ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুলাউড়ায় ২০১৮ সালের সহিংসতার ঘটনায় এম এম শাহীনসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা


কুলাউড়ায় ২০১৮ সালের সহিংসতার ঘটনায় এম এম শাহীনসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে এম এম শাহীনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে কুলাউড়া থানায় মামলাটি রুজু হয়। মামলার বাদী মঈনুল হক বকুল (৫৫)। এজাহারে প্রধান অভিযুক্ত হিসেবে এম এম শাহীন (৬৫), পিতা আব্দুর রব, ঠিকানা উত্তরবাজার, কুলাউড়া, মৌলভীবাজারের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর,) মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ওই সময় সংঘবদ্ধভাবে নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহারের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলেও অভিযোগ করেন বাদী।
‎
‎এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪২৭, ৪৩৬, ৩৮০ ও ১০৯ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
‎
‎এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, “এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
‎
‎ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমের কঠোর সাজা, ইরানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমের কঠোর সাজা, ইরানের নিন্দা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাহরাইনে ৬৪ জন শিয়া মুসলিমকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার ঘটনায় ইরান তীব্র নিন্দা প্রকাশ করেছে।

মঙ্গলবার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। একইসঙ্গে, দণ্ডপ্রাপ্তদের সঙ্গে তেহরানের সম্পর্ক থাকার অভিযোগকে তারা প্রত্যাখ্যান করে এবং সাজাগুলোকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করে।

একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মিথ্যা অজুহাতে দেওয়া এসব নিষ্ঠুর সাজাকে তারা মানবাধিকারের পরিকল্পিত ও ব্যাপক লঙ্ঘন বলে মনে করে।’

এ খবর তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাঁতী দলের মহানগর সভাপতি তাজুল ইসলাম আজীবন বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


তাঁতী দলের মহানগর সভাপতি তাজুল ইসলাম আজীবন বহিষ্কার

জাতীয়তাবাদী তাঁতী দলের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবন বহিষ্কার করা হয়েছে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে। একই সঙ্গে, তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের জন্য মো. তাজুল ইসলাম ব্যাপারীকে তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

নেতাকর্মীদের তাজুলের সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যদি মো. তাজুল ইসলাম ব্যাপারীর সঙ্গে সাংগঠনিকভাবে কোনো প্রকার যোগাযোগ রাখে, তাহলে নির্দেশক্রমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সানাম তেরি কাসাম ২’-এর আবদার, নায়ককে বিলাসবহুল গাড়ি উপহার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


‘সানাম তেরি কাসাম ২’-এর আবদার, নায়ককে বিলাসবহুল গাড়ি উপহার

বলিউডে হর্ষবর্ধন রানে খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সানাম তেরি কাসাম’ তাকে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়। ছবিটি শুরুতে বক্স অফিসে তেমন সাড়া না পেলেও, সময়ের সঙ্গে এটি একটি আলাদা দর্শকগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়। ২০২৫ সালে প্রেক্ষাগৃহে পুনর্মুক্তির পর ছবিটি অভাবনীয় সাফল্য অর্জন করে। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে, ছবির প্রযোজক দীপক মুকুট এবার হর্ষবর্ধনকে সাড়ে ৩ কোটি রুপির বেশি দামের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। উপহার পেয়ে অভিনেতার আবদার, এবার ছবিটির দ্বিতীয় কিস্তি তৈরি হোক।

‘সানাম তেরি কাসাম’ ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন রাধিকা রাও ও বিনয় সাপ্রু। এতে হর্ষবর্ধন রানে অভিনয় করেন ইন্দার চরিত্রে, এবং সারুর ভূমিকায় ছিলেন মাওরা হোসেন। প্রেম ও বিচ্ছেদের আবেগঘন গল্পের ছবিটি মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। ভারতে ছবিটির প্রাথমিক আয় ছিল প্রায় ৮ কোটি রুপি।

তবে প্রেক্ষাগৃহের ব্যর্থতা ছবিটির জনপ্রিয়তায় স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। পরবর্তী সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পর দর্শকদের মধ্যে নতুন করে পরিচিতি পায় ছবিটি। বিশেষ করে এর গল্প, গান ও দুই প্রধান চরিত্রের রসায়ন দর্শকের মনে জায়গা করে নেয়। ধীরে ধীরে ছবিটি হয়ে ওঠে কাল্ট সিনেমা।

২০২৫ সালে ছবিটির পুনর্মুক্তির সময় সেই জনপ্রিয়তার প্রভাব দেখা যায়। ওই বছরের ৭ ফেব্রুয়ারি আবারও প্রেক্ষাগৃহে আসে ‘সানাম তেরি কাসাম’। এবার দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। পুনর্মুক্তির প্রথম দিনেই ভারতে ছবিটির আয় হয় প্রায় ৪ কোটি ২৫ লাখ রুপি। শেষ পর্যন্ত দেশটিতে ছবিটির মোট আয় ৪২ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ৫৪ কোটি রুপি।

ছবিটির এই সাফল্যে খুশি হয়ে হর্ষবর্ধনকে বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযোজক দীপক মুকুট। সম্প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। অভিনেতাকে উপহার দিয়েছেন ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা মডেলের একটি গাড়ি। ভারতে গাড়িটির দাম ৩ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়ে যায় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িটির ছবি প্রকাশ করে দীপক মুকুট হর্ষবর্ধনের প্রতি কৃতজ্ঞতা জানান। ছবিটির পাশে থাকার জন্য অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ীই এই উপহার দিয়েছেন। প্রযোজকের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হর্ষবর্ধনও।

তবে উপহার পাওয়ার পর অভিনেতার পক্ষ থেকে এসেছে আরেকটি চাওয়া। প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হর্ষবর্ধন ‘সানাম তেরি কাসাম ২’ নির্মাণের অনুমতি চেয়েছেন। আগামী মাসে নিজের জন্মদিনে ভক্তদের নিয়ে প্রযোজকের অফিসে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সিক্যুয়েলের চিত্রনাট্য ও পরিচালক নির্বাচনের দায়িত্ব প্রযোজকের ওপরই ছেড়ে দিয়েছেন অভিনেতা।

অর্থাৎ গাড়ি উপহার পাওয়ার আনন্দের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ‘সানাম তেরি কাসাম’-এর সিক্যুয়েল। ছবিটির ভক্তদের জন্য এটি দীর্ঘদিনের প্রত্যাশা, আবারও বড় পর্দায় ফিরুক ইন্দার ও সারুর গল্প। তবে দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজৈরে অভিনব কায়দায় প্রবাসীর বাড়িতে ৭০ লাখ টাকার মালামাল চুরি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


রাজৈরে অভিনব কায়দায় প্রবাসীর বাড়িতে ৭০ লাখ টাকার মালামাল চুরি

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়িতে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বসতঘরের টিন কেটে বিশেষ কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে চোরচক্র। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার পর থেকে গভীর রাতের কোনো একসময় রাজৈর উপজেলার ইউসুবপুর ইউনিয়নের সুবন্ধি ধরাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী নূর আলম ফকির রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী নূর আলম ফকির (৩৮) ওই গ্রামের মৃত আব্দুল মান্নান ফকিরের ছেলে। তিনি দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফেরেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে নূর আলম ফকির, তাঁর স্ত্রী রোমেচা আক্তার, শ্যালিকা শাহিদা বেগম, শ্যালিকার দুই সন্তান ও তাঁদের নিজেদের এক সন্তানসহ মোট ছয়জন ছিলেন। রাতের কোনো একসময় চোরেরা ঘরের দরজার পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিশেষ কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে আলমারি থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩০ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা, ২০০ সিঙ্গাপুর ডলার ও ৩২৩ মালয়েশিয়ান রিঙ্গিত। সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে দাবি পরিবারের।

পরিবারের সদস্যদের ধারণা, চোরেরা ঘরে প্রবেশের আগে টিন কেটে একটি লোহার পাইপের মাধ্যমে কোনো ধরনের স্প্রে করে তাঁদের অচেতন করে থাকতে পারে। কারণ, ঘটনার রাতে পরিবারের সবাই গভীর ঘুমে ছিলেন। চুরির পরদিন তাঁদের প্রত্যেকের শরীরে অসুস্থতা ও অতিরিক্ত ঘুমের প্রবণতা দেখা দেয়। তবে অচেতন করার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী নূর আলম ফকির বলেন, “ছেলের জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে এসেছিলাম। এ সময় আত্মীয়স্বজনও বাড়িতে ছিলেন। ঘটনার রাতে হঠাৎ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। আমাদের মনে হয়েছে, কেউ হয়তো চেতনানাশক কিছু ব্যবহার করেছে। দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় পরিশ্রম করে যা কিছু সঞ্চয় করেছি, তা এভাবে হারিয়ে আমরা দিশেহারা। দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।”

নূর আলমের স্ত্রী রোমেচা আক্তার বলেন, “ঘটনার রাতে আমরা ছয়জন ঘরে ছিলাম। কিন্তু কেউ কোনো শব্দ বা নড়াচড়া টের পাইনি। সকালে উঠে চুরির বিষয়টি বুঝতে পারি। আমরা চাই, পুলিশ দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।”

এ ছাড়া নূর আলমের শ্যালিকা শাহিদা বেগম ও বড় ভাই সাইদুল ফকিরও এ ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরচক্রকে শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রবাসীর পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের শনাক্তের বিষয়ে তাঁরা এখনো আশানুরূপ অগ্রগতি পাননি। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%