প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভাষাসংগ্রামী ও বহুমাত্রিক লেখক আহমদ রফিক ভাষা আন্দোলন এবং একুশের ইতিহাসচর্চার পাশাপাশি রবীন্দ্র গবেষণায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সাহিত্য ও চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও, তিনি বিষ্ণু দের মতো কবির কবিতা ও চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিসরে এনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক মন্তব্য করেছেন যে, সমাজের নানা হতাশা ও সংঘাত থেকে উত্তরণে তার মতো আমৃত্যু জ্ঞানচর্চায় নিবেদিত থাকা অত্যন্ত জরুরি।
আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমিতে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন আয়োজিত এই সভায় আলোচনা, সংগীত ও কবিতা পাঠের আয়োজন ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নেত্রী দীপা দত্ত। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী এবং অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।
ড. সৈয়দ আজিজুল হক বলেন, ‘আহমদ রফিক কেবল একুশকে নিয়ে বই লিখেই থেমে থাকেননি, রবীন্দ্রচর্চাই ছিল তার প্রধান বিষয়। সাহিত্য বা চিত্রশিল্পের সরাসরি কর্মী না হয়েও তিনি বিষ্ণু দের মতো কঠিন কবির কবিতা এবং চিত্রশিল্পকে জ্ঞানচর্চার পরিধিতে এনে আলোচনা করেছেন।’ তিনি আরও বলেন, ‘পাশ্চাত্য বা আমেরিকার সমৃদ্ধির পেছনেও জ্ঞানচর্চার বড় ভূমিকা রয়েছে। সমাজের নানা হতাশা ও সংঘাত কাটিয়ে উঠতে হলে আহমদ রফিকের মতো আমৃত্যু জ্ঞানচর্চায় নিবেদিত হওয়া জরুরি।’
আহমদ রফিকের রবীন্দ্র গবেষণার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিলাইদহ ও শাহজাদপুরের তুলনায় পতিসর নিয়ে আলোচনা কম হলেও রবীন্দ্রনাথের জমিদারির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পতিসর। এই বিষয়টি সামনে আনার ক্ষেত্রে আহমদ রফিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার লেখা ‘রবীন্দ্রভুবনে পতিসর’ বইটি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। পতিসরে রবীন্দ্রস্মৃতিবিজড়িত স্থান পুনরুদ্ধারের উদ্যোগেও তিনি ভূমিকা রাখেন।
অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন আহমদ রফিকেরই অঞ্চলের একজন শ্রেষ্ঠ মানুষ। তাকে নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা ছিল আহমদ রফিকের। তার ওপর একটি ফাউন্ডেশন করে তার চিন্তা ও সুরভুবন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়টি ছিল তার একটি অপূর্ণ ইচ্ছা।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ফাউন্ডেশনের সভাপতি মুনীর সিরাজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য পাঠ করেন সংস্কৃতিকর্মী মফিজুর রহমান লাল্টু। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলা ভাষা ও পূর্ববাংলার নির্যাতিত বাঙালির জাতিসত্তা, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষার জন্য ভাষাসংগ্রামী আহমদ রফিক এবং তার সমকালীন ভাষা আন্দোলনকারীরা যে অসামান্য অবদান রেখে গেছেন, তাদের অভীষ্ট লক্ষ্যের পরিপূর্ণতা প্রদানের প্রতিজ্ঞায় ‘ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, আহমদ রফিকের বিশাল রচনাসম্ভার বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মূল্যবান সম্পদ। তার রচনাবলি, সাহিত্যকৃতী, স্মারক ও সম্মাননা নথি জাতীয় স্বার্থে সংরক্ষণে ফাউন্ডেশন দায়বদ্ধ।
আহমদ রফিকের ভাগনে ড. হুমায়ুন কবির স্মৃতিচারণে বলেন, ১৯৫২ সালে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় আহমদ রফিক তাকে কবিতা, ছড়া, সোভিয়েত রাশিয়া ও লেনিন সম্পর্কে পড়াতেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার বিষয়ে উৎসাহ দেন এবং পড়াশোনায় সহযোগিতা করেন। রাজনৈতিক কারণে চিকিৎসাবিদ্যার পড়াশোনা শেষ করতে না পারলেও সাহিত্য ও জ্ঞানচর্চায় তিনি অসামান্য অবদান রাখেন। অর্থ কিংবা বড় পদ-পদবির প্রতি তার আকর্ষণ ছিল না। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগও প্রত্যাখ্যান করে দেশে থেকে গেছেন। জীবনের শেষ পর্যায়েও দেশের ও বাংলা ভাষার কল্যাণ নিয়ে ভাবতেন তিনি।
দীপা দত্ত বলেন, আহমদ রফিক বাংলা ভাষাকে চর্চা ও বিকাশের মাধ্যমে আত্মিকভাবে বাঙালি হয়ে উঠতে চেয়েছিলেন এবং বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বিস্তারে সক্রিয় ছিলেন। তিনি জানান, স্কুলজীবন থেকেই আহমদ রফিকের রাজনৈতিক চেতনা স্পষ্ট ছিল। সমাজের অসঙ্গতি, শ্রেণিবৈষম্য ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী ইশরাত রহমান নাদিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন