প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ মহানগরীর বারেড়া এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেড়া মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত মো. জামান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন। ঘটনার পর রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানিয়েছেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে জামানের বিরোধ চলছিল। এই বিরোধের ফলস্বরূপ পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন জামানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিএস মাহাবুব বলেন, নিহত জামান ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন