০৩:২৭ পি.এম
কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককরণের সময় তাদের কাছে স্বর্ণালংকারের পাশাপাশি চারটি মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও তিনটি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়।
রবিবার দুপুরে কোস্ট গার্ড কক্সবাজারের অপারেশন অফিসার লে. কমান্ডার আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ বিষয়ে কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিসিজি স্টেশন কক্সবাজারের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড জানায়, তারা গোয়েন্দা তথ্যে জানতে পারে যে, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছে। এর ভিত্তিতে নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত
অপারেশন অফিসার জানান, অভিযানের সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।
অতঃপর, তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালালে প্রায় ৭৫ লাখ টাকার মূল্যবান ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। তারা আগে একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত আলামত ও আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন