০৬:৩৮ পি.এম
নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না: ডিআইজি মোস্তাফিজুর রহমান
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) সদস্যরাও দায়িত্ব পালন করছেন। গত রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। গোপালগঞ্জে পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও মাঠপর্যায়ে পরিস্থিতি তদারকি করছেন।
তিনি বলেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা শহর, পৌরসভা ও চার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গত রোববারের সহিংসতার ঘটনায় মামলা ও গ্রেপ্তারের বিষয়ে ডিআইজি বলেন, এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার পর থেকেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত। তবে তদন্ত ও যাচাই-বাছাই ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। পুলিশের প্রধান লক্ষ্য হচ্ছে জনজীবন স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ওই দিন পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েনের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর
এদিকে, রোববার দিনভর ও রাতের সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর সোমবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। সকালে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ প্রতিষ্ঠানে গেছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক ও উদ্বেগ রয়েছে। সোমবার জেলায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজিবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা টহল দিচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এর আগে রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন