প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে ‘উদ্যোগ’ শীর্ষক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকগুলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এবি ব্যাংক পিএলসি আদর্শ সদর উপজেলার লিড ব্যাংক হিসেবে এবং পূবালী ব্যাংক পিএলসি সদর দক্ষিণ উপজেলার লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, এবি ব্যাংকের এসিভিপি আশীষ কুমার দেবনাথ, পূবালী ব্যাংকের ডিজিএম মইনুল ইসলামসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, আঞ্চলিক প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, "দেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা ও চাকরিদাতা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।"
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "২০০ একরের নতুন গ্রিন ক্যাম্পাসে স্থানান্তরের পর ছাত্র উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ দেওয়া হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বিভিন্ন উৎপাদনমুখী উদ্যোগও চালু করা হবে।"
এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সহজ করতে চক্রবৃদ্ধি সুদের ভয় দূর করে সহজ শর্তে ও সহনীয় কিস্তিতে ঋণ দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, "তরুণরাই দেশের প্রাণ। তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলেই অর্থনীতি বদলে যাবে। পড়াশোনা শেষে কেবল চাকরির পেছনে ছুটে মূল্যবান সময় নষ্ট না করে সৃজনশীল উদ্যোগ নিতে হবে। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি করেন।"
তিনি আরও বলেন, "যেকোনো কাজকে সম্মান করার সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে কাগজপত্র ও প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে তা আরও সহজ করতে হবে। একই সঙ্গে সব কাজের নেপথ্যে দেশপ্রেমকে সবচেয়ে বড় শক্তি হিসেবে ধারণ করতে হবে।"
সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় ও তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে গৃহীত এ কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষার্থীদের কর্মশালার দ্বিতীয় পর্বে ব্যাংক কর্মকর্তাদের স্লাইড প্রেজেন্টেশন মনোযোগ দিয়ে শুনে ঋণ ও প্রণোদনা পাওয়ার প্রক্রিয়া এবং শর্তাবলি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সহজ শর্তে প্রণোদনা ও ঋণ সহায়তা পেতে পারেন, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।"
কর্মশালার দ্বিতীয় পর্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অর্থায়ন সুবিধা, ঋণ পাওয়ার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় শর্তাবলি তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন