প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বেশ কিছু মাস ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করছেন এই অভিনেতা। বর্তমানে তিনি লন্ডনে তার মেয়ের বাসায় অবস্থান করছেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাতের পর ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন রোজিনা।
সম্প্রতি রোজিনা লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন। তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন এই অভিনেতা। শুধু সাক্ষাৎ নয়, তারা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করেছেন।
রোজিনা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তিনি আরো লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগির দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা লন্ডনে শুরু হয়। সেখানে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা চলেছে। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন।
দেশের চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার সুস্থতার খবরের অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। রোজিনার দেওয়া নতুন আপডেটে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন