার তথ্য বারবার সামনে আসছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুধ ফোটালেও এসব অবশিষ্টাংশ পুরোপুরি নষ্ট হয় না। এক গবেষণায় অ্যান্টিবায়োটিক চিকিৎসা চলাকালে গাভির দুধের সব নমুনায় রেসিডিউ পাওয়া গেলেও ওষুধের নির্ধারিত প্রত্যাহারকাল বা উইথড্রয়াল পিরিয়ড মেনে চলার পর আর তা পাওয়া যায়নি। তাই নিরাপদ দুধ উৎপাদনের দায়িত্ব শুরু হয় খামার থেকেই।
এএমআর প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের করণীয়
অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম এএমআর প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের সাতটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা তুলে ধরেছেন।
১. দায়িত্বশীল প্রেসক্রিপশন: রোগ নির্ণয়ের পর কেবল প্রয়োজন হলেই প্রাণীকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেক্ষেত্রে সঠিক ওষুধ, সঠিক মাত্রা ও সঠিক মেয়াদ নিশ্চিত করা জরুরি। সুস্থ মুরগির পুরো ঝাঁককে রোগ প্রতিরোধের নামে অ্যান্টিবায়োটিক খাওয়ানো বন্ধ করতে হবে। মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রাণীর ক্ষেত্রে ব্যবহার এড়িয়ে চলতে হবে। প্রতিটি প্রেসক্রিপশনে ওষুধের নাম, মাত্রা, ব্যবহারের মেয়াদ ও প্রত্যাহারকাল স্পষ্টভাবে লিখে দিতে হবে।
২. প্রেসক্রিপশনবিহীন ব্যবহার ও হাতুড়ে চিকিৎসা বন্ধ: প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না—এ বিধান আইনে স্পষ্ট থাকতে হবে এবং কঠোরভাবে প্রয়োগ করতে হবে। প্রাণীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বিক্রি করতে হবে কেবল নিবন্ধিত ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশনের ভিত্তিতে। ভেটেরিনারিয়ান, ওষুধ কোম্পানি ও ওষুধ বিক্রেতা—সবাইকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আইন ও বিধিমালা মেনে চলতে হবে।
কোম্পানির প্রতিনিধি, গ্রাম্য চিকিৎসক বা ওষুধ বিক্রেতার পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং কোম্পানির নির্ধারিত ‘শিডিউল’ অনুযায়ী সুস্থ প্রাণীকে ওষুধ খাওয়ানো বন্ধ করতে হবে। এ জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ওষুধের দোকানে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা প্রয়োজন। তবে শুধু নিষেধাজ্ঞা আরোপ করলেই হবে না; খামারিদের কাছে সহজলভ্য ভেটেরিনারি সেবা এবং মোবাইল ফোনে পরামর্শ দেওয়ার টেলিমেডিসিন ব্যবস্থাও চালু করতে হবে। এতে বিপদে পড়ে খামারিদের হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে না।
৩. প্রাণিকল্যাণ ও রোগ প্রতিরোধ: রোগের প্রকোপ কমলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজনও কমে। তাই খামারের জৈব নিরাপত্তা, নিয়মিত টিকাদান, ভালো বায়ু চলাচল, সঠিক ঘনত্ব এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে।
দেশের অনেক খামারে গাভির উপসর্গহীন বা সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস তথা ওলান প্রদাহ ব্যাপক। দোহনের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, দোহনের পর বাঁট জীবাণুনাশক দ্রবণে ডুবিয়ে রাখা বা টিট ডিপিং, শুকনো ও পরিষ্কার মেঝে নিশ্চিত করা এবং ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্টের (সিএমটি) মাধ্যমে আগেভাগে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চিকিৎসার প্রয়োজন এড়ানো সম্ভব।
এ ক্ষেত্রে প্রাণিকল্যাণ উন্নত করাই মূল চাবিকাঠি। মুরগি বা গাভিকে পর্যাপ্ত জায়গা, পরিষ্কার পানি, আরামদায়ক বিশ্রামের স্থান ও গরমে স্বস্তি দিতে হবে। প্রাণীকে চাপমুক্ত পরিবেশে রাখতে পারলে তাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, রোগবালাই কমে এবং অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তাও কমে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমলে এএমআর তৈরির ঝুঁকিও কমে।
এ বিষয়ে ভিয়েতনামের একটি গবেষণার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটির ছোট মুরগির খামারে নিয়মিত ভেটেরিনারি পরামর্শের ফলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ৬৬ শতাংশ এবং মুরগির মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে। একই সময়ে মুরগির ওজন বেড়েছে। অর্থাৎ অল্প ওষুধ ব্যবহার করেও লাভজনক খামার পরিচালনা সম্ভব।
৪. প্রত্যাহারকাল ও খাদ্যনিরাপত্তা: অ্যান্টিবায়োটিক চিকিৎসাধীন গাভির দুধ ও মুরগির মাংস নির্ধারিত প্রত্যাহারকাল শেষ হওয়ার আগে বাজারজাত করা যাবে না। বিষয়টি খামারিদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া ভেটেরিনারিয়ানের দায়িত্ব। দুধ, মাংস, ডিম, মাছ ও পশুখাদ্যে নিয়মিত অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ বা রেসিডিউ পরীক্ষা করতে হবে। একই সঙ্গে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী খাদ্যে অ্যান্টিবায়োটিক মেশানোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতেও ভেটেরিনারিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
৫. নজরদারি ও পরীক্ষাগার কার্যক্রম: উপজেলা ও জেলা ভেটেরিনারি হাসপাতালে জীবাণু কালচার ও অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা পরীক্ষার সুযোগ তৈরি করতে হবে। এতে অনুমানের ভিত্তিতে নয়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সঠিক ওষুধ নির্বাচন করা সম্ভব হবে। পাশাপাশি খামার, বাজার, খাদ্য ও পরিবেশ থেকে নমুনা সংগ্রহ করে জাতীয় এএমআর নজরদারি কার্যক্রমে তথ্য সরবরাহ করতে হবে। খামারভিত্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের হিসাব সংরক্ষণ করাও জরুরি।
৬. খামারি ও জনসচেতনতা: অ্যান্টিবায়োটিক ব্যবহারের বেশির ভাগ সিদ্ধান্ত খামারপর্যায়েই নেওয়া হয়। তাই খামারি ও সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষতি সম্পর্কে জানাতে হবে। খাদ্যে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে এবং এভাবে ব্যবহার চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণও কেন সারানো কঠিন হয়ে পড়বে, তা বোঝাতে হবে।
এ জন্য উঠান বৈঠক, প্রদর্শনী খামার, সহজ বাংলায় লেখা লিফলেট এবং মোবাইলে দেখার উপযোগী ছোট ভিডিওর মাধ্যমে খামারিদের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিবছর নভেম্বরে পালিত বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহে ভেটেরিনারি শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি জীবন্ত মুরগির বাজারে ভেটেরিনারিয়ানদের নেতৃত্বে নিয়মিত প্রচারণা চালাতে হবে এবং ব্যবসায়ীরা মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন কি না, তা তদারকি করতে হবে।
৭. নীতি বাস্তবায়ন ও ওয়ান হেলথ সমন্বয়: দেশে জাতীয় এএমআর কর্মপরিকল্পনা, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ রয়েছে। এখন এসব নীতি ও আইনের কার্যকর বাস্তবায়ন জরুরি। পাশাপাশি জাতীয় ভেটেরিনারি চিকিৎসা নির্দেশিকা তৈরি, প্রেসক্রিপশন ও চিকিৎসার রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা চালু করতে হবে। ওয়ান হেলথ কমিটিতে চিকিৎসক, ফার্মাসিস্ট ও পরিবেশবিদদের সঙ্গে একই টেবিলে বসে সমন্বিতভাবে কাজ করাও ভেটেরিনারিয়ানদের দায়িত্ব।
ডিএলএস, বিভিসি ও বিভিএর ভূমিকা জরুরি
এএমআর প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। এ ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) এবং বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) কার্যকর ভূমিকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর দেশের সবচেয়ে বড় সরকারি ভেটেরিনারি সেবাদাতা প্রতিষ্ঠান। জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রচার, উপজেলা ভেটেরিনারি হাসপাতালগুলোকে দায়িত্বশীল প্রেসক্রিপশনের আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলা, রোগ অনুসন্ধান পরীক্ষাগার শক্তিশালী করা এবং প্রাণিখাতে এএমআর ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওপর নজরদারি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির নেতৃত্ব অপরিহার্য। পাশাপাশি রেসিডিউ পরীক্ষা, টিকাদান কর্মসূচি এবং ওষুধের দোকান ও ফিড মিল তদারকিতেও ডিএলএসকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল ভেটেরিনারি চিকিৎসকদের নিবন্ধন ও পেশাগত মান নিয়ন্ত্রণ করে। দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারকে পেশাগত আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা, ডিভিএম পাঠ্যক্রমে এএমআর ও ওয়ান হেলথ বিষয় বাধ্যতামূলক করা, নিবন্ধন নবায়নের সঙ্গে ধারাবাহিক প্রশিক্ষণ যুক্ত করা এবং নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হতে পারে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ কাজ।
পাশাপাশি গ্রামের হাতুড়ে চিকিৎসকেরা যাতে নিবন্ধিত ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন ছাড়া কোনো প্রাণীকে অ্যান্টিবায়োটিক দিতে বা চিকিৎসা করতে না পারেন, সে বিষয়ে বিভিসিকে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রাণীর চিকিৎসা ও প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্ব কেবল নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের হাতে থাকতে হবে। অন্যরা সহায়ক হিসেবে খামারিদের পাশে থাকতে পারেন।
অন্যদিকে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন পেশাজীবীদের সংগঠন হিসেবে প্রশিক্ষণ, কর্মশালা ও বাংলায় সহায়ক উপকরণ তৈরি করতে পারে। ভেটেরিনারি রোগনির্ণয় সুবিধায় বিনিয়োগ এবং প্রেসক্রিপশনবিহীন ওষুধ বিক্রি বন্ধে সরকারের কাছে জোরালো দাবি তুলতে পারে। চিকিৎসক ও ফার্মাসিস্টদের সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করে ওয়ান হেলথ কার্যক্রমে ভেটেরিনারিয়ানদের সমান অংশীদারত্ব নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারে।
প্রতিটি উপজেলায় কমপক্ষে চারজন ভেটেরিনারিয়ান নিয়োগের প্রস্তাব
এএমআর প্রতিরোধে মাঠপর্যায়ে পর্যাপ্ত ভেটেরিনারিয়ান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। তাঁর মতে, দেশের খামারের সংখ্যার তুলনায় সরকারি ভেটেরিনারিয়ানের সংখ্যা এখনো অনেক কম। অনেক উপজেলায় মাত্র একজন বা দুজন ভেটেরিনারিয়ানকে বিপুলসংখ্যক খামারের দায়িত্ব সামলাতে হয়।
খামারিদের পাশে পর্যাপ্ত ভেটেরিনারিয়ান না থাকলে সেই শূন্যস্থান পূরণ করেন হাতুড়ে চিকিৎসক ও ওষুধ বিক্রেতারা। এ সমস্যা সমাধানে প্রতিটি উপজেলায় কমপক্ষে চারজন ভেটেরিনারিয়ানের পদ সৃষ্টি করা প্রয়োজন। পাশাপাশি প্রতি দুই থেকে তিনটি ইউনিয়ন মিলিয়ে একজন করে ভেটেরিনারিয়ানের পদ সৃষ্টি করতে হবে। গ্রামপর্যায়ে ভেটেরিনারিয়ানের সংখ্যা বাড়লে হাতুড়ে চিকিৎসকদের তৎপরতা কমবে এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও এএমআর প্রতিরোধ সহজ হবে।
ওয়ান হেলথে মানুষ, প্রাণী ও পরিবেশকে সমান গুরুত্বের আহ্বান
‘ওয়ান হেলথ–ওয়ান অ্যাকশন’ মানে সবার স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করা। তাই সরকারের যেকোনো ওয়ান হেলথ কর্মসূচিতে মানুষের চিকিৎসার পাশাপাশি প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিতে হবে। চিকিৎসক, ভেটেরিনারিয়ান ও পরিবেশবিদদের একই দলে রেখে কাজ করতে হবে।
সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া ওয়ান হেলথ, এএমআর কিংবা ওয়ান অ্যাকশনবিষয়ক সব পদক্ষেপ ও প্রকল্পে ভেটেরিনারিয়ানদের সমান অংশীদারত্ব, নিয়োগ ও অগ্রণী ভূমিকা নিশ্চিত করতে হবে। কারণ মানুষের বেশির ভাগ নতুন সংক্রামক রোগ প্রাণী থেকে আসে এবং অ্যান্টিবায়োটিকের বড় একটি অংশ ব্যবহৃত হয় প্রাণিসম্পদ খাতে। তাই প্রাণিস্বাস্থ্যকে বাদ দিয়ে ওয়ান হেলথ বাস্তবায়ন সম্ভব নয়।
এএমআর একটি নীরব মহামারি, এখনই সচেতন হওয়ার সময়
এএমআরকে একটি নীরব মহামারি হিসেবে উল্লেখ করে অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, এটি কোনো শব্দ না করে ধীরে ধীরে মানুষের সবচেয়ে কার্যকর ওষুধগুলোকে অকেজো করে দিচ্ছে। যেসব জীবাণুর বিরুদ্ধে প্রায় কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না, সেগুলোকে ‘সুপারবাগ’ বলা হয়। দেশে-বিদেশে হাসপাতাল, খামার এমনকি নদী-নালার পানিতেও এসব সুপারবাগ পাওয়া যাচ্ছে।
সুপারবাগ ছড়িয়ে পড়লে সাধারণ কাটা-ছেঁড়া, নিউমোনিয়া, প্রসবকালীন সংক্রমণ কিংবা ছোটখাটো অস্ত্রোপচারও আবার প্রাণঘাতী হয়ে উঠতে পারে, যেমনটি ছিল অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে। প্রাণীর রোগের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়তে পারে এবং এতে খামারিদের আর্থিক ক্ষতি বাড়বে। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে এএমআর পারমাণবিক বোমার মতোই ভয়াবহ হয়ে উঠতে পারে। সাধারণ সংক্রমণেও লাখ লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে, কারণ তখন কোনো অ্যান্টিবায়োটিকই আর কার্যকর থাকবে না।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ বিপদ ঠেকানোর প্রথম ধাপ জনসচেতনতা। খামারি থেকে শুরু করে সাধারণ ভোক্তা—সবাইকে বুঝতে হবে, অ্যান্টিবায়োটিক মুড়ি-মুড়কির মতো ব্যবহারের জিনিস নয়। সভা-সেমিনারের পাশাপাশি স্কুলেও শিশুদের শেখাতে হবে অ্যান্টিবায়োটিক কী, এর অপব্যবহারে কী হয় এবং ভবিষ্যতে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের খামারি, ভোক্তা ও চিকিৎসক।
একইভাবে ভোক্তা, ডেইরি ও পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি, খামারের কর্মী, জবাইখানা ও কসাইখানার কর্মী এবং ব্যবসায়ীদেরও সচেতনতার আওতায় আনতে হবে। এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে গণমাধ্যম, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ ও উঠান বৈঠকসহ সব মাধ্যম ব্যবহার করতে হবে। সবাইকে এক ছাতার নিচে আনতে পারলেই এ সচেতনতামূলক কার্যক্রম আরও কার্যকর হবে।
অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম মনে বলেন, দায়িত্বশীল প্রেসক্রিপশন, প্রাণিকল্যাণ ও রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, নজরদারি, খামারি সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ভেটেরিনারিয়ানরা প্রাণীর স্বাস্থ্য ও খামারির আয় রক্ষা করেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে সক্ষম। বাংলাদেশে ‘ওয়ান হেলথ–ওয়ান অ্যাকশন’ উদ্যোগের সব কাজে তাই ভেটেরিনারিয়ানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, চিকিৎসক, ভেটেরিনারিয়ান, পরিবেশবিদ, খামারি ও সরকার এক দলে কাজ করলেই অ্যান্টিবায়োটিককে কার্যকর রাখা সম্ভব হবে। অ্যান্টিবায়োটিক বাঁচলেই বাঁচবে মানুষ ও প্রাণী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন