০৫:০৪ এম
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক কারবারিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুজন আপন মামা ও ভাগনে।
সোমবার (২৯ জুন) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের পুত্র এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের পুত্র।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মামা-ভাগনে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে।”
এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মামলাটি তদন্ত করবে। আমাদের থানায় শুধু মামলাটি রেকর্ডভুক্ত হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন