ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু


আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় আহত ট্রেন্স সুজ লিমিটেডের এক শ্রমিক মারা গেছেন। তার নাম মো. সেলিম (২০)। হামলার শিকার হওয়ার পর গত ৪ নভেম্বর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

সেলিম ট্রেন্স সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। হামলার ঘটনা ঘটে ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায়। ওই দিন কারখানা ছুটি হলে, সেলিম অন্যান্য শ্রমিকদের সঙ্গে বের হন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়, যার ফলে তিনজন আহত হন। সেলিম মাথায় গুরুতর আঘাত পান।

সেলিমের বাবা আব্দুর রহিম জানান, হামলার পর সহকর্মীরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি খবর পেয়ে সেখানে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের চিকিৎসকেরা সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই তাকে সেখানে নেওয়া হয়। পরে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ

নিহত সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সাভারের আরাপাড়া এলাকার সবুজবাগে একটি ভাড়া বাসায় থাকতেন। সেলিম এক ভাই ও এক বোনের মধ্যে ছিলেন ছোট।

সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সেলিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা তার মরদেহ নিয়ে যান। ময়নাতদন্তের আগে শাহবাগ থানার উপপরিদর্শক মো. আব্দুল গাফ্ফার হিমেল সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আশুলিয়ার আউকপাড়ায় নিজ কারখানার সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছিলেন সেলিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

সেলিমের বাবা আব্দুর রহিম আগে ফার্নিচারে বার্নিশের কাজ করতেন। তবে হৃদ্‌রোগের সমস্যার কারণে তিনি এখন আর কাজ করতে পারেন না। তার মা সেলিনা খাতুন একটি পোশাক কারখানায় কাজ করেন। বড় বোন ফারজানা বিবাহিত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফারজানা বলেন, বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে মা ও ভাই দুজনই কাজ করতেন। ভাইয়ের মৃত্যুতে এখন তাদের সংসার কীভাবে চলবে, তা বুঝতে পারছেন না তারা।

আরও পড়ুন: মওলানা ভাসানী ছিলেন বঞ্চিতদের অধিকার আদায়ের উচ্চকিত কণ্ঠ

ছেলের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করে আব্দুর রহিম বলেন, ‘আমরা ছেলের হত্যাকারীদের বিচার চাই। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত শেখ হাসিনাকে ফেরাতে শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ভারত শেখ হাসিনাকে ফেরাতে শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ইস্যুর তুলনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, অন্যান্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত যদি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়, তবে সরকার সেটিকে বিবেচনা করবে। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন যে, ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ধোঁয়াশার কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ইন্দোনেশিয়ার ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


দাবানলের ধোঁয়াশার কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ইন্দোনেশিয়ার ক্ষমা প্রার্থনা

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৪ : দেশের ভেতরে চলমান তীব্র দাবানলের ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশা প্রতিবেশী দেশগুলোর আকাশে ছড়িয়ে পড়ার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, বোর্নিও, সুমাত্রা ও পাপুয়া দ্বীপে মাসব্যাপী চলমান দাবানলে ব্যাপক এলাকা ছাই হয়ে গেছে। এর ফলে সৃষ্ট বায়ুদূষণে দেশের শত শত নাগরিক অসুস্থ হয়ে পড়েছে এবং এই ধোঁয়া সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।

রোববার ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ান-এর এক শীর্ষ সম্মেলনে প্রাবোও উল্লেখ করেন যে, সীমানা অতিক্রম করা এই ধোঁয়াশা ‘আমাদের ভুল ছিল না’ এবং তিনি জোর দিয়ে বলেন যে ‘আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি’।

তবে রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রকাশিত একটি ভিডিও অধিবেশন অনুযায়ী আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের উদ্দেশে প্রাবোও বলেন, ‘ইন্দোনেশিয়া সরকার ও ইন্দোনেশিয়ার জনগণের পক্ষে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণের কষ্টের কারণ হয়ে থাকলে আমরা আন্তরিক ক্ষমা চাইছি’।

বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা ‘নুসানতারা অ্যাটলাস’-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত ২৮ লাখ ৮০ হাজার হেক্টর (৭১ লাখ একর) এলাকা দাবানলে ভস্মীভূত হয়েছে, যা লন্ডন শহরের আকারের চেয়ে ১৮ গুণ বড়।

ইন্দোনেশিয়ায় প্রতি শুষ্ক মৌসুমেই দাবানল দেখা যায়, তবে এ বছরের দাবানল ছিল অত্যন্ত ভয়াবহ। গবেষকরা গত সপ্তাহে জানান যে, শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং খনি ও বাগানের জন্য পিটল্যান্ড (জলাভূমি) শুকিয়ে ফেলা এ বছরের দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে।

প্রাবোও জানান, দাবানলের সঙ্গে জড়িত থাকার কারণে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ১৭টি জমির ইজারা বা কনসেশন বাতিল করেছে এবং আরও ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ৭১ হাজার কর্মী মোতায়েন করা হয়। অভিযানে নেমে ১৬ জন অগ্নিনির্বাপক কর্মী মারা গেছেন এবং দুটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইইউবির সঙ্গে টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


এআইইউবির সঙ্গে টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইন্দোনেশিয়ার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টেলকম ইউনিভার্সিটির সঙ্গে।

এই চুক্তির উদ্দেশ্য হলো শিক্ষা, গবেষণা, কমিউনিটি সার্ভিস এবং প্রাতিষ্ঠানিক সম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক সম্প্রসারণ করা।

গত ৪ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং টেলকম ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. সুয়ান্তো, এস.টি., এম.এসসি। এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে। এর আওতায় শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, কমিউনিটি সার্ভিস ও সমাজকল্যাণমূলক উদ্যোগে অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

এই অংশীদারির মাধ্যমে এআইইউবি ও টেলকম ইউনিভার্সিটি পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে কাজ করবে।

এটি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা এবং সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অর্থবহ প্রাতিষ্ঠানিক অংশীদারি প্রতিষ্ঠায় এআইইউবির চলমান উদ্যোগের ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নেদারল্যান্ডস

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফির ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।

আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ওপেনিং ব্যাটসম্যান দিলারা আক্তার ৪৬ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন।

এছাড়া নিগার সুলতানা ২২ বলে ২০, স্বর্ণা আক্তার ১৩ বলে ১৯ এবং শারমিন আক্তার ২২ বলে ১৯ রান করেন।

ডাচ দলের পক্ষে হিদার সিগার্স ২১ রানে ৪ উইকেট দখল করেন। হান্নাহ ল্যানহিয়া ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস স্টেরে কালিসের ৫০ বলে ৬৮ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই জয় অর্জন করে।

ডাচদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২০ রান করেন ফেবে মোল্কেনবোর। এছাড়া বাবেতে ডি লিড ১৭ ও ফ্রেডেরিক ওভারডিক ১২ রান করেন।

বাংলাদেশের পক্ষে রাবেয়া ২টি উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%