প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এপেক সম্মেলনের পার্শ্ববৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পৌঁছান। এ সময় রুশ সামরিক বাহিনীর পোশাক পরা এক ব্যক্তিকে রহস্যময় কালো রঙের একটি ব্রিফকেস বহন করতে দেখা যায়।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর এক কর্মকর্তার দিকে জুম করলে সাংবাদিক ইয়েভগেনি পোপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে দর্শকদের বলেন, ‘এটি পারমাণবিক ব্রিফকেস।’ কর্মকর্তা হেসে নিশ্চিত করেন, এটি আসলেই রুশ প্রেসিডেন্টের দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে সরাসরি প্রবেশাধিকারের সুযোগ দেওয়া ব্রিফকেস। এর নাম ‘চেগেট’।
এ সময় পোপভ বলেন, ‘অবিশ্বাস্য’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও একই ধরনের একটি ব্যাগ রয়েছে, যার নাম ‘নিউক্লিয়ার ফুটবল’। এটি নিয়মিত তার সঙ্গে বহন করা হয়। তবে শেনজেনে এখন পর্যন্ত এটি দেখা যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই ধরনের ব্রিফকেস ব্যবহার করেন কি না, তা স্পষ্ট নয়।
তাহলে এসব ব্রিফকেস কি কেবল শক্তি প্রদর্শনের প্রতীক, নাকি এগুলোর মাধ্যমে সত্যিই নেতারা মুহূর্তের মধ্যে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন? এ বিষয়ে যা জানা গেছে, তা তুলে ধরা হলো।
পারমাণবিক ব্রিফকেস কী?
এটি বিশেষভাবে তৈরি একটি ব্রিফকেস, যা সামরিক কমান্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে কোনো দেশের নেতা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) পারমাণবিক ব্রিফকেস ব্যবস্থার উদ্ভব শীতল যুদ্ধের সময়। তখন দুই পরাশক্তির নেতাদের খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে হতো।
তবে লাল বোতামের ওপর আঙুল রেখে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার যে প্রচলিত ধারণা রয়েছে, বাস্তবতা তেমন নয়। কোনো নেতার নির্দেশ বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীর সদস্য এবং আরও বড় যোগাযোগব্যবস্থা প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের ও রাশিয়ার ‘নিউক্লিয়ার ব্রিফকেসের’ পার্থক্য কী?
যুক্তরাষ্ট্রে ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত পারমাণবিক ব্রিফকেসের প্রচলন ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগে। ইতিহাসবিদরা এর সূচনা খুঁজে পেয়েছেন ডুইট আইজেনহাওয়ারের প্রশাসনের সময়ে। ১৯৬১ সালের জানুয়ারিতে জন এফ কেনেডি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগের দিন তাকে এ ব্যবস্থা সম্পর্কে আইজেনহাওয়ারের অবহিত করার একটি অপ্রকাশিত সরকারি স্মারকলিপিও এর প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কোড এতে থাকে। প্রেসিডেন্টের পরিবর্তে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব নিতে হলে তার ব্যবহারের জন্য একটি বিকল্প ‘ফুটবল’ ও পরিচয় যাচাইয়ের কোডের ব্যবস্থা রয়েছে।
কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের। তবে তিনি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে পারেন।
রাশিয়ার নিউক্লিয়ার ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাসের একটি পর্বতের নাম থেকে এর নামকরণ করা হয়েছে। ১৯৮৩ সালে সোভিয়েত সামরিক বাহিনীতে এটি যুক্ত হয়। ঐতিহ্যগতভাবে নৌবাহিনীর একজন কর্মকর্তা প্রেসিডেন্টের হয়ে ব্রিফকেসটি বহন করেন। ২০১৫ সালে ইয়েকাতেরিনবার্গের ইয়েলৎসিন সেন্টারে রাশিয়ার সোভিয়েত-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের ব্যবহৃত ব্রিফকেসটি প্রদর্শনের জন্য রাখা হয়।
বর্তমানে চেগেট প্রেসিডেন্টকে রুশ সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যুক্ত করে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠানো যায়, তবে এটি নিজে থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে না। ধারণা করা হয়, রাশিয়ার এ ধরনের তিনটি ব্রিফকেস রয়েছে। এগুলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধানের জন্য বরাদ্দ।
রাশিয়ার প্রকাশিত পারমাণবিক নীতিমালা অনুযায়ী, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না, সে সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। চেগেট রাশিয়ার ‘কাজবেক’ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে। এ নেটওয়ার্ক ‘কাভকাজ’ নামে পৃথক একটি যোগাযোগব্যবস্থাকে সহায়তা করে। প্রেসিডেন্টের নির্দেশ অনুমোদনের জন্য কয়টি ব্রিফকেসের প্রয়োজন হয়, সে বিষয়ে প্রকাশিত বিভিন্ন বিবরণে ভিন্নতা রয়েছে।
নেতারা কেন নিউক্লিয়ার ব্রিফকেস সঙ্গে রাখেন?
তাত্ত্বিকভাবে কোনো প্রেসিডেন্ট যখন বিমানে, সম্মেলনে কিংবা হোটেলে ঘুমিয়ে থাকেন, তখনও পারমাণবিক হামলা শুরু হতে পারে।
তাই নেতারা যেখানেই থাকুন না কেন, পারমাণবিক ব্রিফকেসের মাধ্যমে যেকোনো সময় হামলা বা পাল্টা হামলার নির্দেশ দেওয়া সম্ভব। প্রতিরোধের কৌশলের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এর ধারণা হলো, প্রতিপক্ষ যদি মনে করে আক্রান্ত হওয়ার পরও পাল্টা হামলা চালানোর সক্ষমতা রয়েছে, তাহলে তারা হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।
অর্থনীতিবিদ ও কৌশলবিদ টমাস শেলিং তার ১৯৬৬ সালের ‘আর্মস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইয়ে লিখেছেন, ‘ক্ষতি করার ক্ষমতাই দর-কষাকষির ক্ষমতা।’
২০২৩ সালে বেইজিং সফরের সময়ও রুশ গণমাধ্যমের সঙ্গে পুতিনের ব্রিফকেস বহনকারী নৌবাহিনীর কর্মকর্তাদের দেখা গিয়েছিল। কোনো সম্মেলনে চেগেটের উপস্থিতি রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দৃশ্যমান স্মারক হিসেবে কাজ করতে পারে। শেনজেনের ভিডিওতে ব্রিফকেসটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। এটি একই সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টিও জোরালোভাবে স্মরণ করিয়ে দেয়।
ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন আল জাজিরাকে বলেন, ‘ক্রেমলিন-সমর্থিত টেলিভিশন চ্যানেলগুলো যে বিষয়টি দেখিয়েছে, তা আমাদের অনেক কিছু বলে দেয়। এটি পুরোপুরি রাজনৈতিক নাটক এবং প্রতীকী প্রদর্শন। এমন একজন ব্যক্তির প্রতীকী উপস্থিতি, যিনি সচেতন যে বিশ্বে তার দেশের অবস্থান আগের মতো নেই।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা আগের মতো নেই। বড় শক্তিগুলোর সেই আসরে রাশিয়ার অবস্থান রয়েছে, তা প্রদর্শনের জন্যই এটি একটি প্রতীকী চেষ্টা।’
অন্য দেশগুলোরও কি নিউক্লিয়ার ব্রিফকেস আছে?
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাবে, বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা ৯টি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায়। অন্য দেশগুলো সাধারণত তাদের নেতারা কী ধরনের সরঞ্জাম সঙ্গে রাখেন, তার চেয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন কে দিতে পারেন, সে বিষয়ে বেশি তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের হাউস অব কমন্স লাইব্রেরির তথ্য অনুযায়ী, দেশটিতে একমাত্র প্রধানমন্ত্রী পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারেন। প্রত্যেক নতুন প্রধানমন্ত্রী হাতে লেখা চারটি ‘লেটার অব লাস্ট রিসোর্ট’ বা শেষ উপায়সংক্রান্ত চিঠি লেখেন। প্রতিটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনের কমান্ডারের জন্য একটি করে চিঠি লেখা হয়। পারমাণবিক হামলায় সরকার ধ্বংস হয়ে গেলে কী করতে হবে, সে নির্দেশনা এসব চিঠিতে থাকে।
অন্যদিকে ফ্রান্সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে। ফরাসি সংবাদপত্র লা মঁদ জানিয়েছে, ২০১২ সালে দায়িত্ব ছাড়ার সময় নিকোলা সারকোজি ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোড হস্তান্তর করেছিলেন।
চীনের ‘নো ফার্স্ট ইউজ’ বা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি রয়েছে। অর্থাৎ বেইজিংয়ের দাবি, অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালালেই কেবল তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দিষ্ট কোনো পারমাণবিক ব্রিফকেস সঙ্গে নিয়ে ভ্রমণ করেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ভারত সরকার জানিয়েছে, দেশটির পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষের রাজনৈতিক পরিষদই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে। এ পরিষদের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। তবে এ কাজে কোনো বিশেষ সরঞ্জাম বহন করা হয় কি না, তা স্পষ্ট নয়।
পাকিস্তান ও উত্তর কোরিয়ারও পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইসরাইলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তবে এসব দেশের নেতারা একই ধরনের ব্রিফকেস সঙ্গে নিয়ে চলাফেরা করেন কি না, তা জানার মতো পর্যাপ্ত নির্ভরযোগ্য প্রকাশ্য তথ্য নেই। সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন