ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ধানমন্ডি লেক পুনঃখনন ও উন্নয়নের মাধ্যমে নতুন রূপে ফিরছে


ধানমন্ডি লেক পুনঃখনন ও উন্নয়নের মাধ্যমে নতুন রূপে ফিরছে

মো. সাজ্জাদ হোসেন

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ধানমন্ডি লেক, যা একসময় ছিল নির্মল জলাধার, সবুজের সমারোহ আর নগরবাসীর স্বস্তির আশ্রয়। নগরজীবনের ব্যস্ততা থেকে একটু প্রশান্তি পেতে প্রতিদিনই এখানে ছুটে আসেন অসংখ্য মানুষ। কেউ হাঁটেন, কেউ বসে প্রকৃতি উপভোগ করেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে কাটান অবসর। কিন্তু সময়ের ব্যবধানে সেই লেকের স্বাভাবিক সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে। তলদেশে জমেছে কাদা ও বর্জ্য, কমেছে পানির গভীরতা, সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও পরিবেশদূষণ। নষ্ট হয়েছে লেকের নান্দনিকতা।

এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দুর্গন্ধ ও দূষণ দূর করা এবং আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ।

আরও পড়ুন: আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

পরিকল্পনা অনুযায়ী, ধানমন্ডি লেক শুধু পরিচ্ছন্ন ও দূষণমুক্ত জলাধার হিসেবেই ফিরবে না, এর সঙ্গে যুক্ত হবে আধুনিক অবকাঠামো, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের নতুন মাত্রা। রবীন্দ্র সরোবরের আদলে এখানে গড়ে তোলা হবে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম সম্প্রতি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে ধানমন্ডি লেকের দীর্ঘদিনের পরিবেশগত সমস্যা সমাধান ও নতুন করে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে।

ডিএসসিসির পরিকল্পনা অনুযায়ী, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৫৬ মিটার প্রশস্ত লেকটির তলদেশ থেকে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণ করা হবে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। প্রায় এক বছর মেয়াদি এ পুনঃখনন কাজের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা।

১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা প্রায় ৮৬ একর আয়তনের ধানমন্ডি লেকের বর্তমান জলাশয়ের পরিমাণ প্রায় ৫৫ একর। দীর্ঘদিনের পলি, কাদা ও বর্জ্য জমে লেকের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। পুনঃখননের মাধ্যমে এসব দূষিত স্লাজ অপসারণ করে লেকের গভীরতা ও পানির ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা ইপিজেডে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন লাগাল

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তার নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর প্রথম ধাপ হিসেবে লেকের স্লাজ অপসারণের কাজ শুরু হয়েছে। ডিটেইল ডিজাইন অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে। তিনি লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ প্রসঙ্গে বাসসকে বলেন, ধানমন্ডি লেকের তলদেশ পরিষ্কারের পরপরই দুর্গন্ধ ও দোষণরোধে পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু হবে। লেকপাড়ে নগরবাসীর নির্বিঘ্নে হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে।

এ লক্ষ্যে হাঁটার পথ আধুনিকায়নের পাশাপাশি স্থাপন করা হবে স্মার্ট এলইডি লাইট, যাতে সন্ধ্যা ও রাতেও দর্শনার্থীরা নিরাপদে লেকপাড়ে চলাচল করতে পারেন। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগসহ পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো নতুন করে সাজানো হবে। এ ছাড়া রবীন্দ্র সরোবরের আদলে এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট কাজে জড়িত ডিএসসিসির এক কর্মকর্তা জানান, বছরের পর বছর ধরে জমে থাকা জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় ও পরিবেশগত ক্ষতি দূর করে ধানমন্ডি লেককে আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা ব্যয় হবে লেক ও এর আশপাশের অবকাঠামো সংস্কারে। বাকি ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’।

আরও পড়ুন: গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত, লকডাউনকে ‘থোড়াই কেয়ার’

তিনি জানান, মাস্টারপ্ল্যানের আওতায় লেকের পাড়ের সুরক্ষা ও ঢালের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। আধুনিক নিষ্কাশনব্যবস্থা, হাঁটার পথ, স্মার্ট এলইডি আলোকসজ্জা, সীমানা বেষ্টনী ও নিরাপত্তা রেলিং সংস্কার করা হবে। লেকপাড়ের ওয়াকওয়ে সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে সব বয়সী মানুষের হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা হবে। স্মার্ট এলইডি লাইটের মাধ্যমে রাতেও লেকপাড় আলোকিত ও নিরাপদ রাখার ব্যবস্থা থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সিসিটিভি ক্যামেরা, ঘোষণা ব্যবস্থা এবং নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে। ফলে লেকের পরিবেশ যেমন পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হবে, তেমনি বাড়বে নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সুবিধা।

বিনোদন ও শরীরচর্চার সুযোগ বাড়াতেও রয়েছে নানা পরিকল্পনা। লেকের বিভিন্ন স্থানে তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার এবং পার্কিং সুবিধা গড়ে তোলা হবে।

দর্শনার্থীদের জন্য নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগারের ব্যবস্থাও থাকবে। লেকের সবুজ পরিবেশ ও বৃক্ষসম্পদ রক্ষায় উদ্ভিদের চিকিৎসার জন্য বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এ উন্নয়ন পরিকল্পনার অন্যতম আকর্ষণ ‘নজরুল সরোবর’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনাকে কেন্দ্র করে গড়ে উঠবে এ সাংস্কৃতিক পরিসর। কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হবে।

আরও পড়ুন: রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

এখানে নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজনের জন্য থাকবে উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম। পাশাপাশি কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা এবং লেকের ঘাট নির্মাণ করা হবে। কবি কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও সাম্যের দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করবে এ উদ্যোগ। ফলে ধানমন্ডি লেক শুধু হাঁটাচলা বা অবসর কাটানোর স্থান থাকবে না, হয়ে উঠতে পারে সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও নাগরিক বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল।

নগর পরিকল্পনাবিদদের কাছে শহরের জলাধার কেবল সৌন্দর্যের উপাদান নয়; এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে বিবেচনায় ধানমন্ডি লেকের পুনরুদ্ধার ঢাকা শহরের পরিবেশগত উন্নয়নের জন্যও তাৎপর্যপূর্ণ। তবে শুধু খনন ও অবকাঠামো নির্মাণ করলেই লেকের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে না। লেকে বর্জ্য ফেলা বন্ধ, দূষিত পানি প্রবেশ নিয়ন্ত্রণ, নিয়মিত পরিচর্যা এবং দর্শনার্থীদের সচেতন অংশগ্রহণও জরুরি।

ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বাসসকে জানান, লেকের তলদেশ স্লাজমুক্ত করার পরপরই মূল সংস্কার ও ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে। সব কাজ শেষ হলে ধানমন্ডি লেক ফিরে পাবে তার স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ৫৩৭ গ্রেফতার, উদ্ধার ককটেল ও গান পাউডার

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার জাতীয় সংসদে জানান, ধানমন্ডি লেকের উন্নয়ন ও পানিদূষণমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে, যা অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

একটি দূষিত জলাধারকে পরিচ্ছন্ন, প্রাণবন্ত ও নান্দনিক নাগরিক পরিসরে রূপান্তরের এ উদ্যোগ সফল হলে ধানমন্ডি লেক হয়ে উঠবে রাজধানীর অন্যতম আকর্ষণীয় বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র। উন্নয়নের এ নতুন যাত্রায় শুধু লেকের সৌন্দর্য নয়, এর পরিবেশ ও স্বাভাবিক জলজ প্রতিবেশও ফিরে আসবে বলে নগরবাসীর প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ইউপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


চাঁদপুরে ইউপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ তদন্ত শুরু

চাঁদপুর, ১৯ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলার ৪ নং-শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে, অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরিহিত এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন লাগায় ওই দুর্বৃত্ত।

আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী এগিয়ে এসে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রথমে বাড়ির মূল্যবান মালামাল লুট করে নেয় এবং পরে তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনা ঘটে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে। এতে বাড়ির আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এরপর পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষে এবং সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাজী রহিম উল্লাহ ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে অতিরিক্ত ফেসবুক প্রোফাইল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে অতিরিক্ত ফেসবুক প্রোফাইল

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে একাধিক প্রোফাইল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেটার ঘোষণার ভিত্তিতে, আগামী ১৪ ডিসেম্বরের পর অতিরিক্ত ফেসবুক প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে, এই সিদ্ধান্ত ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইলকে কোনোভাবে প্রভাবিত করবে না।

ব্যবহারকারীরা যদি চান, তাহলে তাদের অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। যদি অতিরিক্ত প্রোফাইলটি কোনো গ্রুপ পরিচালনা করে, তবে সেই গ্রুপের প্রশাসনিক দায়িত্ব (অ্যাডমিন) মূল প্রোফাইলে হস্তান্তর করতে হবে। এছাড়া, অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মূল প্রোফাইলে যুক্ত করার সুযোগও থাকবে। এর জন্য বন্ধু হিসেবে যুক্ত হওয়া, গ্রুপে যোগ দেওয়া অথবা পেজ ফলো করার ব্যবস্থা থাকবে।

অতিরিক্ত প্রোফাইলের তথ্যের কপি ডাউনলোড করার সুযোগ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত থাকবে। ওই তারিখের পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইল এবং এর সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে। অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু তথ্য, যার মধ্যে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্যও অন্তর্ভুক্ত, কেবল ব্যবহারকারীর মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোড করার মাধ্যমে পাওয়া যাবে।

যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে প্রবেশ করুন।

সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান। এরপর সেটিংস নির্বাচন করুন।

ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন্স ক্যাটাগরি থেকে এক্সপোর্ট ইওর ইনফরমেশন নির্বাচন করুন।

ক্রিয়েট এক্সপোর্ট নির্বাচন করুন। এরপর আপনার অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন এবং তথ্য এক্সপোর্ট টু ডিভাইস (ডিভাইসে ডাউনলোড) করবেন, নাকি এক্সপোর্ট টু এক্সটার্নাল সার্ভিস (বাহ্যিক কোনো সেবায় পাঠাবেন), তা নিশ্চিত করুন।

আপনি যে তথ্যগুলো ডাউনলোড করতে চান, সেগুলো নির্বাচন করে ক্রিয়েট এক্সপোর্ট চাপুন।

তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হাতে পাওয়ার জন্য ১৪ ডিসেম্বরের আগেই ডাউনলোডের অনুরোধ করতে হবে। একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটি প্রোফাইলের তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির মায়ের আবেগঘন বার্তা, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


মেসির মায়ের আবেগঘন বার্তা, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’

কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলের বিশাল জয়ে জোড়া গোল করে সবার নজর কাড়েন নিকো পাজ। আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফরোয়ার্ডের অসাধারণ খেলার পর তার চাচা ফাবিয়ান পাজ জানিয়েছেন, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে নিকোর একটি আবেগঘন কথোপকথন হয়েছিল, যা আগে কখনো প্রকাশিত হয়নি। ওই কথোপকথনে সেলিয়া নাকি নিকোকে আলবিসেলেস্তেদের ভবিষ্যৎ মেসি হিসেবে অভিহিত করেছিলেন।

ফাবিয়ান পাজ বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে খেলতে পারা। সেটা যেন স্বপ্নের শিখরে পৌঁছানোর মতো।’

আর্জেন্টিনার পরিচিত ডিজাইনার ও ফ্যাশন বিশ্লেষক ফাবিয়ান পাজ রেডিও লা রেডের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরও জানান, ফুটবলে বর্তমানে সাফল্য পেলেও তার ভাইয়ের ছেলে এসব নিয়ে অহংকারী হয়ে ওঠেন না।

আর্জেন্টিনার হাউট কুটুর ব্র্যান্ড আতেলিয়ের পুচেতা-পাজের প্রতিষ্ঠাতা ফাবিয়ান আরও জানান, নিকোর জন্ম ও বেড়ে ওঠা স্পেনের টেনেরিফে। যদিও আর্জেন্টিনায় বসবাস করেন না, তবে জাতীয় দলের হয়ে খেলতে দেশে এলে নিকো সেখানকার পরিবেশে কেমন অনুভব করেন তাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘যেহেতু সে এখানে থাকে না, তাই অন্য খেলোয়াড়দের মতো এত চাপ অনুভব করে না। এখানে ফুটবলকে অন্যরকম আবেগ ও উন্মাদনায় দেখা হয়। সেই ব্যাপারটি তাকে এখনো বেশ অবাক করে।’

তবে সাক্ষাৎকারের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল নিকো পাজের সঙ্গে মেসির মা সেলিয়া কুচিত্তিনির সাক্ষাতের ঘটনা। গত ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের পর ঘটনাটি ঘটে। ওই ম্যাচটি ছিল আকাশি-সাদা জার্সিতে ইন্টার মায়ামির তারকার শেষ ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%