প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্যসম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬’ এ স্বর্ণপদক পেয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মৎস্যচাষি মো. শাহাজাহান। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার নগদ পুরস্কারের চেকও দেওয়া হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে স্বর্ণপদক ও পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।
দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা শাহাজাহান দীর্ঘদিন ধরে মৎস্য চাষ ও পোনা উৎপাদনের সঙ্গে জড়িত। ১৯৯৮ সাল থেকে তিনি পোনা উৎপাদন করে আসছেন। তার উৎপাদিত পোনা দীঘিনালা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার মৎস্যচাষিদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ছয়টি পুকুরে মোট ৩ দশমিক ২ হেক্টর জলায়তনে ১২ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেন শাহাজাহান। তিনি পাশাপাশি ১ দশমিক ২১ হেক্টর জলাশয়ে তেলাপিয়া ও কার্পের মিশ্রচাষ করে ২৮ দশমিক ৮ মেট্রিক টন মাছ উৎপাদন করেন।
তার মৎস্য খামারে স্থায়ীভাবে ছয়জন এবং অস্থায়ীভাবে আরও ১২ জনের কর্মসংস্থান হয়েছে। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে স্থানীয় অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছেন। এই বিষয়ে তার পরামর্শে নতুন নতুন মৎস্য খামার গড়ে উঠছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা বলেন, মৎস্য উৎপাদন ও পোনা সরবরাহের ক্ষেত্রে শাহাজাহানের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্য প্রশংসনীয়। তিনি শুধু নিজে সফল হননি, তার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় অনেক মানুষ মাছ চাষে উৎসাহিত হচ্ছেন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে তার এ স্বীকৃতি দীঘিনালার মৎস্য খাতের জন্যও গর্বের বিষয়। যদি ভবিষ্যতে তার মতো উদ্যোক্তাদের উৎসাহিত করা যায়, তাহলে মৎস্য উৎপাদন আরও বাড়বে।
শাহাজাহানের এ অর্জনে দীঘিনালার মৎস্যচাষি ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি শুধু দীঘিনালার সুনামই বাড়াবে না, বরং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও উৎসাহিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন