প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দুজন মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করেন ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে। নতুন পরিবার গড়ে ওঠে এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি তৈরি হয়। তবে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক পুরুষের মধ্যে দ্বিধা ও ভয় দেখা দেয়। কিছু পুরুষ আর্থিক দায়িত্বের কথা চিন্তা করে পিছিয়ে যান, আবার কেউ নিজের স্বাধীনতা হারানোর শঙ্কায় থাকেন।
বর্তমানে তরুণদের একটি অংশের মধ্যে বিয়ে নিয়ে অনীহা দেখা যাচ্ছে। আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয় কিংবা দাম্পত্য কলহের শঙ্কা—এসব কারণে বিয়ের সিদ্ধান্ত নেওয়া অনেকের কাছে কঠিন হয়ে উঠছে।
মনস্তাত্ত্বিক ভাষায় বিয়ে বা দাম্পত্য সম্পর্কে প্রবেশের প্রতি তীব্র ভয়কে ‘গ্যামোফোবিয়া’ বলা হয়। এটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়ানোর ভয় হিসেবেও পরিচিত।
চলুন জেনে নেওয়া যাক, বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয় ও দ্বিধা তৈরির পাঁচটি কারণ।
১. অর্থনৈতিক দায়িত্ব ও ভবিষ্যৎ খরচের ভয়
বিয়ে নিয়ে পুরুষদের দুশ্চিন্তার অন্যতম কারণ হলো অর্থনৈতিক চাপ। বিয়ের অনুষ্ঠান, নতুন সংসার সাজানো, বাসাভাড়া, নিত্যপ্রয়োজনীয় খরচ এবং ভবিষ্যতে সন্তানের পড়াশোনার মতো নানা ব্যয়ের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে যান।
বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বাসস্থান সংকট ও আয়ের অনিশ্চয়তা এই দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। অনেক পুরুষ বিয়ের আগে নিজের কর্মজীবন গুছিয়ে নিতে এবং আর্থিকভাবে পুরোপুরি স্বাবলম্বী হতে চান।
এছাড়া দাম্পত্য জীবনে বিচ্ছেদ হলে সম্পত্তির ভাগাভাগি, ভরণপোষণসহ বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়ার আশঙ্কা কারও কারও মনে ভয় তৈরি করে। তবে বিয়ের আগে সঙ্গীর সঙ্গে আয়-ব্যয়, সঞ্চয় ও সংসারের দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা করলে এই চাপ অনেকটা কমানো সম্ভব।
২. পারিবারিক দায়িত্ব সামলানোর দুশ্চিন্তা
বিয়ের পর একজন পুরুষের জীবনে নতুন পারিবারিক দায়িত্ব যুক্ত হয়। জীবনসঙ্গীর প্রতি দায়িত্ব পালন করা এবং নিজের বাবা-মায়ের দেখাশোনা—দুই দিক সামলাতে পারবেন কি না, তা নিয়ে অনেকের মনে সংশয় তৈরি হয়।
বিশেষ করে পরিবারের প্রত্যাশা পূরণ এবং নতুন সংসারের সঙ্গে পুরোনো পারিবারিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা অনেকের কাছে বড় চ্যালেঞ্জ মনে হয়।
এ ক্ষেত্রে বিয়ের আগে জীবনসঙ্গীর সঙ্গে পারিবারিক দায়িত্ব, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমতে পারে।
৩. ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয়
অনেক পুরুষ মনে করেন, বিয়ের পর নিজের মতো করে জীবনযাপনের সুযোগ কমে যাবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নিজের শখ পূরণ করা কিংবা ইচ্ছামতো বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে বলে আশঙ্কা করেন তারা।
এ কারণে কেউ কেউ বিয়েকে ব্যক্তিগত স্বাধীনতার সীমাবদ্ধতা হিসেবে দেখেন। তবে সুস্থ দাম্পত্য সম্পর্কে দুজনেরই নিজস্ব সময়, পছন্দ ও ব্যক্তিগত পরিসরের গুরুত্ব রয়েছে।
পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকলে সংসার ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য রাখা সম্ভব।
৪. মতের অমিল ও দাম্পত্য কলহের আশঙ্কা
দুটি ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মানুষের চিন্তাভাবনা, অভ্যাস, পছন্দ ও জীবনযাপনের ধরন এক হওয়া স্বাভাবিক নয়। ফলে বিয়ের পর ছোটখাটো বিষয় নিয়েও মতের অমিল তৈরি হতে পারে।
এসব মতবিরোধ বড় আকার ধারণ করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অনেক পুরুষ এই দাম্পত্য কলহের কথা ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন।
তবে পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও খোলামেলা আলোচনার মাধ্যমে অধিকাংশ মতবিরোধের সমাধান করা সম্ভব। একে অপরের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও দৃঢ় হয়।
৫. স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য রাখার চাপ
বিয়ের পর জীবনসঙ্গী ও নিজের বাবা-মায়ের প্রত্যাশার মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক পুরুষের কাছে বড় দুশ্চিন্তার বিষয়। কেউ কেউ মনে করেন, বিয়ের পর হয়তো বাবা-মায়ের সঙ্গে আগের মতো থাকা সম্ভব হবে না। আবার পারিবারিক মতবিরোধ তৈরি হলে দুই পক্ষের মধ্যে পড়ে যাওয়ার ভয়ও কাজ করে।
বিশেষ করে স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হলে কীভাবে পরিস্থিতি সামলাবেন, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন।
এ ধরনের পরিস্থিতিতে কাউকে অবহেলা না করে ন্যায়সংগত আচরণ, নিরপেক্ষতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। বিয়ের আগেই দুই পক্ষের প্রত্যাশা ও জীবনযাপনের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ভবিষ্যতের জটিলতা অনেকটা কমানো সম্ভব।
বিয়ে নিয়ে ভয় কাটবে যেভাবে
বিয়ে নিয়ে ভয় কিংবা দ্বিধা থাকা অস্বাভাবিক নয়। কারণ এটি শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব, পরিবার, অর্থনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ জীবন। তবে এসব বিষয় নিয়ে আগে থেকে পরিষ্কার ধারণা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
পারস্পরিক বিশ্বাস, দায়িত্ব ভাগাভাগি, আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা একটি সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি তৈরি করতে পারে। তাই ভয় বা সামাজিক চাপের কারণে নয়, বরং নিজের প্রস্তুতি, পছন্দ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন