প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি নবম জাতীয় বেতন স্কেল (বেতন স্কেল-২০২৬) এর অসংগতি ও বৈষম্য দূর করার লক্ষ্যে ৯ দফা সংশোধনী প্রস্তাব পেশ করেছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি তাদের দাবি তুলে ধরেছে।
স্মারকলিপিটি সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম দ্বারা স্বাক্ষরিত হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রস্তাবে বিভিন্ন গ্রেডের মূল বেতনের ব্যবধান অত্যন্ত কম—যেমন ২০তম ও ১৯তম গ্রেডের মধ্যে মাত্র ৫০০ টাকা এবং ১৮তম ও ১৭তম গ্রেডের মধ্যে মাত্র ৪০০ টাকা। তাই পদোন্নতি ও অভিজ্ঞতার স্বীকৃতি নিশ্চিত করার জন্য প্রতিটি গ্রেডের মূল বেতনের ব্যবধানকে যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ করার দাবি করা হয়েছে।
এছাড়াও, ১৬তম থেকে ২০তম গ্রেডে ৬০ শতাংশ এবং ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের ফলে জুনিয়র ও সিনিয়র কর্মচারীদের মধ্যে আর্থিক অসামঞ্জস্য দূর করার জন্য সব গ্রেডের জন্য অভিন্ন নীতিমালা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬তম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে ১৫তম গ্রেডে গেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া কমে যাওয়ার বৈষম্যটি দূর করার আহ্বান জানানো হয়েছে।
ভাতা ও পদোন্নতি সংক্রান্ত অন্যান্য দাবির মধ্যে রয়েছে, প্রায় ১১ বছর ধরে অপরিবর্তিত থাকা শিক্ষা ভাতা বাড়িয়ে এক সন্তানের জন্য ২ হাজার এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা নির্ধারণ এবং শ্রান্তি ও বিনোদন ভাতার মতো নতুন মূল বেতনের ধাপ অনুযায়ী উৎসব ভাতা প্রদান। এছাড়াও, বৈশাখী ভাতা প্রস্তাবিত ১৫ শতাংশের পরিবর্তে মূল বেতনের ৩০ শতাংশ (সর্বনিম্ন ৬ হাজার ও সর্বাধিক ২৫ হাজার টাকা) করার দাবি জানানো হয়েছে, অথবা বিকল্প হিসেবে আগের ২০ শতাংশ বজায় রাখার দাবি করা হয়েছে।
একই সঙ্গে, উন্নীত গ্রেডকে উচ্চতর গ্রেডের বিকল্প না ধরে প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা করে উচ্চতর গ্রেড দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি।
অবসরকালীন সুবিধা প্রসঙ্গে স্মারকলিপিতে ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকরি পূর্ণ হলেই পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটিসহ স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ২০১৫ সালের আগে শতভাগ পেনশন সমর্পণকারীদের সমর্পিত পেনশন ফেরতের সময়সীমা ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করার অনুরোধ জানানো হয়েছে।
দাবিগুলো দ্রুত বিবেচনার পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে পর্যালোচনা কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন