প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘হোয়াই দিস কোলাভেরি ডি’—একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই শোনা যেত এই গান। তামিল ভাষা না বুঝলেও গানের সুর এবং ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি গুনগুন করতেন অনেকেই। ভাষার সীমানা পেরিয়ে গানটি ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৫ বছর। ২০১১ সালের ১৬ নভেম্বর মুক্তি পাওয়া গানটি কিভাবে রাতারাতি ভাইরাল হয়েছিল, সেই গল্পও বেশ মজার।
তামিল সিনেমা ‘থ্রি’-এর জন্য গানটি তৈরি করেছিলেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ছবিটি পরিচালনা করেছিলেন ঐশ্বরিয়া আর ধানুশ। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ধানুশ। তখন অনিরুদ্ধের বয়স ছিল মাত্র ২১ বছর। চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে এটিই ছিল তার অভিষেক।
গানটির জন্ম হয়েছিল একেবারে সাধারণ এক স্টুডিও সেশনে। অনিরুদ্ধের দাবি, সুরটি তৈরি করতে তার সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট। সুর শোনার পর ধানুশ নিজের মতো করে গাইতে শুরু করেন। সেখান থেকেই আসে ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি। এরপর ধীরে ধীরে তৈরি হয় পুরো গান।
গানের কথা লিখতেও বেশি সময় নেননি ধানুশ। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মাত্র ছয় মিনিটে গানটির কথা লিখেছিলেন। তার উদ্দেশ্য ছিল সহজ ও পরিচিত শব্দ ব্যবহার করা, যাতে নানা ভাষার শ্রোতারাও গানটির সঙ্গে সহজে যুক্ত হতে পারেন।
গানটিতে ইংরেজি শব্দের আধিক্য থাকলেও ধানুশ একে ‘ট্যাংলিশ’ বলতে চাননি। তার ভাষ্য, ইংরেজি শব্দ ব্যবহার করলেও গাওয়ার ধরনে তিনি তামিলের স্বাদ রেখেছিলেন। তামিল শ্রোতাদের কাছে গানটি পৌঁছে দেওয়াই ছিল তার লক্ষ্য।
ব্যর্থ প্রেমের হতাশা নিয়ে তৈরি গানটির কথায় ছিল অদ্ভুত এক সরলতা। ‘হোয়াইট স্কিন গার্ল’ কিংবা ‘ব্ল্যাক হার্ট’-এর মতো শব্দবন্ধ আর সহজ সুর গানটিকে অন্য রকম করে তুলেছিল। পরে এমন ব্যর্থ প্রেমের গানকে ‘সুপ সং’ নামে পরিচিতি দেওয়া হয়।
তবে গানটি শুরুতে এককভাবে প্রকাশের পরিকল্পনা ছিল না। ধানুশের পরিচিত একজন গানটির অসম্পূর্ণ সংস্করণ ইন্টারনেটে আপলোড করে দেন। এরপর সেটি দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি বুঝে গানটি দ্রুত সম্পূর্ণ করার জন্য অনিরুদ্ধকে রাজি করান ধানুশ। শেষ পর্যন্ত ২০১১ সালের ১৬ নভেম্বর সনি মিউজিকের ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় গানটি।
মুক্তির পরপরই গানটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের টাইমলাইন থেকে ইউটিউব—সবখানেই তখন ‘কোলাভেরি’ নিয়ে আলোচনা। তামিল সিনেমার বাইরের শ্রোতারাও গানটি শুনতে শুরু করেন। তৈরি হতে থাকে নানা কাভার, প্যারোডি ও নিজস্ব সংস্করণ।
গানটির মিউজিক ভিডিওও ছিল বেশ সাদামাটা। ছিল না বড় কোনো সেট বা জাঁকজমকপূর্ণ আয়োজন। স্টুডিওতে বন্ধুদের আড্ডা আর গান গাওয়ার দৃশ্যই দেখা যায় ভিডিওতে। ধানুশ মাইক্রোফোনে গাইছেন, অনিরুদ্ধ কি-বোর্ড বাজাচ্ছেন। সেখানে ছিলেন ঐশ্বরিয়া ও শ্রুতি হাসানও। পর্দায় গানের কথা ভেসে ওঠায় শ্রোতারাও সহজে গানের সঙ্গে গলা মেলাতে পারতেন।
গানটি বলিউডেও প্রশংসা পেয়েছিল। অমিতাভ বচ্চন এক টুইটে গানটির মৌলিকত্ব ও সুরের প্রশংসা করে ধানুশ ও ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন। তবে গানের কথা, সুর ও গায়কির সমালোচনাও করেছিলেন গীতিকার জাভেদ আখতার। তা নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। কিন্তু সমালোচনা গানটির জনপ্রিয়তায় তেমন প্রভাব ফেলতে পারেনি।
অনিরুদ্ধের সংগীতজীবনের শুরুতেই এমন সাফল্য ছিল বড় প্রাপ্তি। অন্যদিকে, ধানুশ অভিনয়ের পাশাপাশি গায়ক ও গীতিকার হিসেবেও নতুন করে পরিচিতি পান। মজার বিষয় হলো, ‘কোলাভেরি ডি’ তুমুল জনপ্রিয় হলেও ‘থ্রি’ সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও গানটি নিজের মতো করে বেঁচে আছে শ্রোতাদের মনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন