প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ৯ জমাদিউস সানি ১৪৪৮। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন সৌদি আরবের দুই প্রখ্যাত আলেম। পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি। অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও বিচারক শায়েখ সালাহ আল বুদাইর। অন্যান্য সপ্তাহের মতো আজও দুই পবিত্র মসজিদের জুমার খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করা হবে।
মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ ইয়াসির আদ-দাওসারি।
আজ পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি। তার সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিশেষ পরিচিতি রয়েছে।
১৯৮০ সালের ৬ আগস্ট সৌদি আরবের আল-খারজ এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর এবং তুলনামূলক ফিকহে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তার শিক্ষকদের মধ্যে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়েখ আবদুল আজিজ আলে শায়েখ, শায়েখ সালেহ আল-ফাওজান ও শায়েখ আবদুল্লাহ ইবনে জিবরানসহ বিশিষ্ট আলেমরা রয়েছেন। এ ছাড়া বাকরি আল-তারাবিশি ও ইব্রাহিম আল-আখদারের মতো খ্যাতিমান কারিদের কাছেও তিনি কোরআনের কেরাত ও তিলাওয়াতের পাঠ গ্রহণ করেছেন। ১৯৯৫ সাল থেকে রিয়াদের বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শায়েখ আদ-দাওসারি। ২০১৫ সালে পবিত্র মসজিদে হারামে তারাবিহ ও তাহাজ্জুদের নামাজের ইমাম হিসেবে নিযুক্ত হন তিনি। পরে ২০১৯ সালে মসজিদে হারামের স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ পান।
মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ সালাহ আল বুদাইর।
এদিকে, আজ পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়েখ সালাহ আল বুদাইর। তার সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, ইলমি গভীরতা ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
সৌদি আরবের হাফুফ শহরে জন্মগ্রহণ করেন শায়েখ সালাহ আল বুদাইর। ১৯৮৫ সালে হাই স্কুলে অধ্যয়নকালে তিনি নামাজের ইমামতি শুরু করেন। পরবর্তী সময়ে ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইসলামি আইনশাস্ত্রে বিশেষজ্ঞতা লাভ করেন।
বর্তমানে তিনি পবিত্র মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মদিনার হাইকোর্টের বিচারক হিসেবেও কর্মরত রয়েছেন। ইমামতি, বিচারিক দায়িত্ব ও ধর্মীয় জ্ঞানচর্চার মাধ্যমে তিনি সৌদি আরবের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
মুসলিম বিশ্বের কাছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। প্রতি সপ্তাহে জুমার নামাজে দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি এসব মসজিদে সমবেত হন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার কিংবা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা ও নামাজের দৃশ্য দেখার এবং ইমামদের তেলাওয়াত শোনার সুযোগ পান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন