ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পলাশবাড়ীতে সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকদের ওপর হামলা ও জোরপূর্বক টাকা ধরিয়ে দেওয়ার অভিযোগ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি


পলাশবাড়ীতে সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকদের ওপর হামলা ও জোরপূর্বক টাকা ধরিয়ে দেওয়ার অভিযোগ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলা, আটকে রেখে মারধর এবং জোরপূর্বক হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বালু ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে।
জানা গেছে, ইনডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক রফিক, দেশ টিভির ক্যামেরাম্যানসহ চারজন এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) এর উপস্থিতিতে পলাশবাড়ী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সংবাদ সংগ্রহ করা হয়।
সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা সিএনজিযোগে অফিসে ফেরার পথে পলাশবাড়ী উপজেলার ৭১ টিভির সাংবাদিক পাপুল ও রতন সরকারের নেতৃত্বে বিএনপির সদস্যসচিব সোহেল হৃদয়সহ কয়েকজন তাঁদের পথরোধ করেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁদের একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করা হয়। একপর্যায়ে সাংবাদিকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা প্রদান, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পরিকল্পিতভাবে তাঁদের বিতর্কিত করার উদ্দেশ্যে জোরপূর্বক টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণের অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন সাংবাদিক মহল।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সাংবাদিক মহলের বক্তব্য, সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হামলা, হয়রানি কিংবা ভয়ভীতির শিকার হতে হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী ইন্তেকাল করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী ইন্তেকাল করেছেন

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী (৪৫) আর নেই। তিনি শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও সংগঠন সূত্রে জানা যায়, ইয়াছিন আলী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর জীবনাবসান ঘটে।

মরহুম ইয়াছিন আলী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামের বাসিন্দা এবং মৃত আলহাজ আকবর আলী শেখের ছোট ছেলে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা কার্যালয়ে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে রাজধানীর মগবাজার এলাকায় বসবাস করতেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফ এম কামরুল হাসান এবং সহসভাপতি গোলাম রব্বানী। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আগামীকাল রবিবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে বন বিভাগের অভিযান, সিমিজু হ্যাচারির দখলসহ ৪.৫ একর ঝাউবাগান মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


ইনানীতে বন বিভাগের অভিযান, সিমিজু হ্যাচারির দখলসহ ৪.৫ একর ঝাউবাগান মুক্ত

কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণীয় ও জীববৈচিত্র্যে ভরপুর ইনানী সৈকতের ঝাউবাগান রক্ষায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

১৪ নভেম্বর শনিবার বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে এই অভিযানটি পরিচালিত হয়। উখিয়া উপজেলার ইনানী রেঞ্জের রেজু টহল ফাঁড়ির আওতাধীন দুটি স্পটে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ টহল টিম ও ইনানী রেঞ্জের যৌথ উদ্যোগে অভিযানটি চলে।

প্রথম অভিযান সোনারপাড়া বিচে

রেজু ফাঁড়ির অধীন সোনারপাড়া বিচের সংরক্ষিত ঝাউবাগানে একটি চক্র দখলের উদ্দেশ্যে "সিমিজু হ্যাচারি এন্ড নার্সারি" নামে একটি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে লোহার এঙ্গেল, সবুজ নেট দিয়ে ঘেরা-বেড়া ও বিশাল সাইনবোর্ড বসায়। বন বিভাগের টহল দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানে ওই ঘেরা-বেড়া, খুঁটি ও সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে আনুমানিক ১.৫ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। ছবিতে বনরক্ষীদের সেই সাইনবোর্ডটি তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

দ্বিতীয় অভিযান নিদানিয়া বিচে

এরপর একই রেঞ্জের অধীন নিদানিয়া বিচের ঝাউবাগানে অভিযান চালানো হয়। সেখানে পর্যটন মৌসুমকে কেন্দ্র করে রাতারাতি গড়ে ওঠা আরও ৭টি নতুন অবৈধ দোকানপাট ও টংঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে আনুমানিক ৩.০ একর বনভূমি উদ্ধার করা হয়। সব মিলিয়ে এই অভিযানে মোট ৪.৫ একর ঝাউবাগান দখলমুক্ত করা হয়েছে।

মামলা প্রক্রিয়াধীন

বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দখলদাররা সামুদ্রিক কাছিমের হ্যাচারির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে বনের জমি দখলের পাঁয়তারা করছিল, যা সম্পূর্ণ বেআইনি। ইনানীর ঝাউবাগান শুধু সৈকতের সৌন্দর্যই নয়, এটি সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার নিরাপদ স্থান এবং উপকূলীয় ভাঙন রোধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তারেক বলেন, _"ইনানী-সোনারপাড়া-নিদানিয়া এলাকায় সংরক্ষিত বনের এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না। বন বিভাগের জমি উদ্ধারে আমাদের নিয়মিত টহল ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যারাই অবৈধভাবে বন দখল করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটঘরিয়ায় রোপা আমন ধান কাটা শুরু, কৃষকেরা সন্তোষজনক ফলনের আশা করছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


আটঘরিয়ায় রোপা আমন ধান কাটা শুরু, কৃষকেরা সন্তোষজনক ফলনের আশা করছেন

পাবনার আটঘরিয়া উপজেলায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। কৃষকেরা পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কিছু জায়গায় ধানের ফলন ভালো হয়েছে, তবে কিছু স্থানে প্রতিকূল আবহাওয়া ও বাতাসের কারণে জমির ধান হেলে পড়ায় ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে।

কয়ড়াবাড়ি মাঠে গিয়ে দেখা যায়, কৃষকেরা পাকা আমন ধান কাটার কাজে ব্যস্ত রয়েছেন। কেউ জমি থেকে ধান কাটছেন, আবার কেউ কাটা ধান আঁটি বেঁধে বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ধান কাটাকে কেন্দ্র করে মাঠজুড়ে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অঞ্চলে মূলত বোনা ও লাগানো—দুই পদ্ধতিতে আমন ধান চাষ করা হয়। বোনা ধানের তুলনায় লাগানো ধানে বীজতলা তৈরি, চারা রোপণ, জমি প্রস্তুত, সার, সেচ, আগাছা দমন এবং পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে খরচ তুলনামূলক বেশি হয়। তবে কৃষকেরা উৎপাদন খরচ বাদ দিয়ে লাভবান হওয়ার আশা করছেন, যদি ভালো ফলন ও বাজারদর পাওয়া যায়।

কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমে বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু জমির ধান মাটিতে পড়ে গেছে। এতে ধান কাটতে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হচ্ছে। ফলন কমার আশঙ্কা থাকলেও অনেক জমিতে ধানের ফলন সন্তোষজনক হওয়ায় কৃষকেরা আশাবাদী।

স্থানীয় কৃষক আবুল কাশেম বলেন, “এবার ধানের ফলন কিছুটা কম হয়েছে। আবহাওয়ার কারণে ধান পড়ে গেছে। পাটের ক্ষেত শেষ হওয়ার পর আমার জমিতে বোনা ঢেপা জাতের ধান করেছি। এ ধানের ফলন খুব একটা ভালো হবে না। ধান কাটার শ্রমিকের খরচও বেড়েছে। তবে অন্য যেসব কৃষক ধান চাষ করেছেন, তাঁদের অনেকের জমিতে ফলন মোটামুটি ভালো হয়েছে।”

তিনি আরও বলেন, বাতাসের কারণে কিছু জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের প্রত্যাশিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

কয়ড়াবাড়ি মাঠে স্থানীয় কৃষকদের মধ্যে কালাম ও সফর, আবুল কাশেম, তোফাজ্জল, জাহান, আলম ও হিরোসহ অনেকে আমন ধান চাষ করেছেন।

ধান কাটা শুরু হওয়ায় কৃষকদের মধ্যে বেড়েছে কর্মব্যস্ততা। তাঁদের প্রধান লক্ষ্য দ্রুত পাকা ধান ঘরে তোলা। কৃষকেরা আশা করছেন, যদি ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়া যায়, তবে এ মৌসুমে লাভবান হবেন। তবে আবহাওয়ার বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় খালে জাল দুধে ভেজাল, অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


পাবনায় খালে জাল দুধে ভেজাল, অভিযান চলছে

পাবনার কৃষি সমৃদ্ধ অঞ্চলে নকল দুধের উৎপাদন এবং চায়না দুয়ারী জালের ব্যবহার রোধ করা যাচ্ছে না। জেলার নদী, খাল ও বিলগুলোতে চায়না জালের ব্যাপক ব্যবহার দেশীয় মাছের বিলুপ্তির আশঙ্কা তৈরি করেছে, পাশাপাশি দুধে রাসায়নিক মেশানোর ফলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাবনা সদরসহ সকল উপজেলায় এই দুই ভয়াবহ কার্যকলাপের বিস্তার ঘটেছে। উৎকৃষ্ট দুধের রাজধানী হিসেবে পরিচিত চলনবিল অঞ্চলের ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর ও বেড়া সাঁথিয়াতে রাসায়নিক মিশ্রিত নকল দুধ উৎপাদিত হচ্ছে। এই তিন উপজেলায় প্রতিদিন প্রায় সাড়ে ৪ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। হাজারো খামারি দিন-রাত পরিশ্রম করে এই দুধ উৎপাদন করলেও নকল দুধের কারণে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভোক্তাদের স্বাস্থ্যকে ভয়াবহ ঝুঁকিতে ফেলছে।

পাবনার ভাঙ্গুড়ায় গত ৩০ অক্টোবর বিষাক্ত কেমিক্যাল, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরির দায়ে একটি কারখানার মালিক ও কর্মচারীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে, ১০ অক্টোবর ফরিদপুর উপজেলায় দুধে হাইড্রোজেন পার-অক্সাইড এবং জেলি ও ভোজ্যতেল ব্যবহার করে নকল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, চলতি বছর নকল দুধ ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে তিন উপজেলায় মোট ৫৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পাবনার চলনবিল এলাকার স্থানীয় দুগ্ধ উৎপাদনকারী খামারি আয়নুল হক ইনকিলাবকে জানান, "অবৈধভাবে টাকা উপার্জনের লোভে মানুষ নকল দুধ তৈরির মত ভয়ংকর অপরাধ করছে। কঠোর শাস্তির পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ তৈরি করতে হবে।"

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি জানান, নকল দুধ উৎপাদনের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি, মানুষের বিবেক জাগ্রত করতে উৎকৃষ্ট দুধের রাজধানী খ্যাত চলনবিল অঞ্চলের মসজিদগুলোতে জুমার নামাযে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। তিনি ইনকিলাবকে বলেন, "নকল দুধ তৈরির কারখানায় নিয়মিত অভিযান চালাচ্ছি। জেল জরিমানা সহ আইনানুগ ও সামাজিক সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে, আমাদের লোকবল সংকট রয়েছে।"

নকল দুধের মতো জেলার খাল-বিল, নদী ও জলাশয়ে চায়না দুয়ারী জালের ব্যবহারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই জালের সূক্ষ্ম সুতা জলাশয় থেকে ছোট মাছ, ডিম, রেণু পোনা নির্বিচারে তুলে নিচ্ছে সুবিধাবাদীরা। শামুক, ঝিনুক, কাঁকড়া, কাছিম, সাপ, ব্যাঙসহ জলজ প্রাণী ও কীটপতঙ্গও এই জালের ফাঁদে পড়ে যাচ্ছে। পাবনার পদ্মা, যমুনা, বড়াল, চলনবিল, গাজনার বিল, ডিকশির বিল, হাদল বিল, খাল, পুকুর, মুক্ত জলাশয়, পানিতে ডোবা খোলা জায়গা সর্বত্র এই জালের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই জালের কারণে মাছে ভাতে বাঙালির পাত থেকে দেশীয় মাছ চিরতরে হারিয়ে যেতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, পাবনা সদর ও বিভিন্ন উপজেলায় ঘরে ঘরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তৈরি হচ্ছে।

পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ইনকিলাবকে জানান, "পাবনার খাল-বিল জলাশয়ে চায়না দুয়ারী জালের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খাল-বিলে দেশীয় মাছের জন্য এটি হুমকির কারণ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে লোকবল সংকটের কথা জানান তিনি।"

নকল দুধ উৎপাদন ও চায়না দুয়ারী জালের ব্যবহার রোধে প্রচলিত আইনে শাস্তির বিধান বাড়ানো এবং সামাজিক সচেতনতার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। তিনি জানান, "নকল দুধ উৎপাদন ও চায়না দুয়ারী জালের বিস্তার রোধে আরো কঠোর শাস্তির ব্যাপারে ভাবা হচ্ছে। পাশাপাশি সামাজিকভাবে জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%