০৯:১৩ পি.এম
ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে।
সোমবার (২০ জুলাই) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র অবিলম্বে এই নৌ-অবরোধ কার্যকরের ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো। তারা বলেছে, এই বিবৃতি জারির পর থেকেই অবরোধ কার্যকর হবে। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর চলা অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বলে হুতিরা দাবি করছে।
আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০
এর আগে, হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে—এমন অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।
২০১২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর থেকে এই হুতিদের সৌদি আরবের বিরুদ্ধে এটিই প্রথম হামলার ঘটনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন