১১:০৯ এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের সময় এক বহিরাগত যুবক আটক হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ওই যুবক আটক হন। আটক যুবকটির নাম রিয়াজ আহমেদ (রাজ), যিনি কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে।
ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে অভিযোগপত্রে জানা গেছে, অভিযুক্ত রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রবেশ করেন। ওই সময় এক নারী শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখতে পেয়ে তার পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। কিন্তু অভিযুক্ত এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা না দিতে পারায় ওই শিক্ষার্থী বাইরে অবস্থানরত অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান।
আরও পড়ুন: পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
পরে উপস্থিত শিক্ষার্থীরা রিয়াজকে আটক করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়াও তার ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্বও পাওয়া যায়, যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংযোগ রয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনে পূর্বে ধারণ করা নারীদের আরও ভিডিও ছিল।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে অবহিত করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া শেষে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, "এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। জানার পর প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হবে। মামলার পর তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ, জামায়াতের সঙ্গে সম্পর্কের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন