প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি কার্বন ক্রেডিটের সম্ভাবনা কাজে লাগাতে বৃক্ষরোপণ, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, উপকূলীয় ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে ‘ব্লু কার্বন’ থেকে উচ্চমূল্যের কার্বন ক্রেডিট তৈরির সুযোগ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) আয়োজনে ‘রুটেড ইন দ্য ডেল্টা, রাইজিং ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের কার্বন ক্রেডিট কার্যক্রমের সম্ভাবনা, বিশ্বাসযোগ্যতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ড. সাইমুম পারভেজ বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগকে যথাযথ পরিমাপ ও যাচাইয়ের মাধ্যমে জলবায়ু অর্থায়নের সুযোগে রূপ দেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন যে, এ ক্ষেত্রে ম্যানগ্রোভ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণ করা গাছের অধিকাংশই হবে ম্যানগ্রোভ। উপকূলীয় ম্যানগ্রোভের গাছ ও মাটিতে সঞ্চিত কার্বনকে ‘ব্লু কার্বন’ বলা হয়। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারলে এসব বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে উচ্চমূল্যের কার্বন ক্রেডিট তৈরির সুযোগ রয়েছে। একই সঙ্গে ম্যানগ্রোভ বন উপকূল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
ড. সাইমুম পারভেজ নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি নদীতীরবর্তী এলাকায় বড় হয়েছেন। নদীর পানিপ্রবাহের সঙ্গে তার বেড়ে ওঠার স্মৃতি জড়িয়ে আছে। এ প্রসঙ্গে তিনি ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের সরকারি উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে খাল-নদী খনন ও পুনরুদ্ধার করা গেলে পানিপ্রবাহ সচল রাখা, জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচের সুযোগ বাড়ানো সম্ভব। পাশাপাশি নদী-খালের সংযোগ পুনরুদ্ধার কৃষি, মৎস্যসম্পদ এবং নদীনির্ভর মানুষের জীবিকার জন্যও গুরুত্বপূর্ণ।
বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি আর’—রিডিউস, রিইউজ ও রিসাইকেল অর্থাৎ বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, এসব চর্চা সম্পদের অপচয় কমানোর পাশাপাশি নদী-খালের দূষণ প্রতিরোধ এবং চক্রাকার অর্থনীতির প্রসারে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএমের জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ এবং কৌশল ও ব্যবসাবিষয়ক প্রধান এম. সামিউন নবী।
প্যানেল আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থায়ন উপদেষ্টা সারা জেন আহমেদ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উদ্ভাবনী অর্থায়ন বিভাগের প্রধান সিদ্ধার্থ সিনহা এবং নিউ এরা এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেনে উটন টমলিন।
আলোচনায় বাংলাদেশের কার্বন ক্রেডিট কার্যক্রম এগিয়ে নিতে পরিবেশগত সুফলের নির্ভরযোগ্য পরিমাপ, স্বাধীন যাচাই, স্বচ্ছতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ন্যায্য অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকৃতি সংরক্ষণকে দায়িত্বশীল বিনিয়োগ ও মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও উঠে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন