প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা ১ জানুয়ারি নতুন কাঠামোর অধীনে বেতন পাবেন, এ তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে গার্মেন্টস খাতের বর্তমান পরিস্থিতি এবং শ্রমিকদের দাবি নিয়ে বক্তব্য রাখার সময় তিনি এই তথ্য প্রদান করেন।
সংসদে বক্তব্যের সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নতুন শ্রম আইনে মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত মজুরির তিন বছর পূর্ণ হওয়ার আগেই গত ২৭ অক্টোবর সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ১ নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।
অতীতের মজুরি বোর্ডগুলো কাজ সম্পন্ন করতে সাত থেকে আট মাস সময় নিলেও বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যেই মজুরি পুনর্নির্ধারণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে, জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে—মাননীয় প্রধানমন্ত্রী মজুরি বোর্ডকে নির্দেশনা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই এই মজুরি পুনর্নির্ধারণ সম্পন্ন করতে হবে এবং পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা শ্রমিকরা পহেলা জানুয়ারিতেই পাবেন।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ছয়টি শ্রমিক অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, শ্রমিক এলাকায় শিশু কল্যাণ ট্রাস্টের আওতা সম্প্রসারণ, ওএমএস কার্যক্রম বৃদ্ধি এবং শ্রমিক পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও আন্তর্জাতিক যুদ্ধের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয়ের চাপ থাকা সত্ত্বেও সরকার শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না," এটি বর্তমান সরকারের স্পষ্ট বিশ্বাস। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, চাঁদাবাজি বন্ধ এবং এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোকে সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর দিনে টাঙ্গাইল সফরের অভিজ্ঞতা শেয়ার করে জোনায়েদ সাকি বলেন, শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো ‘পতীত শক্তি’ যাতে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল বা ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন