১০:২৫ এম
চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এই অভিযান পরিচালিত হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে। হাইমচর থানা পুলিশ ২ পিস এবং মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস ইয়াবা উদ্ধার করেছে। হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
সব মিলিয়ে, মাদকবিরোধী অভিযানে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন