প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপসের আবেদন করায় আদালত বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার অধিবাসী।
মামলার বিস্তারিত এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ আলী হাওলাদার তার ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। পরে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা ঘটে। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু আপস অযোগ্য ধারার মামলায় আপসের আবেদন করায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান এ বিষয়ে মন্তব্য করেন, ‘ভুক্তভোগীকে আদালতে উপস্থিত না করে আপস অযোগ্য ধারায় আপসের আবেদন করায় বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে চাপ প্রয়োগ করে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আদালতের এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই—এমন মামলায় আপস করার সুযোগ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন