০১:৫৭ এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সাতগাঁওয়ের রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ঐতিহ্যবাহী এ পূজার আয়োজন করা হয়। দেবী দুর্গার কুমারী রূপ দর্শনে মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে সমবেত হন।
দুপুর ১টা ২০ মিনিটে শাস্ত্রীয় আচারের মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এ বছর দেবী দুর্গার ‘অপরাজিতা’ রূপের প্রতীক হিসেবে পূজা করা হয় ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণির ছাত্রী অন্যা রানী চক্রবর্তীকে।
আরও পড়ুন: নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগকে কাপুরুষোচিত বললো নেজামে ইসলাম পার্টি
পূজা উদযাপন কমিটির সভাপতি দ্বীপ শিখা ধর জানান, রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে এটি কুমারী পূজার ২৯তম আয়োজন। প্রতিবছরই শাস্ত্রীয় নিয়ম মেনে দেবীর ভিন্ন ভিন্ন রূপ বেছে নেওয়া হয়।
পূজার তাৎপর্য ব্যাখ্যা করে পুরোহিত অসিত ভট্টাচার্য্য বলেন, ‘হিন্দু দর্শন ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী সমগ্র সৃষ্টিতে বিরাজমান আদিশক্তি বা নারীশক্তির প্রতীক কুমারী। প্রতিটি নারীর মধ্যেই দেবীর মাতৃরূপ নিহিত রয়েছে—কুমারী পূজার মাধ্যমে প্রকৃতপক্ষে সর্বজনীন নারীশক্তির প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।’ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুদ্ধ চিত্তে কুমারী পূজার আরাধনা করলে ভক্তদের সর্বপ্রকার মনোবাসনা পূর্ণ হয়।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, ১ থেকে ১৬ বছর বয়সী কন্যাকুমারীকে দেবীর বিভিন্ন রূপে পূজা করা হয়। বয়সভেদে তাদের নামকরণও আলাদা—১ বছরে সন্ধ্যা, ২ বছরে সরস্বতী, ৩ বছরে ত্রিধামূর্তি, ৪ বছরে কালিকা, ৫ বছরে সুভগা, ৬ বছরে উমা, ৭ বছরে মালিনী, ৮ বছরে কুব্জিকা, ৯ বছরে কালসন্দর্ভা, ১০ বছরে অপরাজিতা, ১১ বছরে রুদ্রাণী, ১২ বছরে ভৈরবী, ১৩ বছরে মহালক্ষ্মী, ১৪ বছরে পীঠনায়িকা, ১৫ বছরে ক্ষেত্রজ্ঞা এবং ১৬ বছর বয়সে অম্বিকা বা অন্নদা।
পূজা দেখতে আসা দর্শনার্থী তিথি পাল ঝুমা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘কুমারী পূজা দেখতে এসে খুব ভালো লাগছে। মা দুর্গার কাছে প্রার্থনা করেছি, যেন সবার জীবনে সুখ, শান্তি ও মঙ্গল বিরাজ করে।’
আরও পড়ুন: গাজার ধর্মমন্ত্রী এক হাজার হাফেজকে সংবর্ধনা দিলেন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল ভক্তদের উপস্থিতিতে সুন্দর ও আনন্দঘন পরিবেশে শেষ পর্যন্ত কুমারী পূজার পুরো আয়োজন সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন