প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জন্ম নিয়ন্ত্রণের জন্য নারীদের স্বাস্থ্যকেন্দ্রে প্রতি তিন মাস পরপর যাওয়ার প্রয়োজন আর নেই। নারীরা এখন নিজেদের প্রয়োগে গর্ভনিরোধক ইনজেকশন নিতে পারবেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারে এনেছে এ ধরনের একটি ইনজেকশন। ‘মেডোজেন সাবকিউ’ নামের ইনজেকশনটি ১২ থেকে ১৪ সপ্তাহ পরপর ত্বকের নিচে প্রয়োগ করতে হবে।
প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক এবং বাংলাদেশের প্রথম স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন। এর ফলে নারীদের জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীর ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে নিজেদের প্রজননস্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগও বাড়বে।
ইনজেকশনটিতে মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট (ডিএমপিএ) ১০৪ মিলিগ্রাম রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রচলিত মাংসপেশিতে প্রয়োগযোগ্য ইনজেকশনের তুলনায় এতে প্রায় ৩০ শতাংশ কম মাত্রার ওষুধ ব্যবহার করা হয়েছে। জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা নিয়ন্ত্রণেও এটি কার্যকর। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইনজেকশনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম মন্তব্য করেন, স্ব-প্রয়োগযোগ্য এ পদ্ধতি নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তিনি জানান, জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় এটি ব্যবহারের ফলে চিকিৎসাব্যয় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
অধ্যাপক ফিরোজা বেগম আরও বলেন, নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, এর সুফল প্রান্তিক নারীদের কাছে পৌঁছাতে হবে। এজন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য দিতে হবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির জানান, ১৩ থেকে ১৪ বছর গবেষণার পর পণ্যটি তৈরি করা হয়েছে। বর্তমানে এটি বিশ্বের ১০০টির বেশি দেশে রপ্তানি ও বিক্রি হচ্ছে।
তিনি বলেন, ইনজেকশন তৈরির ডিভাইসের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের কারখানায় ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। অনুষ্ঠানে পাঁচ শতাধিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন