বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৯:০৪ এম
সুদমুক্ত ঋণে সরকারি চাকরিজীবীদের জন্য গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব ঘিরে প্রশাসনে অসন্তোষ দেখা দিয়েছে। অর্থ বিভাগের জারি করা একটি পত্রের এখতিয়ার নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন।
মূল বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈঠকে বসছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে জারি করা এক পত্রে সুদমুক্ত ঋণে কেনা গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সরকারি কর্মকর্তাদের গাড়িসংক্রান্ত নীতিমালা, আদেশ বা নির্দেশনা জারির দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এই বিবেচনায় অর্থ বিভাগের এমন পত্র জারির বৈধতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ বিভাগের পত্রে একাধিক স্থানে ‘প্রধানমন্ত্রী’ পদবি ব্যবহার করা হয়েছে, যা নিয়েও প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।
প্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের মতে, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তারা একই বেতন কাঠামোর আওতায় দায়িত্ব পালন করছেন। তাদের মতে, এই অবস্থায় বিদ্যমান সুবিধা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্য, সরকারি কোনো আর্থিক সুবিধা একবার চালু হয়ে গেলে তা কমিয়ে আনার নজির অতীতে খুব একটা নেই।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারি কর্মকর্তাদের গাড়িসংক্রান্ত যাবতীয় আদেশ-নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই জারি করা হয়ে থাকে। অর্থ বিভাগ তাদের মতামত দিয়ে একটি পত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ ধরনের নির্দেশনা জারির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আজ বৈঠক হবে। সেখানে অর্থ বিভাগের মতামতসহ সার্বিক বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সেই সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় মতামত অর্থ বিভাগে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা সমাজের জন্য একটি স্থায়ী ও কল্যাণকর উদ্যোগ হাতে নিয়েছেন। জীবনের শেষ সময়ে মানুষের উপকারে আসা এমন একটি কাজ করে যেতে চান তিনি। সেই ভাবনা থেকেই যশোরের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।
সম্প্রতি, তিনি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে যশোরের বিজয়নগরে অবস্থিত তাদের দাদাবাড়ি পরিদর্শন করতে যান। শৈশবের স্মৃতিবিজড়িত সেই সফরে মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত জমি নির্বাচন ও চূড়ান্ত করেছেন বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।
ববিতা বলেন, "এবার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে এসেছি। জমি চূড়ান্ত করে এসেছি। এতে আমার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই।"
তিনি আরও বলেন, "একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শিগগির মসজিদের নকশা করব। তারপর ধীরে ধীরে কাজ শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন।"
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা ১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। অভিনয় জীবন শুরুতে তার নাম ছিল ‘সুবর্ণা’। পরে জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয়ের সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় ‘ববিতা’। এটি পরবর্তীতে তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি এনে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের কারণে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
এটি ঘটে বুধবার (১৫ জুলাই) রাতে বনগ্রাম সারাডাঙ্গা এলাকায়।
পাবনার মাধপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষ্ণসাগরে রাশিয়ার ২০টি জাহাজ লক্ষ্য করে ইউক্রেন নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে রুশ বাহিনী ওডেসা, সুমি ও জাপোরিঝঝিয়া অঞ্চলে ভয়াবহ বিমান হামলা করে। এই হামলায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে।
কৃষ্ণসাগরে রাশিয়ার ‘ছায়া নৌবহর’-কে লক্ষ্য করে বুধবার (১৫ জুলাই) বড় ধরনের ড্রোন হামলা ঘটে ইউক্রেনীয় বাহিনীর দ্বারা। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার দাবি করেছেন, এই অভিযানে অন্তত ২০টি রাশিয়ান জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে দুটি গ্যাস ট্যাঙ্কার, ১৭টি তেল ট্যাঙ্কার এবং একটিটি টাগবোট অন্তর্ভুক্ত।
ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কিয়েভ দাবি করেছে, গত ১০ দিনের মধ্যে তারা কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার ১৩০টিরও বেশি জাহাজে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইউক্রেনের এই ড্রোন হামলায় রাশিয়া দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ সেনারা পাল্টা ওডেসা, সুমি এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রুশ বাহিনী আবাসিক ভবন ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে।
এদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করে, রাশিয়ার ছোঁড়া ১২২টি ড্রোনের মধ্যে শতাধিক তারা ভূপাতিত করেছে।
যুদ্ধের মধ্যে নিজেদের শক্তি বাড়াতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ঐতিহাসিক 'ড্রোন চুক্তি' স্বাক্ষর করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরির জন্য নতুন করে ১০ বিলিয়ন ইউরোর তহবিল অনুমোদন করা হয়েছে। পাশাপাশি, ২০২৮ সালের মধ্যে এই অংশীদারিত্বকে অ্যান্টি-ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের দিকে সম্প্রসারিত করার পরিকল্পনা আছে।
এছাড়া, ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানির সিইও সের্গেই কোরেতস্কিকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে এখন মাত্র এক ধাপ দূরে রয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের শেষে দলের পারফরম্যান্স, ফাইনালে ওঠার অনুভূতি এবং সমালোচকদের জবাব সবকিছু নিয়েই কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, "জাতীয় সংগীতের সময় থেকেই পুরো দল উপলব্ধি করেছিল ম্যাচটির গুরুত্ব।"
তিনি আরও যোগ করেছেন, "অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা ছিল। জাতীয় সংগীতের মুহূর্তে আমরা বিশেষ অনুভূতি পেয়েছি। পুরো দল বুঝেছিল, এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো আর্জেন্টিনা এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ করে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছি।"
তিনি ম্যাচে পিছিয়ে পড়ার পরও দলের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন।
মেসি বলেন, "পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। ম্যাচ কঠিন হয়ে যাওয়ার পরও আমরা বিশ্বাস হারাইনি। নিজেদের খেলায় ফিরেছি, বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।"
বিশ্বকাপ শুরুর আগেই দলের সামর্থ্য নিয়ে নিজের বিশ্বাসের কথাও তুলে ধরেছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তিনি বলেন, "আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনাল, এটা সত্যিই অসাধারণ অর্জন।"
সমালোচকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন মেসি। তার মতে, "কয়েকজন ফুটবলার পুরোপুরি ফিট না থাকলেও দল হিসেবে আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিতে সক্ষম।"
তিনি আরও বলেন, "এই দল আমাকে অবাক করে না। অনেকের সন্দেহ ছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আমরা একসঙ্গে থাকলে সবসময় নিজেদের সেরাটা দিতে পারি।"
রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানিয়ে মেসি বলেন, "ফাইনাল হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।"
মেসি জানান, "স্পেন দুর্দান্ত একটি দল। তাদের খেলার ধরন বহু বছর ধরে একই রকম। বিশ্বকাপের ফাইনাল সবসময়ই বিশেষ এবং আমি মনে করি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।"
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মেসি বলেন, "এই ম্যাচে হারার কোনো সুযোগ ছিল না।"
তিনি বলেন, "এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা হারতে পারতাম না। যদি হেরে যেতাম, অনেকেই নানা বোকামিপূর্ণ কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ সবকিছুই কাজ করে।"
এখন বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার সামনে শেষ বাধা স্পেন। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটি এবার সেই স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ