১২:৪৬ পি.এম
দীর্ঘ চার বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষা ক্যাডার পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাহীনুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলেজে অনুষ্ঠিত নির্বাচনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার। কমিশনের অন্যান্য দুই সদস্য ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মনকিউল হাসনাত এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুহেব্বুর রহমান।
নির্বাচন সূত্রে জানা যায়, কলেজটির গঠনতন্ত্র অনুযায়ী কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এ পরিষদের ভোটার ও সদস্য। কলেজে মোট ৪৭টি শিক্ষা ক্যাডার পদ থাকলেও বর্তমানে ২৩ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। নির্বাচনে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয় ছিল।
আরও পড়ুন: মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার ওসিকে অজ্ঞাত নম্বর থেকে প্রাণনাশের হুমকি
সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সুব্রত সাহা পান ৯ ভোট। অন্যদিকে, যুগ্ম সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাহীনুর রহমান ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় ওই পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, শিক্ষা ক্যাডার পরিষদের পূর্ববর্তী কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও নানা কারণে নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হওয়ায় কলেজের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ পরিষদ ২০২৭-২৮ মেয়াদে আগামী দুই বছর কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে। নতুন নেতৃত্ব কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, শিক্ষক-কর্মকর্তাদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন: সকল নৈরাজ্য মোকাবেলা করতে হবে: এমপি আবুল কালাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন