প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনয়ের ক্লাসে একটি সাধারণ চরিত্র ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করতে হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ঘরের কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি প্রায় কেঁদেই ফেলেছিলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে দীপিকার অভিনয় শেখার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেতা অনুপম খের।
গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অনুপম খের জানিয়েছেন, বলিউডে তার অভিষেকের আগে দীপিকা তার অভিনয় প্রশিক্ষণকেন্দ্র ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স সম্পন্ন করেছিলেন। সেই সময় তিনি পরিচিত মডেল ছিলেন এবং শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
অনুপমের মতে, মডেলিংয়ের কারণে দীপিকার চলাফেরা ও আচরণ ছিল বেশ মার্জিত। তিনি সবকিছুই করতেন পরিপাটি ভঙ্গিতে। এমনকি চায়ের কাপ ধরার মধ্যেও ছিল বিশেষ কায়দা। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সব সময় এমন মার্জিত আচরণ বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে না।
একদিনের ক্লাসে দীপিকাকে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করার জন্য বলেন অনুপম। কাজটি ছিল মেঝে ঝাড়ু দেওয়া। কিন্তু দীপিকা সেটিও করছিলেন বেশ আকর্ষণীয় ভঙ্গিতে। বিষয়টি বোঝাতে অনুপম নিজের বাসার এক গৃহকর্মীকে ক্লাসে নিয়ে আসেন। তাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজটি করিয়ে দেখান, বাস্তবে কাজটি কিভাবে করা হয়।
এরপর দীপিকাকে আবারও একই দৃশ্য অভিনয় করতে বলেন তিনি। অনুপম জানান, অভিনয়টি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এতে প্রথমে হতাশ হয়ে পড়েন দীপিকা। এমনকি তার চোখে পানি চলে এসেছিল। তবে শেষ পর্যন্ত অনুশীলনের মাধ্যমে কাজটি ঠিকভাবে করতে পেরেছিলেন অভিনেত্রী। পরে অনুপমকে ধন্যবাদও জানান তিনি।
অনুপমের মতে, অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। পাশাপাশি কাজ পাওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বুঝে চলার দক্ষতাও জরুরি।
২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে দীপিকার বলিউডে অভিষেক ঘটে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন