ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মাদারীপুরে শিশুকে ধর্ষণচে-ষ্টার অভিযোগে বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ


মাদারীপুরে শিশুকে ধর্ষণচে-ষ্টার অভিযোগে বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিলও করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়িতে একা থাকা পাঁচ বছরের শিশুটিকে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান। পরে মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে আপস-মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: সিলেটের গণদাবি পরিষদের দাবি, প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হোক

এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।”

অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: চকরিয়ায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে হত্যা: স্বামী আটক

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।
সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এসআরবি, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিমলায় দীর্ঘ ছুটিতে ৭০ হাজার যানবাহনের প্রবেশ, ট্রাফিক নিয়ন্ত্রণে ড্রোনের ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


শিমলায় দীর্ঘ ছুটিতে ৭০ হাজার যানবাহনের প্রবেশ, ট্রাফিক নিয়ন্ত্রণে ড্রোনের ব্যবহার

হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। গত তিন দিনে রেকর্ডসংখ্যক প্রায় ৭০ হাজার যানবাহন শহরটিতে প্রবেশ করেছে। এই সংখ্যা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি, ফলে শিমলাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং প্রশাসনকে ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

অতিরিক্ত এসপি (শিমলা সিটি) মেহের পানওয়ার জানিয়েছেন, এই বিপুল যান চলাচল সামাল দিতে পুলিশকে ২০০ জনেরও বেশি কর্মী মোতায়েন করতে হয়েছে। তিনি সোমবার এই তথ্য প্রকাশ করেন।

মেহের পানওয়ার আরও জানান, মোট প্রবেশ করা যানবাহনের মধ্যে ৪০ হাজারের বেশি গাড়ি হিমাচল প্রদেশের বাইরের রাজ্য থেকে এসেছে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় থেকে বিপুল সংখ্যক পর্যটক গরম বা দৈনন্দিন ব্যস্ততা থেকে মুক্তি পেতে পাহাড়ি শহরের দিকে ছুটে এসেছেন।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পানওয়ার বলেন, “পর্যটকদের ব্যাপক ভিড়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক ব্যবস্থা নিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “শিমলা শহরকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন এনজিও পদমর্যাদার কর্মকর্তাকে রাখা হয়েছে। এছাড়া, ট্রাফিক বিভাগকে সহায়তা করার জন্য থানাগুলোর কর্মীদেরও নিজ নিজ এলাকায় মোতায়েন করা হয়েছে।

হঠাৎ এত গাড়ির চাপে শিমলার প্রধান সড়কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে তীব্র ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমাচল প্রদেশ পুলিশ বাড়তি কর্মী মোতায়েন করেছে।

ড্রোনের সাহায্যে ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পর্যটকদের নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযানে গ্লোবাল এন্টারপ্রাইজকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযানে গ্লোবাল এন্টারপ্রাইজকে জরিমানা

হাটহাজারীর হালদা নদী, যা এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র, এর পরিবেশ সুরক্ষার জন্য অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময়, হালদা নদীর সংযুক্ত খালে কেমিক্যালযুক্ত পানি ফেলার অভিযোগে গ্লোবাল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এক লাখ টাকা।

এই অভিযানটি সোমবার (৫ অক্টোবর) বিকেলে চিকনদণ্ডী ইউনিয়নের ফতেহাবাদ ছড়ারকুল এলাকায় অনুষ্ঠিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন, যেখানে হালদা নদীর সংযুক্ত খালে কারখানার দূষিত পানি সরাসরি ফেলার অভিযোগ ছিল।

এ সময়, মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজে পরিবেশ ছাড়পত্র ছাড়াই কেমিক্যাল গুদামজাত করা এবং কেমিক্যালযুক্ত পানি সরাসরি ড্রেনের মাধ্যমে ছড়ারকুল খালে ফেলার সত্যতা পাওয়া যায়। পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রসিকিউশন টিম এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "হালদা নদীর সংযুক্ত খাল ও ছড়ায় কেমিক্যাল, অপরিশোধিত বর্জ্য কিংবা যেকোনো দূষণকারী পদার্থ ফেলে পরিবেশের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, হালদা নদীর পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ ব্যাংকের কার্ড ও এটিএম ৬ দিন বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


১৯ ব্যাংকের কার্ড ও এটিএম ৬ দিন বন্ধ থাকবে

দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর সেবা প্রায় ছয় দিন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলন, কার্ডে কেনাকাটা এবং অনলাইন লেনদেনে সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

ব্যাংকগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের জন্য ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করা সম্ভব হবে না। একইভাবে, পিওএস মেশিনে কার্ড ব্যবহার করে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে লেনদেন এবং এনপিএসবি ও ই-কমার্সভিত্তিক কিছু লেনদেনও বন্ধ থাকবে।

সেবা বন্ধ থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে কিউ-ক্যাশ নেটওয়ার্ক-সংশ্লিষ্ট সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে। এর ফলে কার্ড ও এটিএমের পাশাপাশি পিওএস, কিউআর, এনপিএসবি এবং ই-কমার্সভিত্তিক লেনদেনেও প্রভাব পড়বে।

তবে ব্যাংকের অন্যান্য শাখাভিত্তিক সেবা এই ঘোষণার আওতায় রয়েছে কি না, তা সংশ্লিষ্ট ব্যাংকের পৃথক নির্দেশনার ওপর নির্ভর করবে।

ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ধাপে ধাপে এসব সেবা পুনরায় স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় লেনদেন আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%