প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের রাজারহাটে চুরির ঘটনা যেন থামছেই না। দিনে-দুপুরে বসতবাড়িতে চুরি এবং গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের টিন কেটে লুটের ঘটনা ঘটছে। মাত্র এক মাসের মধ্যে তিনটি বাড়িতে চুরির পর, এবার উপজেলা সদরের ব্যস্ততম রাজারহাট সদর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে ঢুকে নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। একের পর এক ঘটনার ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চোর আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাজারহাট সদর বাজারের ঐতিহ্যবাহী বেঙ্গল ট্রেডার্সে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং আলমারির ড্রয়ার ও টেবিলের ড্রয়ার ভেঙে তছনছ করে। সেখান থেকে আনুমানিক ৩০ হাজার টাকা নিয়ে যায় তারা। দোকানের ভেতরের বিভিন্ন আসবাবপত্রও এলোমেলো করে রেখে যায়।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাতের আঁধারেই নয়, দিনের বেলাতেও চোরের দৌরাত্ম্য বেড়েছে। গত এক মাসে উপজেলার সদরের বোতলারপাড় গ্রাম, পুন:কর এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে তিনটি বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনটি বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পাশাপাশি দিনের বেলাতেও নিজেদের ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা।
বেঙ্গল ট্রেডার্সের মালিক রেজাউল করিম চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, ‘চোরেরা টিন কেটে দোকানের ভেতরে ঢুকে ড্রয়ার ভেঙে ৩০ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এক মাসে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের প্রশ্ন—দিনের ব্যস্ততা আর রাতের নিরাপত্তা, কোনোটিই কি এখন রাজারহাটে চোরদের নাগালের বাইরে?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন